views
sufibadi.com
হযরত আবু হাশেম মক্কী (রহঃ)
পরিচিতি: হযরত আবু হাশেম মক্কী (রহঃ) ছিলেন অত্যন্ত খাঁটি খোদাভীরু পরহেজগার ব্যক্তি। তিনি ছিলেন প্রথম যুগের অলী-আল্লাহ, সত্য পথের দিশারী, আল্লাহর পথের পথিক, কঠোর পরিশ্রমী, শ্রেষ্ঠ সাধক এবং মহান দরবেশদিগের অন্যতম। তাঁর নসীহতগুলো মানুষের অন্তঃকরণে গভীর প্রভাব বিস্তার করত। তিনি দীর্ঘজীবন লাভ করেছিলেন। বহু বিশিষ্ট বোযর্গানে দ্বীন ও বিভিন্ন সাহাবায়ে কেরামের সাথেও তাঁর সাক্ষাত ঘটেছিল। বিশেষতঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) এবং হযরত আবু হোরায়রা (রাঃ) প্রমুখ থেকে তিনি বিভিন্ন নসীহত হাসিল করে ধন্য হয়েছিলেন। হযরত আবু ওসমান মক্কী (রহঃ) তাঁর প্রশংসামূলক অনেক বর্ণনা রেখে গেছেন এবং বিভিন্ন গ্রন্থে তাঁর জীবন আলেখ্য উল্লেখ করা হয়েছে। কিছুটা সংক্ষিপ্ত আকারে এই গ্রন্থেও তাঁর সম্পর্কে কিছু বর্ণনা করা হল।
মূল্যবান নসীহতসমূহ: একদা খলীফা হেশাম বিন আবদুল মালেক আবু হাশেম মক্কীর (রহঃ) কাছে জিজ্ঞেস করলেন, আমি তো শাসন কার্যে নিয়োজিত রয়েছি। এই জাতীয় কাজে নিয়োজিত থেকে মুক্তি লাভের কোন পথ আছে কি? তিনি বললেন, তোমার প্রতিটি দিরহাম যেন সিদ্ধ স্থান থেকে উপার্জিত হয় এবং তা যেন সিদ্ধস্থানে ব্যয় করা হয়। হেশাম বললেন, কারও পক্ষে কি তা সম্ভব? আবু হাশেম মক্কী (রহঃ) বললেন, যে ব্যক্তি দোজখের ভয়ে ভীত এবং বেহেশত লাভের আশায় লালায়িত, তাছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা যার প্রধান উদ্দেশ্য, তার পক্ষে ইহা করা খুবই সহজ ও সম্ভব। হযরত আবু হাশেম মক্কী (রহঃ) বলেন, ওহে মানব সম্প্রদায়! তোমরা পার্থিব কামনা থেকে বিরত থাক। কেননা আমি জানি রোজ কিয়ামতে দুনিয়াদার লোকদেরকে বিচারের ময়দানে দাঁড় করিয়ে বলা হবে, আল্লাহ পাক যে বস্তুগুলো খারাপ ও নিকৃষ্ট জেনে ফেলে দিয়েছিলেন, এরা পরম আনন্দে সেগুলোকেই গ্রহণ করেছিল। তাই আজ তাদের সকল ক্রিয়া-কর্ম পদদলিত করা হল। তিনি আরও বলেন, দুনিয়ায় কোন বস্তু এমন নেই যার শেষ পরিণতি আনন্দদায়ক, যা নিয়ে চিন্তা-ভাবনা, ব্যগ্রতা ও অস্থিরতায় লিপ্ত হতে হয় না। জেনে রাখ, দুনিয়াতে কোন পবিত্র এবং খাঁটি আনন্দ সৃষ্টিই হয়নি। তিনি আরও বলেন, দুনিয়ার নগণ্যতম বস্তুর আসক্তি তোমাদেরকে পরকালের বৃহত্তম বস্তুসমূহ থেকে বঞ্চিত রাখবে। তিনি আরও বলেন, মানুষের জন্য দু'টো বিষয়ই হল মূল কথা। তার একটি হল, যে জিনিস আমার জন্য রাখা হয়েছে, তা আমিই পাব। যদি তার থেকে আমি দূরে পালিয়ে যাই তবু তা আমার পিছনে পিছনে ছুটে যাবে। আর দ্বিতীয়টি হল, যা আমার জন্য নয় অর্থাৎ অপরের জন্য রাখা হয়েছে তা লাভ করার জন্য আমি যত বেশী পরিশ্রম-এমনকি প্রাণপাত করি না কেন, কিছুতেই তা লাভে সক্ষম হব না। তিনি আরও বলেন, তোমরা জেনে রাখবে, দোয়া না করার ফল দোয়া করে ব্যর্থ হওয়ার দুঃখ ও বিপদ থেকে বেশী মারাত্মক।
তিনি আরও বলেন, হে মানবগণ! তোমরা এমন এক জামানায় দুনিয়ায় এসেছ, যে সময় সবাই কাজ অপেক্ষা কথায় এবং আমল অপেক্ষা বিদ্যায় সন্তুষ্ট। কাজেই বলতে হয় যে, তোমরা উৎকৃষ্ট জামানায়, অর্থাৎ হযরত রাসূলে কারীম (দঃ)-এর উম্মতের যুগে আগমন করেও নিকৃষ্ট লোক হিসেবে গণ্য। তিনি প্রায়ই বলতেন, যে লোক আল্লাহর প্রতি খুশী, সে কখনও মানুষের কাছে কোন কিছুর প্রত্যাশা করে না। একদা হযরত আবু হাশেম মক্কী (রহঃ) এক কসাইখানার সম্মুখ দিয়ে যাওয়ার সময় কসাই বলল, ভাল গোশত আছে কিছু নিয়ে যান। তিনি বললেন, আমার নিকট পয়সা নেই! কসাই বলল, আপনাকে বাকী দিব। যখন হাতে পয়সা হয় তখন দিলেই চলবে। আবু হাশেম মক্কী (রহঃ) বললেন, তার চেয়ে ভাল, নফসের কাছ থেকে কিছু সময় নেয়া। তার কথা শুনে দুর্মুখো কসাই বলল, তাই তো ওরূপ পাঁজরের হাড় কখানা গণা যায়।
তিনি স্পাইর উক্তির জবাবে বললেন, তবু দেহে যেটুকু গোশত এখনও রয়েছে কবরের কীটগুলোর তাতে বহুদিন চলবে।
এক বোযর্গ বলেন, আমি একবার হজ্জ্বের নিয়তে দেশ থেকে রওয়ানা হয়ে বাগদাদ পৌঁছলাম। জানতে পেলাম, আবু হাশেম মক্কী (রহঃ) তখন সেখানে অবস্থান করছেন। তার সাথে সাক্ষাতের জন্য সেখানে হাজির হলাম। তিনি তখন নিদ্রায় ছিলেন। কিছুক্ষণ পরে জাগ্রত হয়ে আমাকে দেখে বললেন, খুব ভালই হয়েছে। আমি এইমাত্র হযরত রাসূলে করীম (দঃ)- কে স্বপ্নে দেখলাম। তিনি তোমার বিষয় আমার নিকট কিছু কথা বললেন। শুন! তোমার মাতার হক আদায় কর, তাঁর খেদমতে নিয়োজিত হও। তোমার জন্য হজ্ব আদায় অপেক্ষা মাতার খেদমত ও হক আদায় করা বেশী প্রয়োজন ও উত্তম। অতএব তুমি এই মুহূর্তে দেশে প্রত্যাবর্তন করে জননীর খেদমত করে দোয়া লাভ কর। উক্ত বোযর্গ বলেন, আবু হাশেম (রহঃ)-এর এই উপদেশে আমি মক্কা শরীফ গমন না করে দেশে ফিরে আসলাম এবং বৃদ্ধা মাতার খেদমতে নিয়োজিত হলাম।
তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া
Comments
0 comment