আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র: হযরত হাসান বছরী (রহ.)-এর সংক্ষিপ্ত জীবনী
২১ হিজরিতে মদিনায় জন্মগ্রহণকারী হাসান বছরী(রহ.) শৈশবেই হযরত উম্মে সালমা (রা.)-সহ বহু সাহাবির সান্নিধ্যে জ্ঞান অর্জন করেন। বসরায় বসবাস শুরু করে তিনি কোরআন, হাদিস, ফিকহ ও আধ্যাত্মিকতার এক বিশাল শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন। তিনি তাঁর অগাধ পাণ্ডিত্য, খোদাভীতি এবং অত্যাচারী শাসকদের সামনে নির্ভীক সত্য ভাষণের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। ১১০ হিজরিতে এই মহান সাধক বসরায় ইন্তেকাল করেন।

পরিচয়ঃ হযরত হাসান বছরী (রহঃ) "পবিত্র মদীনা ভূমিতে জন্মগ্রহণ করেন। তিনি বা আমল আলেম এবং অত্যন্ত ধর্মভীরু পরহেজগার ছিলেন। পুংখানুপুংখরূপে তিনি রাসূল (দঃ)-এর তরীকার অনুসারী এবং আল্লাহর ভয়ে সদাভীত ব্যক্তি ছিলেন। তাঁর জননী ছিলেন উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমার (রাঃ) একজন প্রিয় পরিচারিকা। যখন তিনি অত্যধিক কর্মব্যস্ত থাকতেন তখন শিশু হাসান ক্ষুধায় ক্রন্দন শুরু করলে উম্মুল মু'মিনীন হযরত সালমা নিজের স্তন তাঁর মুখে পুরে দিতেন, সেই স্তন্য পান করে শিশু হাসান শান্ত হতেন। এমন কথিত আছে যে, উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাঃ)-ও কখনও কখনও আদর করে শিশু হাসানকে ক্রোড়ে তুলে নিতেন এবং নিঃসন্তান থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে তাঁর স্তন হতে দুধ নির্গত হত। হাসান তা তৃপ্তি সহকারে পান করে নিজের সৌভাগ্যের শুভ সূচনা করে নিয়েছিলেন। এ ছিল আল্লাহর তরফ থেকে এক শুভ ইশারা ও হাসানের জন্য কল্যাণকর ব্যবস্থা।

বাল্য সৌভাগ্যঃ হযরত হাসান বছরীর (রহঃ) বাল্য সৌভাগ্যের অন্ত ছিল না। দু'জন নবী মহিষীর (রাঃ) বুকের দুগ্ধ পান করার ভাগ্য লাভ করা সাধারণ কথা নয়। তা ছাড়া একদিন হযরত উম্মে সালমার গৃহে হযরত রাসূলে করীম (দঃ)-এর পানির পেয়ালা থেকে শিশু হাসান বছরী পানি পান করে ফেললেন। কিছুক্ষণ পরে রাসূলে করীম (দঃ) পানি পান করতে গিয়ে পেয়ালায় পানি কম দেখে জিজ্ঞাসা করলেন যে, পানি কে পান করেছে? হযরত উম্মে সালমা (রাঃ) বললেন, হাসান পান করেছে।তখন নবীজী (দঃ) ইরশাদ করলেন, যে আমার পানির পাত্র থেকে যে পরিমাণ পানি পান করেছে, আল্লাহ তাকে সেই পরিমাণ দ্বীনের জ্ঞান দান করবেন। এক হাদীসে বর্ণিত আছে, একদা হযরত রাসূলে করীম (দঃ) হযরত উম্মে সালমার (রাঃ) গৃহে প্রবেশ করলে তিনি হাসানকে স্বীয় কোল থেকে রাসূলুল্লাহর (দঃ) কোলে উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ (দঃ) তাঁকে স্বীয় ক্রোড়ে গ্রহণ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। বলা বাহুল্য আল্লাহর দরবারে হযরত রাসূলে করীম (দঃ)-এর দোয়াই হযরত হাসান বছরীর (রহঃ) জীবনে চরম সফলতা ডেকে এনেছিল।

হাসান নামকরণের ঘটনাঃ কথিত আছে যে, হাসান ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে হযরত ওমর (রাঃ)-এর কাছে কেউ কোলে করে নিয়ে গেলে ফুটফুটে শিশুটিকে দেখে তিনি বললেন, ভারি সুন্দর চেহারা তো! এর নাম যেন চেহারার সাথে মিল করে হাসান (সুন্দর) রাখা হয়। সেদিন থেকে শিশুটি ঐ হাসান নামেই পরিচিত হয়ে গেল।

সফলতার অন্য কারণ: হাসান হযরত উম্মে সালমা (রাঃ)-এর দাসীর সন্তান হলেও তিনি তাঁকে নিজ সন্তান তুল্য স্নেহ করতেন এবং সদা-সর্বদা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আল্লাহর দরবারে দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে তাঁর জন্য এইরূপ ফরিয়াদ জানাতেন, ওহে মাবুদ। তুমি হাসানকে মুসলিম মিল্লাতের ইমাম বানিয়ে দিও আর তারা যেন সন্মানের সাথে তাঁর অনুসরণ করে।হযরত হাসান বছরী (রহঃ) অন্ততঃ একশত বিশজন বোজর্গ সাহাবায়ে কেরামের সাহচর্য লাভ করেছিলেন। তা ছাড়া হযরত আলীর (রাঃ) তনয় হযরত ইমাম হাসান (রাঃ)-এর কাছে তিনি এলমে দ্বীনের বিভিন্ন শাখায় জ্ঞানার্জন করেছিলেন। এলমে মারেফাতের দীক্ষাও লাভ করেন তিনি তাঁরই কাছ থেকে। অবশ্য তোহফা নামক গ্রন্থের রচয়িতা উল্লেখ করেছেন যে, হযরত হাসান বছরী (রহঃ) এলমে বাতেনের দীক্ষা গ্রহণ করেছিলেন খোদ শেরে খোদা হযরত আলীর (রাঃ) নিকট হতে এবং তিনি হযরত আলীর (রাঃ)-ই একজন বিশিষ্ট শিষ্য ছিলেন।মানসিক পরিবর্তন সূচনার ঘটনা: প্রথম যৌবনে হযরত হাসান বছরী (রহঃ) মণি-মুক্তার ব্যবসা অবলম্বন করেছিলেন। ব্যবসা উপলক্ষে তিনি বিভিন্ন রাজ্যে যাতায়াত করতেন। একবার তিনি রোম নগরে গমন করলে রোমের প্রধান উজীরের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় এবং ক্রমে ক্রমে তা গভীর বন্ধুত্বে পরিণত হয়েছিল।একবার রোম নগরে পৌঁছেই তিনি বন্ধু উজীরের সাথে দেখা করলেন। উজীর তখন সেজেগুজে কোথায় যাওয়ার জন্য তৈরী হয়েছিলেন। এ সময় হঠাৎ বন্ধু হাসান (রহঃ)-এর উপস্থিতিতে তিনি খুশীই হলেন এবং তাঁকে বললেন, আপনার শুভাগমন খুব ভাল সময় হয়েছে। আমার সাথে চলুন একটি অনুষ্ঠান দেখে আসবেন। হাসান (রহঃ) বন্ধুর সাথে ঘোড়ায় চড়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য রওয়ানা হলেন।গন্তব্য স্থলে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন, এক প্রান্তর সীমায় স্বর্ণ ও মণিমানিক্য খচিত রেশমী কাপড়ের একটি অনুপম তাঁবু স্থাপিত রয়েছে সেখানে। এটার চারদিকে ঘুরে ঘুরে একদল সুসজ্জিত সৈন্য তাদের ভাষায় কি যেন বলতে লাগল। তারপর তারা বিদায় হয়ে গেল। এরপর ঐ দেশের একদল বিজ্ঞ আলেম-ফাজেল এবং গণ্য-মান্য লোক উপস্থিত হয়ে ঐ তাঁবুর চারদিক প্রদক্ষিণ করে তারাও কি যেন বলে বিদায় নিলেন। তারপর উপস্থিত হল একদল রূপসী মহিলা মাথায় করে মণি-মাণিক্য ভর্তি স্বর্ণের থালা নিয়ে। তারাও উক্ত তাঁবুর চারদিকে ঘুরল এবং নিজেদের ভাষায় কি যেন বলল। অবশেষে তারাও বিদায় হয়ে গেল। সর্বশেষে আগমন করলেন স্বয়ং রোম সম্রাট ও তাঁর বেগম সাহেবা। তাঁদের সঙ্গে এবার উজীরও গিয়ে যোগদান করলেন! তাঁরা তাঁবুর মধ্যে ঢুকে কিছুক্ষণ অবস্থান করে সিক্ত নয়নে বের হয়ে এলেন।

হযরত হাসান (রহঃ) এ ঘটনা অবলোকন করে অবাক হলেন কিন্তু তাদের ভাষা না জানার কারণে তারা কি বললেন এবং এভাবে এখানে কেন এলেন এবং আবার এভাবে চলেই বা গেলেন কেন, কিছুই বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর উজীর তাঁর নিকটে এলে তিনি তার কাছে এর মর্ম অবগত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন।উজীর তখন স্বীয় বন্ধুর কাছে এর মার্মোদঘাটনে প্রবৃত্ত হলেন। তিনি বললেন, আমাদের সম্রাটের এক পুত্র ছিলেন। সম্রাট তাঁকে ভাল বাসতেন। হঠাৎ সেই সম্রাট-তনয় এক কঠিন রোগে আক্রান্ত হলেন, বহু চিকিৎসক দ্বারা তাঁর চিকিৎসা করানো হল। তারা তাঁর রোগারোগ্য করার জন্য চেষ্টা বাকী রাখল না। কিন্তু চেষ্টা বিফল হল। রাজপুত্র মৃত্যুবরণ করলেন। উক্ত রাজকুমারকে এখানে সমাধিস্থ করে তাঁর কবরের উপরে এই সুরম্য তাঁবুটি নির্মাণ করা হয়েছে।রাজপুত্রের শোক স্মৃতি জীবন্ত রাখার জন্য প্রতি বছর এইরূপ অনুষ্ঠান করা হয়। আজ এ বছরকার 'সেই অনুষ্ঠানের দিন।

হযরত হাসান বছরী (রহঃ) বন্ধুর কাছে জিজ্ঞেস করলেন, তবে বিভিন্ন শ্রেণীর লোক এবং স্বয়ং রাজা ও বেগম আলাদা আলাদাভাবে এসে এখানে কি বলে গেলেন তা তো বুঝতে পারলাম না।
উজীর বললেন, তাও বলছি শুনুন, প্রথমে যে সেনাদলকে দেখতে পেলেন, তারা বলে গেল, হে রাজকুমার। আপনার যে অবস্থা ঘটেছে, আমাদের বাহু বল ও অস্ত্রবল দ্বারা যদি তা প্রতিরোধ করা সম্ভব হত তা হলে আমরা মরণ-পণ চেষ্টা করে আপনাকে রক্ষা করতাম, কিছুতেই আপনাকে এ অবস্থার শিকার হতে দিতাম না। কিন্তু যাঁর নির্দেশ ও ইঙ্গিতে এই অবস্থা ঘটেছে তাঁর বিরুদ্ধে যে ব্যর্থ ও বিফল। যুদ্ধ করাই চলে না, তিনি এমনই শক্তির অধিকারী যে কোন যোদ্ধা ও বীরের বাহাদুরী তাঁর কাছে ব্যর্থ ও বিফল। তারপর বিদ্বান ও জ্ঞানী-গুণীবৃন্দ এসে বলে গেলেন যে, ওহে রাজপুত্র। আমরা আপনার জন্য দুঃখিত কিন্তু কি করতে পারি বলুন। আমাদের বিদ্যা ও জ্ঞান-বুদ্ধি যদি আপনাকে রক্ষা করার কাজে লাগত তা হলে আমরা সেজন্য চেষ্টার কোনরূপ কসুর করতাম না। কিন্তু কোন বিদ্যা, কোন জ্ঞান-বুদ্ধি এ ক্ষেত্রে কার্যকরী নয়, কোন বিদ্যা-বুদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতাই এই অবস্থাকে ঠেকাতে সমর্থ নয়। এই কথা বলে তারা চলে গেল।

এদের পরে মহিলাবৃন্দ এসে বলল, ওহে যুবরাজ! আপনার বিচ্ছেদ আমাদের অসহ্য, আমরা আপনাকে হারিয়ে অশ্রু বিসর্জন করছি কিন্তু কি করব বলুন! যদি আমাদের এই সৌন্দর্য ও লাবণ্য আপনাকে রক্ষার কাজ দিত তা হলে কোনক্রমেই পশ্চাৎপদ হতাম না। কিন্তু আপনার এই ঘটনার মূল নায়ক যিনি, তাঁর কাছে আমাদের কোন মূল্য নেই। তাই আমরা আপনার জন্য আর কিছুই করতে পারছি না।সর্বশেষে সম্রাট নিজে এসে প্রিয় মৃত পুত্রকে বলতে লাগল, ওহে প্রাণাধিক পুত্র! বল, তোমার পিতার কি সামর্থ্য আছে? আমার অধীনে সৈন্য-সামন্ত, জ্ঞানী-বিদ্বান প্রভৃতি সব ধরনেরই লোক আছে তারা সবাই তোমার হিতাকাংখী এবং তোমার দীর্ঘ জীবন কামী ছিল। কিন্তু তোমার জীবন রক্ষার ব্যাপারে সবাই অক্ষম। আমি আজ সবাকে তোমার সকাশে হাজির করেছি, তারা নিজ নিজ অক্ষমতার কথা তোমার নিকট পেশ করে গেল। আমি আমার নিজের কথা তোমার নিকট কি প্রকাশ করব! পুত্র স্নেহের কথা যার পুত্র রয়েছে সে ছাড়া অপরে বুঝবে না। আমি আমার সৈন্য বল, জনবল, অর্থবল, জ্ঞান ও বুদ্ধিবল বা যে কোন শক্তি ও ক্ষমতার দ্বারা তোমাকে ক্রোড়ে রাখতে পারতাম তা হলে আমি পিছু হটতাম না এ রাজ্য সম্পদ বিসর্জন দিয়েও যদি তোমাকে রক্ষা করতে পারতাম তাতেও ত্রুটি করতাম না। কিন্তু যিনি ঘটনার মালিক, তাঁর কাছে তোমার পিতা, এমন কি দুনিয়ার যে কোন সম্রাট, বীর, যোদ্ধা, একান্ত দুর্বল ও অক্ষম। তাই হে আমার স্নেহের পুত্র কলিজার টুকরা! আমি তোমার রক্ষার ব্যাপারে কিছুই করতে পারলাম না।
উজীরের মুখে ঘটনার বিবরণ আদ্যন্ত শ্রবণ করে হযরত হাসান বছরীর (রহঃ) মনে দারুণ ভাবান্তর সৃষ্টি হল। পার্থিব জীবন তাঁর অসার মনে হল। ব্যবসা-বাণিজ্যের প্রতি তাঁর আর আকর্ষণ থাকল না। তিনি তা ছেড়ে দিয়ে সহসা বছরা গমন করলেন এবং তখন তিনি এই প্রতিজ্ঞ করলেন, আর কোন দিন তিনি সংসারের মায়ায় আবদ্ধ হবেন না। বছরা নগরীতে গমন করে তিি গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এবং তখন থেকে শুরু হল তাঁর জীবনের অকল্পনীয় সাধন ও নফসের বিরুদ্ধে সীমাহীন সংগ্রাম। সে যুগে তাঁর ন্যায় সাধক আর কেউ ছিলেন না।

সাধনার পরিচয়ঃ শুনা যায়, একাধারে সত্তর বছর তিনি অজুর সহিত ছিলেন। মাঝে মানে অজু ছুটে গেলে তিনি সঙ্গে সঙ্গে অজু করে নিতেন। একদা কোন এক ব্যক্তি জনৈক বোযর্গ ব্যক্তি কাছে জিজ্ঞেস করল, হুজুর! হাসান বছরী (রহঃ) কিভাবে এত যোগ্যতা ও মর্যাদা লাভ করলেন তিনি জবাব দিলেন, সকল লোকই তাঁর জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু তিনি শুধু আল্লাহ ব্যতীত অ কারও মুখাপেক্ষী নন। এই কারণেই তিনি আমাদের সকলের শীর্ষস্থানীয়।

হযরত রাবেয়া বছরীর (রহঃ) গুরুত্ব: প্রতি শুক্রবার দিন জুমআর নামাযের বাদে ওয়াজ-নসীহত করতেন। মজলিসে হযরত রাবেয়া বছরী উপস্থিত থাকলে তিনি খুব খুশী হতেন শুনা যায়, রাবেয়া বছরী মজলিসে অনুপস্থিত থাকলে তিনি বক্তৃতা করা হতে বিরত থাকতেন একদা জনৈক শ্রোতা তাঁকে বললেন, হুজুর! জলসায় তো অনেক সম্মানিত ও বোযর্গ ব্যক্তি আপন ওয়াজ শুনার জন্য উপস্থিত রয়েছেন, জনৈকা বৃদ্ধ মহিলা উপস্থিত নাই বলে কি এমন হয়েছে।

জবাবে হযরত হাসান বছরী (রহঃ) বললেন, দেখ! যে শরবত হাতীর পানের উপযোগী পিপীলিকার পান পাত্রে আমি কিভাবে ঢেলে দেব?

কখনও কখনও ওয়াজের মধ্যে তাঁর অত্যধিক জোশ এসে যেত। তখন তিনি সভায় উপস্থিত হযরত রাবেয়া (রহঃ)-কে লক্ষ্য করে বলতেন, রাবেয়া। জান তুমি, আমার ভিতরকার এই আন্তরিক জোশ কোথা থেকে এসেছে? এটা তোমারই অন্তর থেকে সৃষ্টি হয়েছে।

শিক্ষণীয় জবাবসমূহ: একদা এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, হুজুর! আপনার ওয়াজের মাহফিলে বেশী লোক জমায়েত হলে কি আপনি বেশী খুশী হন? তিনি জবাব দিলেন, না, লোক বেশী হলেই আমি খুশী হই না। বরং যদি একটি মাত্র আশেকে ইলাহী বিদগ্ধ লোক আসে তাতেই আমি আনন্দ লাভ করি।

একদিন তাঁকে এক লোক জিজ্ঞেস করল, ইসলাম কিরূপ এবং মুসলমান কে?

তিনি বললেন, ইসলাম কিতাবে রয়েছে এবং মুসলমান চলে গেছে কবরের ভিতরে। একবার তাঁকে জিজ্ঞেস করা হল, ধর্মের মূল বস্তু কি? তিনি বললেন, পরহেজগারী। কিন্তু লালসা মানুষের পরহেজগারীকে বিনষ্ট করে ফেলে।
তাঁকে আবার জিজ্ঞেস করা হল, হুজুর! আদন বেহেশত কিরূপ এবং তাতে প্রবেশ করবে কারা? তিনি জবাব দিলেন, উহা স্বর্ণ নির্মিত এক আলীশান ইমারত। সে ইমারতে হযরত রাসূলে কারীম (দঃ) ব্যতীত অন্যান্য নবী-রাসূল, সত্যবাদী, শহীদ এবং ন্যায় পরায়ণ-- সুবিচারক বাদশাহগণ প্রবেশ করবেন।

তাঁর কাছে আবার জিজ্ঞেস করা হল, হুজুর! কোন মানসিক ব্যাধিগ্রস্ত চিকিৎসক অপরের রোগ চিকিৎসা করতে পারে কি?

তিনি বললেন, প্রথম নিজের রোগ চিকিৎসার দ্বারা আরোগ্য লাভ করার পূর্বে নয়। কেননা, সে নিজেই ব্যাধিগ্রস্ত, সে অন্যের চিকিৎসা কিভাবে করবে? যে নিজে পথ ভুলা সে অন্যকে পথ দেখাবে কেমন করে?

একদা তিনি সমবেত লোকদেরকে বললেন, তোমরা আমার সদুপদেশগুলো শুন, উপকার হবে, কিন্তু আমার মধ্যে আমলের অভাব থাক, তাতে তোমাদের কি যায় আসে? লোকগণ বলল, হুজুর! আমাদের অন্তরগুলো একেবারে নিদ্রিত। তাই আপনার কথা আমাদের মনে ঢুকছে না, কি করব, বলুন!

তিনি বললেন, না, নিদ্রিত নয় বরং একেবারে মৃত। নিদ্রিতকে ধাক্কা দিলে তো সে জেগে উঠে, কিন্তু মৃতকে ধাক্কা দান করা বৃথা, সে আর জাগে না।একবার কতিপয় লোক তাঁকে বলল, হুজুর! কিছু কিছু লোক আপনার ওয়াজ ও নসীহত এই উদ্দেশ্যে শোনে যে, তার মধ্যে ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায় কি না!
তিনি বললেন, দেখ, আমি শুধু আল্লাহর সান্নিধ্য ও বেহেশত কামনা করি, কিন্তু মানুষের কাছ থেকে নিরাপত্তা আমার কাম্য নয়। কেননা যখন স্বয়ং আল্লাহ তায়ালাও তাদের রসনার হামলা থেকে মুক্তি লাভ করেন নি, তখন আমি কে যে, তাদের সমালোচনা থেকে রেহাই পাওয়ার আশা করতে পারি?

একবার কিছু লোক তাঁকে বললেন, কেহ এরূপ ধারণা করে যে, নিজে একেবারে নিখুঁৎ হওয়ার পর অপরকে উপদেশ দান করা উচিত, তার আগে নয়।এ কথার জবাবে হযরত হাসান (রহঃ) বললেন, শয়তানও ঐরূপ আশা করে যে, ন্যায় কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধের দরজা বন্ধ হয়ে যাক।একবার কতিপয় লোক তাঁকে জিজ্ঞেস করল, হুযুর! কোন মুমিন মুসলমানের জন্য অপরের সাথে শত্রুতা পোষণ করা কি জায়েয?তিনি বললেন, শত্রুতা ও বিদ্বেষ পোষণে কি অপকার ঘটে তোমরা হযরত ইউসুফ (আঃ)-এর ভাতাদের বিদ্বেষমূলক ঘটনার মাধ্যমেই তা বুঝতে পার।

হাসান বছরীর (রহঃ) সৎ সাহস ও বৈশিষ্ট্য: একদা হাসান বছরী (রহঃ) এক মাহফিলে
ওয়াজ করছিলেন, ঠিক এমনি সময়ে হাজ্জাজ ইবনে ইউসুফ একদল সেনাসহ মুক্ত তরবারি হস্তে সেদিকে ধেয়ে আসছিলেন। জনৈক শ্রোতা তখন অপর শ্রোতার কাছে নিম্নস্বরে বলল, আজ হাসান (রহঃ)-এর পরীক্ষা হয়ে যাবে, দেখা যাবে তিনি ওয়াজ থামিয়ে হাজ্জাজের সম্মানে নীরব হয়ে যান কিনা।একটু পরেই হাজ্জাজ সভাস্থলে প্রবেশ করে এক পাশে বসে পড়লেন। কিন্তু হাসান (রহঃ) সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়াজেই লিপ্ত থাকলেন। ওয়াজ শেষ হলে হাজ্জাজ উঠে তাঁর হস্ত চুম্বন করে বললেন, যদি কারও সত্যিকার অলী দেখবার থাকে, তবে সে যেন হাসান (রহঃ)-কে দেখে যায়।

একবার কোন বিশেষ কারণ বশতঃ হযরত আলী (রাঃ) আদেশ করলেন যে, ওয়াজের মঞ্চগুলো সব ভেঙ্গে ফেলা হোক এবং বক্তাগণকে যেন যা-তা বক্তৃতা দিতে নিষেধ করা হয়। কথিত আছে, হাসান বছরী (রহঃ) অনবরত বক্তৃতা করেই চলছেন। একদা হযরত আলী (রাঃ) সাধারণ বেশে হাসান বছরীর এক ওয়াজের মাহফিলে যোগদান করলেন। হাসান বছরী (রহঃ) বক্তৃতায় লিপ্ত ছিলেন, তদবস্থায়ই হযরত আলী (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, আপনি আলেম না শিক্ষক?
তিনি বললেন, আমি কোন আলেম ব্যক্তি নই, তবে হযরত রাসূলে করীম (দঃ)-এর যে সকল হাদীস আমার নিকট পৌঁছেছে আমি তাই পুনরুক্তি করছি মাত্র। একথা শুনে তিনি তাঁকে ওয়াজ করতে নিষেধ করলেন না; বরং বললেন যে, এই যুবকটির সততা রয়েছে এবং সে সুবক্তাও বটে। এ কথা বলে তিনি মজলিস ত্যাগ করলেন। হাসান বছরী (রহঃ) জানতে পেলেন, যে লোকটি চলে গেলেন তিনি হযরত আলী (রাঃ)। তখন তিনি তাড়াতাড়ি ওয়াজের মঞ্চ থেকে নেমে হযরত আলীর (কাঃ) খোঁজে বের হলেন। কতদূর গিয়ে তাকে পেয়ে সবিনয়ে আরজ করলেন, হুযুর! আমাকে আল্লাহর ওয়াস্তে অজুর তারতীব শিক্ষা দিন। হযরত আলী (রাঃ) তখন তাঁকে পানি আনতে বললেন। পানি আনা হলে তিনি হাসান বছরী (রহঃ)-কে অজুর তারতীব শিখালেন।

রিয়া ধ্বংসের উসিলা: হাসান বছরী (রহঃ) জনৈক লোককে দেখলেন, সে কারও মুখে কোরআনের আয়াত তেলাওয়াত শুনলেই বেহুঁশ হয়ে পড়ত এবং তার মুখ থেকে আওয়াজ বের হতে থাকত। হাসান বছরী (রহঃ) লোকটিকে বললেন, তুমি এসব বর্জন কর। কেননা, এসব তোমার রিয়া বলে মনে হয়। যদি কারও মনে ভাব-বিহ্বলতা আপনা থেকে না আসে, বরং সে ইচ্ছাপূর্বক ভাব-বিহ্বলতার ভান করে তাহলে তা তার জন্য গুনাহর কারণ হবে। আর কারো কোন কথা শুনে ইচ্ছা করে কেহ কান্নার ভান করলে তবে তা শয়তানের কান্না বলতে হবে।নিজকে নিজে হেয় মনে করাঃ বছরায় একবার অনাবৃষ্টির কারণে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। দেশের হাজার হাজার লোক এসে তাঁকে ময়দানে গিয়ে এস্তেস্কা নামায পড়ে বৃষ্টির জন্য দোয়া করার আবেদন জানাল। জবাবে তিনি বললেন, যদি তোমরা বছরায় বৃষ্টির আশা কর তাহলে আমাকে এই নগরী থেকে দূর করে দাও।বস্তুতঃ তিনি নিজেকে এমন অপরাধী ও আল্লাহর এক গুনাহগার বান্দা বলে মনে করতেন। তাকে দেখলে মনে হত যে, তিনি প্রাণদণ্ড প্রাপ্ত আসামী। তাঁর বদনে কেউ কোনদিন হাসির চিহ্ন দেখেনি। সদা-সর্বদা আল্লাহর ভয়ে তিনি বিমলিন বদনে কাল যাপন করতেন।

পারলৌকিক ভীতি: একদা রাত্রে তিনি স্বগৃহে বসে অঝোরে ক্রন্দন করতে লাগলেন। তখন লোকজন এসে তাঁকে জিজ্ঞেস করল, হুযুর! আপনার বোযগী থাকা সত্ত্বেও আপনি এত বেশী কাঁদেন কেন? তিনি বললেন, যদি না জানা সত্ত্বেও আমি এমন কোন কাজ করে থাকি যা আল্লাহর কাছে অপছন্দীয়। কাল কিয়ামতে সেই কাজের জন্য যদি আল্লাহ্ আমাকে বলেন, হে হাসান! আমার দরবারে তোমার কোন স্থান নেই, তোমার কোন ইবাদতই কবুল হবার যোগ্য নয়, তখন আমার কি অবস্থা হবে, সে কথা ভেবেই আমি ক্রন্দন করছি।আর একদিন হযরত হাসান বছরী (রহঃ) একটি লোককে ক্রন্দন করতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য ক্রন্দন করছ? লোকটি জবাব দিল, দেখুন আমি মুহাম্মদ ইবনে কা'রের (রহঃ) দরবারে গমন করেছিলাম। তিনি বললেন, মুমিনদের মধ্যে অনেক লোককে কিছু কাল দোজখের সাজা ভোগ করতে হবে। এ কথা শুনা অবধি আমার মনে ত্রাসের সৃষ্টি হয়েছে, তাই আমি ক্রন্দন করছি।লোকটির কথা শুনে হযরত হাসান (রহঃ) বললেন, হায়! হাসান যদি তেমন লোকদেরও একজন হত যে, কয়েক হাজার বছর দোজখের সাজা ভোগ করার পরেও মুক্তি লাভ করত, তা হলেও তো কত ভাল হত।
একদা হযরত হাসান (রহঃ) একটি হাদীসে দেখলেন, নেহাদ নামক এক বান্দাহ দোজখের আযাব থেকে সকলের শেষে মুক্তিলাভ করবে। এই হাদীস পাঠ করে তিনি বললেন, হায়, আমি যদি সেই সর্বশেষ লোকটিও হতে পারতাম, তাহলেও তো আমার জন্য কত ভাল ছিল।

ভীতিময় অন্তর: একদা হযরত হাসান (রহঃ) মসজিদের ছাদের কিনারে বসে কান্নায় দু'চোখের পানি বইয়ে দিচ্ছিলেন। এক ফোঁটা পানি নীচে একটি লোকের কাপড়ে টপকে পড়ায় লোকটি জিজ্ঞেস করল, কাপড়ে যে পানি পড়ল তা পাক, কি নাপাক? হযরত হাসান (রহঃ) বললেন, উহা খারাপ পানি, তুমি ধুইয়ে পাক করে নাও। কেননা উহা পাপী-বদকার বান্দার চোখ থেকে নির্গত হয়েছে।একদিন তিনি এক ব্যক্তির কাফন-দাফনে শরীক হয়ে দাফন কার্য সমাধা করার পর নতুন কবরটির শিয়রে বসে আঝোরে ক্রন্দন শুরু করলেন। তাঁর চোখের পানিতে কবরের মাটি সিক্ত হয়ে গেল। উপস্থিত লোকজন তাঁকে এভাবে রোদন করার কারণ জিজ্ঞেস করায় তিনি বললেন, ভাইগণ! এই কবর পার্থিব জীবনের শেষ বাসগৃহ এবং পারলৌকিক জীবনের প্রথম বাসগৃহ। চোখের উপরে তা দেখেও তোমরা এই অসার দুনিয়ায় বসে কি করে হাসি-খুশীর মধ্যে মত্ত থাকতে পার? আমি ভেবে অস্থির হয়ে যাই যে, কেন তোমরা এখনও আমোদ-স্ফুর্তি পরিত্যাগ করছ না! ওহে উদাসীন লোকগণ! কেন এখনও উদাসীনতা পরিহার করে তোমরা জীবনের এই প্রথম ও শেষ গৃহে বাসোপযোগী সরঞ্জাম সংগ্রহে আত্মনিয়োগ করছ না? হাসান (রহঃ)-এর ভাবোদ্বেলিত কথাগুলো শুনে উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়ল।
কথিত আছে, হযরত হাসান (রহঃ) বাল্যজীবনে একটি ক্ষুদ্র গুনাহর কাজ করেছিলেন কিন্তু ঐ পাপ কাজটি সর্বদা অন্তরে স্মরণ রাখার জন্য যখনই কোন নতুন কাপড় পরিধান করতেন, তখনই উহা উক্ত কাপড়ে লিখে রাখতেন আর উহা দেখে দেখে পাপটির পরিণামের কথা ভেবে সদাসর্বদা কেঁদে কাটাতেন।

ওমর ইবনে আবদুল আযীয (রহঃ)-কে মূল্যবান নসীহত: একবার খলীফা ওমর ইবনে
আবদুল আযীয (রহঃ) হযরত হাসান (রহঃ)-এর কাছে এই মর্মে এক পত্র লিখলেন যে, তাঁকে তিনি এমনি ধরনের কিছু নসীহত লিখে পাঠান যা খলীফা সর্বদা স্মরণ রেখে ও তদনুযায়ী আমল করে উপকৃত হন।অত্র পত্রের জবাবে তাঁকে লিখে পাঠালেন, যদি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে থাকেন ও তাঁর প্রতি ভরসা করতে পারেন তা হলে আর চিন্তা কিসের? যদি এ কথার প্রতি আস্থা না করেন তাহলে অপরের উপদেশ দ্বারা কোন ফল লাভের আশা করা যায়? পত্রের শেষ ভাগে আরও লিখলেন, সেই দিনটির কথা খুব বেশী স্মরণ করুন, যেদিন সবকিছু ধ্বংসের কোলে আশ্রয় লাভ করবে।

আল্লাহর প্রেমরাজ্যে একাকী থাকা ভাল: একবার হযরত হাসান (রহঃ) হজ্জ্ব যাত্রার
নিয়ত করলেন। একথা বাশার হাফী (রহঃ), বর্ণনান্তরে সাবেত বানানী (রহঃ) জানতে পেরে তাঁর কাছে চিঠি লিখলেন। জানতে পেলাম, আপনি এ বছর হজ্জ্বে গমন করবেন। আমিও আপনার এই হজ্জ্ব সফরের সঙ্গী হওয়ার আশা রাখি।হযরত হাসান (রহঃ) তাঁর চিঠির জবাবে তাঁকে লিখে জানালেন, দেখুন! আল্লাহর প্রেম রাজ্যে একাকীই বাস করা ভাল। আমরা একত্র হলেই পরস্পরের ত্রুটি-বিচ্যুতিগুলো জেনে ফেলব এবং একে অন্যের সম্পর্কে কুমনোভাব পোষণ করতে থাকব। তাই আপনার কাছে অনুরোধ এই যে, আপনি আপনার আশা প্রত্যাহার করে নিন।

সাঈদ ইবনে জোবায়েরকে তিনটি নসীহতঃ একবার হযরত হাসান (রহঃ) সাঈদ ইবনে
জোবায়েরকে বললেন, দেখ জোবায়ের! তিনটি বিষয়ের আমল করোঃ (১) রাজা-বাদশাহও আমীর--উমারার দরবারে যাতায়াত করো না। (২) রাবেয়ার (রহঃ) মত সতী-সাধ্বী রমণী হলেও কখনও তুমি তার সাথে একস্থানে একাকী বসোনা। এমনকি কোরআন তেলাওয়াত শিক্ষাও দিও না। (৩) আর কোন গান-বাজনার মজলিসে যোগদান করো না। কেননা এগুলো বিপদ মুক্ত ভবস্থা নয়।

একদা মালেক ইবনে দীনার (রহঃ) হযরত হাসান (রহঃ-কে জিজ্ঞেস করলেন, জনাব! আলেমের বিপদ আসতে পারে কিভাবে?

তিনি জবাব দিলেন, হৃদয়ের মৃত্যু ঘটলে আলেমগণও বিপদাপন্ন হন। প্রশ্ন হল, হৃদয়ের মৃত্য কিভাবে ঘটতে পারে? হাসান (রহঃ) জবাবে বললেন, দুনিয়ার প্রতি আসক্ত হলেই হৃদয়ের মৃত্যু ঘটে।

জ্বিনদের আসা-যাওয়াঃ হযরত আবদুল্লাহ বলেন, একদা হযরত হাসান (রহঃ)-এর সাথে একত্রে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। কিন্তু মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখি, কপাট ভিতর থেকে বন্ধ। কানে আওয়াজ এল হযরত হাসান (রহঃ) ভিতরে বসে উচ্চৈঃস্বরে মুনাজাত করছেন আর কিছু লোক সাথে সাথে আমীন, আমীন, করছে। আমি ভাবলাম, তিনি শিষ্যগণ নিয়ে মুনাজাত করছেন। সামান্য অপেক্ষা করে আমি আওয়াজ দিলাম, সাথে সাথে ভিতর থেকে দরজা খুলে দেয়া হল।আমি মসজিদে ঢুকেই হতবাক হয়ে গেলাম। কেননা, দেখতে পেলাম, মসজিদে তিনি ছাড়া অন্য কোন লোক নেই। পরে অন্য লোকজনও এল, তারপর ফজরের জামাত শেষ হয়ে গেল।নামায শেষে সব লোক চলে যাওয়ার পর তাঁকে একা পেয়ে পূর্বোক্ত ঘটনার ভেদ জানার জন্য আমি ধরে বসলাম। তিনি বললেন, একান্তই যদি শুনতে চাও তবে বলি, কিন্তু সাবধান! ইহা কারও কাছে প্রকাশ করো না। ঘটনাটা হল এই যে, প্রতি জুমার রাত্রে মসজিদে কিছু সংখ্যক জ্বিন আগমন করে। তাদেরকে কিছু দ্বীনের বিষয় শিক্ষা দিয়ে পরে তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করি।

অলৌকিক ঘটনা: কতিপয় বোযর্গ একবার হযরত হাসান বছরীর (রহঃ) হজ্জ্ব সফরের সঙ্গী হলেন। পথিমধ্যে তাঁদের অত্যন্ত পানির পিপাসা হওয়ায় তাঁরা একটি কূপের নিকট গিয়ে দেখতে পেলেন, কূপটির নীচে পানি আছে কিন্তু সেখানে রশি বা বালতি কিছুই নেই। তারা তখন এ অবস্থার কথা হযরত হাসান (রহঃ)-কে জানালেন। তিনি বললেন, আমি যখন নামায পড়তে দাঁড়াব, তখন তোমরা কূপটির কাছে যেও। এর কিছুক্ষণ পরে তিনি নামায পড়তে দাঁড়িয়ে গেলেন, তারা কুয়ার নিকট গিয়ে দেখলেন, তা পানিতে পরিপূর্ণ। তখন তাঁরা ইচ্ছেমত পানি পান করে পিপাসা দূর করলেন। পুনরায় তৃষ্ণা দেখা দিলে পান করবেন এই খেয়ালে জনৈক ব্যক্তি একটি পাত্র ভর্তি করে পানি তুলে সাথে রাখলো। সঙ্গে সঙ্গে কুয়ার পানি একেবারে নীচে নেমে গেল। হযরত হাসান (রহঃ) নামায আদায় শেষে এ ঘটনা শুনে বললেন, তুমি আল্লাহর প্রতি নির্ভরশীল নও বলেই এরূপ হয়েছে। যাই হোক, এরপর আবার তাঁরা পথ চলতে লাগলেন। পথ থেকে কয়েকটি খেজুর উঠিয়ে হযরত হাসান (রহঃ) সঙ্গীদেরকে খেতে দিলেন, তারা তা খেয়ে ফেললেন। খেজুরের বীচিগুলো স্বর্ণের মত জ্বল জ্বল, করছিল। তা দেখে সেগুলো ফেলে না দিয়ে প্রত্যেকেই বীচিগুলো সঙ্গে রেখে দিলেন। মদীনায় পৌছে তাঁরা সে বীচিগুলো স্বর্ণকারকে দেখালে সে তা খাঁটি স্বর্ণ বলে মন্তব্য করল এবং উচিত মূল্য দিয়ে তাঁদের থেকে তা ক্রয় করল। ঐ মূল্য দ্বারা তাঁরা নিজেদের জন্য বেশ কিছু দ্রব্য কিনে নিলেন।

কু-বাসনার ফলঃ- আবু আমর নামক এক ব্যক্তি বালকদেরকে কোরআন মজিদ তেলাওয়াত শিক্ষা দিতেন। একদা তার কাছে একটি অত্যন্ত সুশ্রী বালক কোরআন পড়তে এলে তিনি তার দিকে তাকানো মাত্র তার মনে কুভাব সৃষ্টি হল। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা! মন এভাবে অপবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন তিনি একেবারে ভুলে গেলেন এবং তার সারা অঙ্গে এক আশ্চর্য জ্বালা শুরু হলো। লোকটি তার অন্যায় বুঝতে পেরে আল্লাহর ভয়ে এবং অনুশোচনায় ব্যতিব্যস্ত হয়ে তখনি হাসান বছরীর (রহঃ) কাছে ছুটে গেলেন এবং তাঁর কাছে আনুপূর্বিক ঘটনা বিবৃত করলেন।তিনি শুনে বললেন, এখন হজ্জ্বের সময়, আমার হাতে বহু কাজ। তুমি এক কাজ কর। হানীফ নামক একটি মসজিদ আছে। যেখানে এক বোযর্গ লোককে দেখতে পাবে। সুযোগ মত তাঁর কাছে ঘটনা বিবৃত করে তাঁর কাছে দোয়া প্রার্থনা করবে। তাঁর উপদেশ অনুযায়ী লোকটি বহু দূরবর্তী সেই মসজিদে হানীফে গিয়ে হাজির হলো। দেখতে পেলেন সত্যই এক মহান সাধক বহু লোক পরিবেষ্টিত অবস্থায় মসজিদের অভ্যন্তরে ওয়াজ-নসীহত করছেন। একটু পরেই দেখা গেল, শ্বেত পরিচ্ছদ পরিহিত আর একজন দরবেশ তাঁর কাছে এসে তাঁর সাথে আলাপ শুরু করলেন। উক্ত লোকটি মসজিদের এক কোণায় বসে বোযর্গ ব্যক্তির সাথে কথা বলার জন্য সুযোগের অপেক্ষা করতে লাগলেন।আছরের জামাতের পর মুসল্লিগণ ও আগন্তুক উক্ত দরবেশ বোযর্গ ব্যক্তির সাথে আরও কিছু কথোপকথন করে বিদায় হয়ে গেলেন। মসজিদে তখন আর অন্য কেহই ছিলেন না। সুযোগ মনে করে উক্ত লোকটি বোযর্গ ব্যক্তির কাছে নিজের আদ্যোপান্ত ঘটনা বলে তাঁর কাছে দোয়ার জন্য প্রার্থনা করলেন। শুনে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। অতঃপর আসমানের দিকে দুষ্টিপাত করে তার জন্য দোয়া শুরু করলেন।

আবু আমর বলেন যে, বোযর্গ সাহেব আমার জন্য দোয়া করে আসমানের দিক থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন আমার দেলে এসে গেল। আমি আমার হারানো বিষয় আবার ফিরে পেলাম। আনন্দের আবেগে আমি বোযর্গের পদতলে লুটিয়ে পড়লাম। বোযর্গ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার সন্ধান তুমি কার কাছে জানতে পেলে?
আমি বললাম, হযরত হাসান বছরী (রহঃ) আমাকে আপনার কাছে পাঠিয়েছেন।একথা শুনে তিনি বললেন, ও! তা হলে হাসান (রহঃ) এভাবে আমার ভেদ খুলে দিয়েছেন! যাক আমি এবার তাঁর রহস্য উদ্ঘাটন করে দেব। আচ্ছা, বলত! কিছুক্ষণ পূর্বে সাদা পোশাক পরিহিত যে দরবেশ ব্যক্তি আমার সঙ্গে কথাবার্তা বলে বিদায় হয়ে গেলেন, তাঁকে তুমি চিনতে পেরেছ কি? আমি বললাম, না হুযুর, আমি তাঁকে চিনতে পারিনি। তিনি বললেন, তিনিই তো হাসান বছরী (রহঃ)। প্রতিদিন অপরাহ্নে বছরা থেকে এখানে আগমন করে আমার সহিত কিছুক্ষণ কথাবার্তা বলে আবার বছরা গমন করে আছরের নামায আদায় করেন। এমন যোগ্য ব্যক্তি বছরায় বিদ্যমান থাকা সত্ত্বেও তুমি আমার নিকট দোয়ার জন্য এলে কেন?

অগ্নি উপাসক শামাউনের ঘটনা: শুনা যায়, হযরত হাসান বছরীর (রহঃ) শামাউন নামক এক অগ্নি উপাসক প্রতিবেশী ছিল। দীর্ঘ আয়ু ভোগ করার পর বার্ধক্যে সে কঠিন রোগাক্রান্ত হয়ে পড়ল। তার জীবনের আর আশা নেই তা সবাই বুঝতে পারল। শামাউনের মৃত্যু আসন্ন একথা হযরত হাসান বছরীর (রহঃ)-ও কর্ণগোচর হল। তাঁর উপর শামাউনের প্রতিবেশী সুলভ হক রয়েছে মনে করে তিনি রোগাক্রান্ত শামাউনের বাড়ী গিয়ে তার শয্যা পার্শ্বে বসলেন। দেখতে পেলেন তার সর্বশরীর আগুনের কালো ধূম্রের ন্যায় কালো বর্ণ ধারণ করেছে। তিনি তখন শামাউনকে লক্ষ্য করে বললেন, ভাই! সারাটা জীবন তো আগুন আর ধূয়ার মধ্যেই কাটিয়ে দিলে। এখন অন্ততঃ শেষ মুহূর্তে আল্লাহকে মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ কর। হতে পারে তাতেই তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। শামাউন কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, শুন, দুটো কারণে আমার তোমাদের মুসলমানের ধর্মের প্রতি বীতশ্রদ্ধা রয়েছে। প্রথমতঃ, তোমাদের ধর্মের অনুসারীগণ দিবানিশি দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত থাকে। দ্বিতীয়তঃ তারা মুখে বলে যে, সকলেরই মৃত্যু অবধারিত, কিন্তু সর্বদা এমন সব কাজ-কর্ম করে যা মৃত্যু-ভীত লোকদের পক্ষে সম্ভব নয়, যে সকল কাজে আল্লাহ অসন্তুষ্ট হন।
তার কথা শুনে হযরত হাসান বছরী (রহঃ) বললেন, তোমার কথা অবশ্য হিতৈষীদের কথাই। তোমার নিকট জানতে চাই, তুমি কি কাজ করলে? সৃষ্টিকর্তাকে ভুলে সারাজীবন আগুনের উপাসনা করে তাঁর কি বিরাগ ভাজন হলে না? কি কারণে তুমি তোমার দীর্ঘ জীবন এই অপকাজ করে নিজের সর্বনাশ ডেকে আনলে? তুমি জান, আমি কোন কালে অগ্নি উপাসনা করিনি, কিন্তু যার উপাসনা করেছি, তাঁর অসীম কৃপা বলে আগুন আমার বশ্যতা স্বীকার করে। উহা আমার কোন ক্ষতি সাধন করতে পারে না। পক্ষান্তরে তুমি সারা জীবন আগুনের পূজা করে একথা বলতে পার না আগুন তোমার বাধ্য হয়েছে সে তোমার কোন ক্ষতি করবে না।
শামাউন বলল, না, সে আমার কোনরূপ অনিষ্ট করে না।
হযরত হাসান (রহঃ) বললেন, তা আমার বিশ্বাস হয় না। যদি তোমার কথা সত্য হয়ে থাকে তা হলে এখানে কিছুটা আগুন আনাও, পরীক্ষা করে দেখি।আগুন আনা হল। অতঃপর হযরত হাসান (রহঃ) বললেন, আচ্ছা, এবার তুমি এই আগুনের মধ্যে হাত রাখ দেখি। শামাউন তাতে সাহস করল না। সে ইতস্ততঃ করতে লাগল। তখন হযরত হাসান বছরী (রহঃ) বললেন, তবে দেখ, এই বলে তিনি আল্লাহর নাম স্মরণ করে সেই জ্বলন্ত অগ্নির মধ্যে নিজের একখানা হাত স্থাপন করলেন। আল্লাহর কি অপূর্ব মহিমা। হযরত হাসান (রহঃ)-এর হাত দন্ধিভূত হওয়া তো দূরের কথা, তাঁর হাতের এক গাছি পশমেরও কিছু হল না। তিনি সম্পূর্ণ অক্ষত হাতখানা আগুনের ভিতর থেকে বের করে বললেন, দেখলে আমাদের আল্লাহর কি অসীম ক্ষমতা।

এই দৃশ্য প্ৰত্যক্ষভাৰে অৱলোকন করে শামাউন আশ্চর্যান্বিত হয়ে পেল। তার মনে দীর্ঘ দিনের ভুলের জন্য গতীর অনুতাপের উদয় হল। সে হযরত হাসান (রহঃ)-কে লক্ষ্য করে বলল, ভাই হাসান! সত্তর-আশি বছর ধরে ঘোর অন্যায় করেছি। এখন মৃত্যুর পূর্ব মুহূর্তে কি এর প্রায়শ্চিত্তের কোন পথ আছে? থাকলে সে পথ আমাকে বাতিয়ে দাও। আমার মুক্তির উপায় কর। হযরত হাসান (রহঃ) বললেন, অবশ্যই উপায় আছে। তা হল ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া। তুমি আল্লাহর দরবারে খালেস তওবা করে মুসলমান হয়ে যাও। আল্লাহ তোমাকে মুক্তি দান করবেন। শামাউন বলল, যদি তুমি আমাকে এই মর্মে একখানা পত্র লিখে দাও যে, মৃত্যুর পরে আল্লাহ আমাকে শাস্তি না দিয়ে মুক্তি প্রদান করবেন, তবে আমি মুসলমান হতে পারি। হযরত হাসান (রহঃ) তখনই এইরূপ একখানা কাগজ লিখে শামাউনের হাতে দিলেন। শামাউন উহাতে উপস্থিত লোকদের স্বাক্ষর করিয়ে হযরত হাসান (রহঃ)-এর নিকট অর্পণ করে বলল, মৃত্যুর পরে আমাকে দাফন করার সময় এই পত্রখানা আমার সঙ্গে দিয়ে দিও। আর তুমি নিজ হাতে আমাকে গোসল করিয়ে নিজেই কবরে শুইয়ে দিও। এই কথা বলে ইসলাম গ্রহণ করে কিছুক্ষণের মধ্যেই শামাউন শেষ নিঃশ্বাস ত্যাগ করল।

Sufi.News Portal (Sufibadi.com) is a digital sanctuary spreading Sufi wisdom, human love, and interfaith harmony. We highlight saint biographies, sacred traditions, and spiritual practices to foster inner peace and global unity. ​Join our community grounded in compassion and unconditional love! ​📞 Contact: +880-1840624624 (BD) / +91-9332594925 (IN) | Email: moinur.chisty@sufibadi.com | Web: Sufibadi.com Email: sufibadillc@gmail.com

Comments

https://sufi.news/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!