views
sufibadi.com
পরিচিতি: হযরত ফোজায়েল ইবনে আয়াজ (রহঃ) শুধু ধর্মভীরু পরহেজগারই নন তিনি মাশায়েখদিগের ইমাম, আহলে তরীকতগণের নেতা এবং হেদায়েত ও বেলায়াতের ক্ষেত্রে স্বীয় জামানার শায়খে কামেল নামে সুপরিচিত ছিলেন। সমসাময়িক তাপসবৃন্দ তাঁকে আদর্শ হিসেবে গণ্য করতেন।প্রথম জীবনে তিনি মরু প্রান্তরে তাঁবু নির্মাণ করে বসবাস করতেন এবং পরিধানে চট, মাথায় পশমী টুপী ও গলায় লম্বা জপের মালা পরতেন। মোটকথা, তাঁর বেশভূষা ছিল এক ফকীরের মত। তাঁর বন্ধু-বান্ধবগণ সকলেই ছিল দস্যু। উক্ত দস্যুরা লুট-তরাজ করে লুণ্ঠিত অর্থ ও মালামাল তাঁর কাছে জমা করত। তিনি তা সকলকে যথাযথ বন্টন করে দিতেন এবং নিজেও একটি অংশ রাখতেন।তবে তাঁর এক বিচিত্র অভ্যাস ছিল, নামায তরক করতেন না, বাজামাত আদায় করতেন। তাছাড়া, তাঁর দলের কেউ জামাত তরক করলে তাকে দল থেকে বহিষ্কার করতেন।একদা একটি বণিক কাফেলা মরুপথ অতিক্রমকালে নির্জন প্রান্তরে দস্যুদের আওয়াজ পেল। ঐ কাফেলার একটি লোকের নিকট অনেক টাকা-কড়ি ছিল। সে টাকাগুলো কোথাও লুকিয়ে রাখার জন্য ব্যস্তভাবে এদিকে-সেদিকে ছুটাছুটি করতে লাগল। সহসা মরুপ্রান্তরের একদিকে একটি তাঁবু তার দৃষ্টিগোচর হল। সে সেদিকে অগ্রসর হয়ে চটের পোশাক ও টুপী পরিহিত নামাযের বিছানায় উপবিষ্ট তাসবীহ জপরত এক দরবেশকে দেখে অত্যন্ত আশান্বিত ও ভরসা পেল। সে তার নিকট নিজের টাকাগুলো গচ্ছিত রাখার কথা বলা মাত্র উক্ত দরবেশ একটি জায়গা দেখিয়ে দিলেন।লোকটি সেখানে তার টাকাগুলো রেখে তাড়াতাড়ি তার কাফেলার সাথে মিশল। এতক্ষণ দস্যুদল উক্ত কাফেলার অর্থ-সম্পদ লুণ্ঠন করে সর্বহারা করে চলে গেল।এবার উক্ত বণিক লোকটি তার গচ্ছিত টাকাগুলো ফেরত আনার জন্য উক্ত তাঁবুতে চলল, কিন্তু তাঁবুর কাছাকাছি গিয়ে যে দৃশ্য দেখতে পেল, তাতে তার প্রাণ উড়ে গেল। টাকার মায়ায় সে দিশেহারা হয়ে পড়ল। সে দেখল, তাদেরই কাফেলার লুটকৃত দ্রব্যগুলো দস্যুগণ ঐ তাঁবুর মধ্যে বসে নিজেদের ভিতর বন্টন করছে। সে পরিষ্কারভাবে বুঝতে পারল যে, দস্যুদলেরই এক ভণ্ড লোকের হাতে সে নিজের টাকাগুলো তুলে দিয়েছে। তখন আর কি করবে তাঁবুর অদূরে দাঁড়িয়ে নিজের বুদ্ধি ও অদৃষ্টকে ধিক্কার দিতে লাগল। সহসা তার প্রতি দস্যু সরদার সেই দরবেশ লোকটির দৃষ্টি পড়ায় তিনি তাকে ডাকলেন। লোকটি ভয়ে ভয়ে তাঁর কাছে গেলে তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য এসেছ? অত্যন্ত সাহসে ভর করে সে বলল, আমি আপনার কাছে টাকা গচ্ছিত রেখেছিলাম, তাই নিতে এসেছি।শুনে তিনি তাকে ইঙ্গিত করলেন, তা যেখানে রেখেছিলে সেখানেই আছে, নিয়ে যাও। ইঙ্গিত মত সে তার টাকাগুলো নিয়ে সঙ্গীদের কাছে গেল। কিন্তু এ ঘটনাটি তার কাছে বড়ই বিস্ময়কর লাগল। ফোজায়েল (রহঃ)-এর দলের লোকেরা বলেছিল, এ কাফেলার কোন বণিকের কাছে বেশী টাকা পাওয়া যায়নি। অতএব টাকাগুলো তাকে ফিরিয়ে দিয়ে কাজ নেই। কিন্তু ফোজায়েল বললেন, লোকটি আমার প্রতি ভাল ধারণা পোষণ করেছে এবং আমাকে নির্ভরশীল লোক মনে করেছিল, যেমন আমি আল্লাহর প্রতি সদা সর্বদা ভাল ধারণা পোষণ করি এবং তাঁকে নির্ভরশীল মনে করে থাকি। তার ভাল ধারণাকে আমি সত্যে পরিণত করলাম। আশা করি আল্লাহ অনুগ্রহ করে আমার ভাল ধারণাকে সত্যে পরিণত করবেন।এরপরে ঐ দস্যুদল আবার অপর একটি বণিক কাফেলা লুণ্ঠন করে তাদের যথা সর্বস্ব হরণ করল। ঐ কাফেলার জনৈক বণিক এক দস্যুকে জিজ্ঞেস করল, তোমাদের কি কোন দলপতি নেই? সে বলল, আছে বৈ কি! বণিক বলল, তিনি এখন কোথায়!সে বলল, তিনি এখন নদীর তীরে নামায পড়ছেন। বণিক বলল, এখন তো কোন নামাযের ওয়াক্ত নয়?দস্যু বলল, তিনি নফল নামায পড়ছেন। বণিক বলল, তিনি আহার করেন কখন? দস্যু বলল, তিনি দিবসে রোযা আদায় করেন। বণিক বলল, এখন তো রমযান নয়? দস্যু বলল, তিনি নফল রোযা আদায় করেন। দস্যু সরদার সম্পর্কে এসব কথাবার্তা শুনে বণিক লোকটি খুবই বিস্ময় বোধ করলেন। সে তখন দস্যু সর্দার ফোজায়েলের কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করল, হে দস্যু সরদার। 'নামায-রোযা ও দস্যু-বৃত্তির সাথে সম্পর্কের ভেদ বুঝলাম না।ফোজায়েল, (রহঃ) বললেন, তুমি পবিত্র কোরআন পড়েছ? কোরআনে মজীদে স্পষ্ট আয়ান্ত রয়েছে, "দ্বিতীয় দল স্বীয় পাপসমূহকে স্বীকার করল এবং পুণ্য কাজসমূহকে তার সাথে মিশ্রিত করল।"বণিক ফোজায়েলের কথাবার্তা শুনে অবাক হয়ে গেল।ফোজায়েলের চরিত্র অত্যন্ত উন্নত ছিল। কোন কাফেলায় যদি স্ত্রীলোক থাকত তাহলে সে কাফেলার উপরে হামলা চালাতে দস্যুদলকে নিষেধ করে দিতেন। যাদের নিকট অল্প টাকা-পয়সা থাকত তাদের টাকা অপহরণ করা হত না। আর লুটের দ্রব্য থেকে কিছু কিছু মালামাল কাফেলার লোকদেরকে ফেরত দেয়া হত।প্রথম জীবনে ফোজায়েল জনৈকা মহিলার প্রতি আসক্ত ছিলেন। দস্যুবৃত্তি করে তিনি যা কিছু অর্জন করতেন সবই সেই মহিলাকে দিতেন। আর মাঝে মাঝে তার কাছে উপস্থিত হয়ে শুধু ক্রন্দন করতেন।কোন এক রাত্রে একটি বণিক কাফেলা ইবনে আয়াজের তাঁবুর নিকট দিয়ে গমন কালে কাফেলার এক ব্যক্তি কোরআনের এই আয়াত তেলাওয়াত করছিল-"আলাম ইয়াতি নিল্লাযীনা আ-মানুআন আখশাআ কুলুবুহুম লিযিকরিল্লাহি.......' অর্থাৎ এখনও কি আল্লাহর স্মরণ দ্বারা ঈমানদারগণের হৃদয়সমূহকে ভীত ও জাগ্রত করার সময় উপস্থিত হয়নি? এই আয়াত শ্রবণ করে ফোজায়েল ইবনে আয়াজের অন্তরাত্মা কেঁপে উঠল। তার অন্তরে কে যেন তীরবিদ্ধ করল। সহসা তিনি বলে উঠলেন, হে ফোজায়েল! আর কতকাল তুই লুণ্ঠন-ডাকাতীতে লিপ্ত থাকবি? না, আর নয়, অনেক হয়েছে। এখন তোর তওবার সময় এসে গেছে। তোর পাপের সীমা অতিক্রম করেছে। তিনি যেন একেবারে দিশাহারা হয়ে পড়লেন। তিনি তখনই মনে মনে তওবা করলেন। একটু পরেই ঐ পথে আর এক দল বণিক গমনকালে তারা পরস্পর বলাবলি করতে লাগল, এপথে আসা আমাদের ঠিক হয়নি। এখানে নিশ্চয় ফোজায়েল ইবনে আয়াজ আছে। এদের কথাবার্তা শুনামাত্র ফোজায়েল তাদেরকে বললেন, ওহে ফোজায়েল-ভীত বণিকদল! তোমরা এক সুসংবাদ শ্রবণ কর। তোমাদের ডাকাত তওবা করেছে। তার জীবনের পরিবর্তন ঘটেছে। এখন সে তোমাদের থেকে নিজেই দূরে পলায়ন করছে। এই বলে তিনি সত্যিই ক্রন্দন করতে করতে দৌড়াতে লাগলেন। পথে এক ব্যক্তিকে দেখে তিনি বললেন, ভাই! খোদার শপথ! তুমি আমাকে খলীফার কাছে নিয়ে চল। আমার প্রতি তিনি ভীষণ ক্রুদ্ধ। আমাকে পেলেই তিনি শাস্তি দিবেন। আমি তাঁর শাস্তি এবার মাথা পেতে নিব। ফোজায়েলের অনুরোধে লোকটি তাকে নিয়ে খলীফার সম্মুখে উপস্থিত করল। খলীফা তার দিকে দৃষ্টি করেই বুঝতে পারলেন যে, তার জীবনে মহা পরিবর্তন এসেছে। তাই তাকে শাস্তি প্রদান না করে তাকে দেশে ফিরে যেতে বললেন।ফোজায়েল দেশে প্রত্যাবর্তন করে তার গৃহ দরজায় পৌঁছে ভগ্নস্বরে পরিবারের লোকজনকে ডাকলেন। তারা আওয়াজ শুনতে পেয়ে মনে করল যে, নিশ্চয় সে কোন কঠিন আঘাত পেয়ে গৃহে ছুটে এসেছে। তারা ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞেস করল, বলুন, আপনার কোন জায়গায় আঘাত লেগেছে? তিনি বললেন, আঘাত লেগেছে ঠিকই, তবে তা অন্য কোন স্থানে নয়-হৃদয় মধ্যে।
ঘরে প্রবেশ করতঃ তায়েব ফোজায়েল স্ত্রীকে বললেন, আমি পবিত্র মক্কায় যেতে চাই, এ ব্যাপারে তোমার মত কি? স্ত্রী বললেন, আমার আবার অন্য মতের কি আছে, আমি কোনদিন তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। তুমি যেখানেই যাবে আমিও তোমার সঙ্গে সেখানে যাব। তোমার খেদমতই আমার জীবনের কাম্য।অতঃপর স্ত্রীকে নিয়ে ইবনে আয়াজ মক্কা গেলেন। তথায় বহু আউলিয়া ও বোযর্গদিগের খেদমত করলেন। অবশেষে ইমাম আজমের (রহঃ) সাহচর্য লাভ করে অগাধ জ্ঞান অর্জন করতঃ একনিষ্ঠভাবে ইবাদতে লিপ্ত হলেন। পরবর্তীতে তিনি নিজেই এক প্রধান হাদীরূপে গণ্য হলেন।তাঁর দরবারে দলে দলে লোক এসে মূল্যবান নসীহত হাসিল করতে লাগল।তাঁর জীবনের পরিবর্তনের কথা শুনে বাগদাদ থেকে তাঁর আত্মীয়-স্বজন তাঁর সাথে সাক্ষাত করতে এল। কিন্তু ফোজায়েল তাদের সহিত সাক্ষাত করলেন না। তারাও অবশ্য তার সাথে সাক্ষাত না করে দেশে ফিরবে না বলে মক্কা শরীফে অবস্থান করতে লাগলেন। অবশেষে একদা তিনি স্বীয় ঘরের ছাদে আরোহণ করে তাদেরকে বললেন, ওহে উদাসীন ও অলস ব্যক্তিরা! আল্লাহ্ তোমাদের উদাসীনতা ও আলস্য দূর করে দিন আমি তাঁর কাছে শুধু এই মুনাজাত করছি। তোমরা দেশে ফিরে তাঁর ইবাদতে লিপ্ত হও। এই কথা কয়টি বলা ছাড়া তিনি তাদের সহিত অন্য কিছু বলতে অস্বীকৃতি জানালেন। এতে তারা অত্যন্ত নিরাশ এবং বিষণ্ণ হয়ে বাগদাদ প্রত্যাবর্তন করল।শুনা যায় ফোজায়েল যখন খালেছ তওবা করে সৎপথে ফিরে আসলেন এবং যাদেরকে তিনি ইতিপূর্বে অত্যাচার-উৎপীড়ন করেছেন, যাদের ধন-সম্পদ অপহরণ করেছেন, তাদের প্রত্যেকের কাছে তিনি ক্ষমা ভিক্ষা করলেন। সকলেই তাঁর জীবনের পরিবর্তন ঘটেছে দেখে তাঁকে ক্ষমা করল। কিন্তু জনৈক ইহুদী তাঁকে ক্ষমা না করে বরং তাঁর প্রতি এক শর্ত আরোপ করল, যদি তুমি নিকটবর্তী ঐ পাহাড়গুলোকে উৎখাত করে ফেলতে পার, তাহলে তোমাকে আমি মাফ করব। ফোজায়েল বড়ই বিপদে পড়ে গেলেন। দাবী না ছাড়াতে পারলে যে তাঁর মুক্তির উপায় নেই। বাধ্য হয়ে ইহুদীর ক্ষমা লাভের জন্য আল্লাহর নাম নিয়ে সেই পাহাড়ের মাটি অপসারণ করতে শুরু করলেন। আল্লাহ তায়ালা তাঁর খালেছ তওবাকারী বান্দার প্রতি সত্যিই দয়াবান। একদা কোথা থেকে ভীষণ ঘূর্ণিঝড় এসে পাহাড়কে সমূলে উড়িয়ে কোথায় নিয়ে গেল।এই আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করে ইহুদী নিজের মন থেকে ফোজায়েলের প্রতি শত্রুতার ভাব দূর করে ফেলল। তারপর সে তাঁর কাছে উপস্থিত হয়ে বলল, দেখুন! আমি এই মর্মে একটি শপথ করেছি যে, আমার লুণ্ঠিত সম্পদ ফেরত না পেলে আমি তাকে ক্ষমা করব না। আমার সে শপথের কাফফারার উদ্দেশ্যে আমি এক ব্যবস্থা করেছি। আপনি তদনুরূপ কাজ করুন তাহলে আমার কাফফারাও আদায় হয়ে যাবে এবং আমিও আপনাকে ক্ষমা করতে পারব। আমি একটি মুদ্রা ভর্তি থলে আপনাকে দান করলাম। এখন আপনি নিজ হাতে সে থলেটি আমাকে আমার লুণ্ঠন করা মালের বদলা স্বরূপ নিয়ত করে দিয়ে দিন।ফোজায়েল কথামত কাজ করলেন। এরপর ইহুদী আর এক শর্ত আরোপ করে বলল, আপনি আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করুন, তারপর আপনাকে মাফ করা হবে। ফোজায়েল তাকে কলেমা পড়িয়ে ইসলামে দীক্ষিত করলেন।মুসলমান হয়ে ইহুদী বলল, দেখুন, আমার মুসলমান হওয়ার কারণ এই যে, আমি রাত্রে কিতাবে দেখেছি, প্রকৃত তওবাকারীর হাতের ছোঁয়ায় মৃত্তিকাও সোনা হয়ে যায়, আপনি আমায় মাটির মুদ্রা ভর্তি থলেটি যখন নিজ হাতে ধরে আমার হাতে দিলেন তখন উহা খুলে দেখলাম, সত্যই মাটির তৈরী আশরাফীগুলো স্বর্ণে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে আমার পূর্ণ একীন হয়েছে যে আপনাদের ইসলাম সত্যই খাঁটি ধর্ম।একদা খলীফা হারুন রশীদ ফজল বারমাকীকে বললেন, দেখ, পার্থিব শোরগোল ও কোলাহলে মনের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। কিছুতেই আর শান্তি পাচ্ছি না। তুমি আমাকে এমন এক অলি-আল্লাহর দরবারে নিয়ে চল, যার ছোহবতে আমার অন্তরে কিছুটা শান্তি ফিরে আসে। খলীফার নির্দেশ অনুযায়ী ফজল বারমাকী তাঁকে নিয়ে হযরত সুফিয়ান সওরীর (রাঃ) গৃহে গেলেন। গৃহ দরজায় পৌঁছে আওয়াজ দিলে সুফিয়ান (রহঃ) বললেন, কে এসেছে? ফজল জবাব দিলেন, "আমীরুল মুমিনীন! সুফিয়ান (রহঃ) বললেন, ফজল। তুমি তাঁর প্রয়োজনের কথা আমাকে জানালে তো আমিই তাঁর দরবারে হাজির হতাম।সুফিয়ান (রহঃ)-এর কথা শ্রবণ করে খলীফা বললেন, ফজল। আমি যাকে চাই তিনি এ ব্যক্তি নন। খলীফার কথা শুনে সুফিয়ান (রহঃ) বললেন, সম্ভবতঃ ইবনে আয়াজ আপনার আকাঙ্খিত ব্যক্তি।অতঃপর ফজল বারমাকী খলীফাকে নিয়ে ফোজায়েল ইবনে আয়াজের (রহঃ) দেশে উপস্থিত হলেন। ফোজায়েল তখন পবিত্র কোরআনের এই আয়াত শরীফ পাঠ করছিলেন-"আম হাসিবাল্লাযীনাজ তারাহুস সাইয়্যি-তি আন নাজ'আলহুম কাল্লাযীনা আমানু-" অর্থাৎ অপকর্মশীল লোকগণ কি মনে করে যে, আমি তাদেরকে ঈমানদার ও পুণ্যবানদের মধ্যে গণ্য করব?আয়াতটি শুনে খলীফা বললেন, উপদেশ প্রত্যাশী হিসেবে তো আমার জন্য এই আয়াতটিই যথেষ্ট। ফোজায়েলের দরজায় আঘাত করা হল। ভিতর থেকে তিনি আওয়াজ দিলেন, কে বাইরে? জবাব হল "আমীরুল মুমিনীন"! ফোজায়েল (রহঃ) বললেন, আমি অনুমতি দেই না, তবে একান্তই খলীফা প্রবেশ করতে চাইলে তা তাঁর ইচ্ছা।গৃহে প্রবেশ করছেন দেখে ফোজায়েল (রহঃ) তাড়াতাড়ি তাঁর গৃহের প্রদীপটি নিবিয়ে ফেললেন যেন খলীফা তাঁর মুখ দেখতে না পারেন। খলীফা অন্ধকারেই ফোজায়েলের দিকে তাঁর হাত বাড়িয়ে দিলেন। উভয় হস্ত সংস্পর্শ হল। ফোজায়েল (রহঃ) বললেন, হায়! কত মোলায়েম হাত। এ হাত দোজখের আগুন থেকে রক্ষা পেলেই হয়। এ কথা বলেই তিনি নামাযে দাঁড়িয়ে গেলেন।খলীফা হারুন রশীদ কেঁদে বললেন, হযরত! আমাকে কিছু উপদেশ প্রদান করুন। নামায আদায় শেষে ইবনে আয়াজ (রহঃ) বললেন, খলীফা হারুন! আপনার পিতামহ হুযুর (সঃ)-এর চাচা ছিলেন। তিনি ভ্রাতুষ্পুত্রের কাছে কোন এক রাজ্যের নেতৃত্বের পদ প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, চাচাজী! আপনাকে আপনার নিজের উপর আমীর নিয়োজিত করলাম। কেননা, জেনে রাখবেন, হাজার হাজার বছর খলীফা রূপে প্রজা পালন অপেক্ষা নিজেকে আল্লাহর ইবাদতে লিপ্ত রাখতে পারা অনেক গুণে শ্রেয়। রোজ কিয়ামতে সর্দারী-নেতৃত্ব লজ্জা ও অপদস্থতার কারণ হবে।খলীফা বললেন, আরও কিছু শুনান। ফোজায়েল (রহঃ) বললেন, ওমর ইবনে আবদুল আযীয (রহঃ) খেলাফতের আসনে বসেই সলীম ইবনে আবদুল্লাহ, রাওয়াহা ইবনে হাইয়্যান (রহঃ) প্রমুখ বোযর্গদেরকে ডেকে বললেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এখন কিভাবে কি করতে হবে তা আপনারাই ঠিক করে দিন।তখন তাদের মধ্য হতে একজন বললেন, যদি রোজ কিয়ামতে আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ চাও তা হলে বৃদ্ধ মুসলিমগণকে পিতার তুল্য, যুবকদেরকে ভ্রাতৃতুল্য, অপ্রাপ্ত বয়স্কদেরকে সন্তান তুল্য, স্ত্রীলোকদেরকে জননী ও ভগ্নিতুল্য মনে করবে।খলীফা বললেন, আরও কিছু বলুন। ফোজায়েল (রহঃ) বললেন, এই রাজ্যকে আপন গৃহ ও প্রজাগণকে স্বীয় পরিজন মনে করবেন। বয়স্কদের সাথে নম্র ও ভদ্র ব্যবহার, সম-বয়স্কদের সাথে প্রীতিপূর্ণ এবং কনিষ্ঠদের সাথে বাৎসল্য প্রদর্শন করবেন।অতঃপর ফোজায়েল (রহঃ) বললেন, হে খলীফা! আমার আশঙ্কা হয় আপনার সুন্দর চেহারা ও কোমল শরীর দোজখের অগ্নির তাপে কদাকার হয়ে যায় নাকি। কারণ বহু আমীর, শাসক ও বাদশাহ সেদিন দোজখের আগুনের শিকার হবে।খলীফা হারুন রশীদ ফোজয়েল (রহঃ)-এর কথা শুনে কেঁদে অস্থির হয়ে পড়লেন।ফোজায়েল (রহঃ) বললেন, আল্লাহকে ভয় করুন এবং পরলোকে জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ রোজ কিয়ামতে আপনার রাজ্যের প্রত্যেকটি লোকের অবস্থা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন। সেজন্য নিজেকে তৈরী রাখুন। যদি কোন রাত্রে একটি বৃদ্ধ মহিলাও অনাহারে অনিদ্রায় রাত কাটিয়ে পরদিন ভোরে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানায়, তাহলে আপনার অবস্থা মারাত্মক হবে।ফোজায়েল (রহঃ)-এর কথা শুনে খলীফা কেঁদে জার জার হয়ে গেলেন।এ সময় ফজল বারমাকী ফোজায়েল ইবনে আয়াজ (রহঃ)-কে বললেন, তাপস! এবার আপনি বন্ধ করুন। আপনি যে খলীফাকে একেবারে মারার উপক্রম করছেন। ফোজায়েল (রহঃ) তাকে ধমক দিয়ে বললেন, তুমি চুপ কর হামান। তুমি ও তোমার দলের লোকেরাই তো তাঁর সর্বনাশ করেছ, আমি নই।খলীফার রোদনের মাত্রা আরও বেড়ে গেল। ক্রন্দন রত অবস্থায় তিনি সহচর ফজল বারমাকীকে। বললেন, ফজল, ইনি তোমাকে হামান বলার কারণ হল, আমাকে ইনি ফিরআউন বলে মনে করেন।তিনি ফোজায়েল (রহঃ)-কে জিজ্ঞেস করলেন, হযরত! আপনি কি ঋণী?তিনি বললেন, হাঁ, আমি আল্লাহর নিকট ঋণী আছি। তাঁর নির্দেশ ও ইবাদতসমূহই আমার ঋণ। ঐ ঋণের জন্য তিনি যদি আমাকে ক্ষমা না করেন তা হলে তা আমার জন্য পরম আক্ষেপ ও বিপদের কারণ হবে।ফোজায়েল (রহঃ) বলেন, আল্লাহর শোকর আমি তাঁরই অসংখ্য নেয়ামত ভোগ করছি। সুতরাং অন্যের কাছে ঋণী হবার কোন প্রশ্নই নেই।অতঃপর খলীফা এক হাজার দীনারের একটি থলে ফোজায়েল (রহঃ)-এর পদতলে রেখে বললেন, ইহা অত্যন্ত হালাল মাল। এ মাল আমি আমার মাতার ব্যক্তিগত সম্পত্তি থেকে লাভ করেছি। সুতরাং নির্দ্বিধায় আপনি ইহা গ্রহণ করিতে পারেন।ফোজায়েল (রহঃ) অত্যন্ত দুঃখ ও আক্ষেপের সাথে বললেন, আমার সব উপদেশ বৃথা গেল। এর দ্বারা তুমি কোন ফায়েদাই পেলে না। এখনই তুমি অবিচার শুরু করলে। আমি তোমার বোঝাকে হালকা করে দিয়ে তোমাকে মুক্তির দিকে আহ্বান করছি। অন্যদিকে তুমি আমার বোঝা ভারী করে নিজেকে মৃত্যু গহ্বরে নিক্ষেপের চেষ্টা করছ। হায়, হায়, আমার উপদেশ যে তোমার কোন কাজেই আসল না। এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন এবং দরজা বন্ধ করার উদ্যোগ করলেন। খলীফা তাঁহার সহচরসহ গৃহ হতে বের হয়ে এলেই তিনি গৃহের দরজা বন্ধ করলেন। এ সময় খলীফা ফজল বারমাকীকে বললেন, শুন ফোজায়েল! ফজল ইবনে আয়াজ (রহঃ) একজন প্রকৃত সাধক বটে।একদা ফোজায়েল (রহঃ) স্বীয় পুত্রকে কোলে নিয়ে খুব আদর করছিলেন। তখন পুত্র পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি কি আমাকে খুব ভালবাসেন? ফোজায়েল বললেন, নিশ্চয়ই পুত্র, তোমাকে যে আমি প্রাণতুল্য ভালবাসি। পুত্র বলল, আচ্ছা আব্বা! আপনি কি আল্লাহকে ভালবাসেন? ফোজায়েল (রহঃ) বললেন, অবশ্যই, আমি আল্লাহকেও মনে-প্রাণে ভালবাসি।পিতার কথা শুনে পুত্র বলল, আব্বা! তা কিরূপে সম্ভব? একই অন্তঃকরণে একসাথে দু'জনের ভালবাসা কি করে স্থান পেতে পারে?
পুত্রের মুখে তাৎপর্যপূর্ণ কথা শুনে ফোজায়েল (রহঃ) মনে মনে বললেন, একথা নিশ্চয় তাঁর পুত্রের নয়। আল্লাহর কথাই তার পুত্রের মুখ দিয়ে বের হয়ে এসেছে। তিনি তখনই পুত্রকে কোল থেকে নামিয়ে রেখে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মাবুদ! আমি শুধু তোমারই মহব্বতে আমার মন-প্রাণ নিয়োজিত করলাম।শুনা যায়, একবার ফোজায়েল (রহঃ) আরাফাতের মাঠে দাঁড়িয়ে লোকের অবস্থা দেখছিলেন। মানুষের বিলাপ এবং আল্লাহর দরবারে সকাতর ফরিয়াদ শুনে বলে উঠলেন, ওহে মাবুদ। যদি এতগুলো লোক একসাথে কোন বিশেষ কৃপণের কাছেও কাকুতি-মিনতির সাথে কিছু প্রার্থনা করে, তাহলে সে কিছুতেই নিরাশ করে না। হে প্রভু! তুমি হলে শ্রেষ্ঠ দাতা ও দয়াময়। সুতরাং নিঃসন্দেহ তোমার নিকট এদের প্রার্থনা পূর্ণ হবে।আর একবার আরাফাতের রাত্রে লোকগণ তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন যে, আরাফাতে ক্রন্দনকারী সবাইকেই আল্লাহ ক্ষমা করবেন? তিনি বললেন, অধম ফোজায়েল যদি এদের মধ্যে শামিল না হত, তাহলে আশা করি সকলেই আল্লাহর দরবারে ক্ষমা লাভ করত।একবার লোকগণ তাঁকে জিজ্ঞেস করল, বলুন, মানুষ এশকে ইলাহীর শীর্ষ পর্যায়ে কখন পৌঁছতে পারে?তিনি জবাব দিলেন, যখন বান্দা আল্লাহর কাছ থেকে কিছু লাভ করুক বা না করুক আল্লাহর প্রতি একই মনোভাব পোষণ করে।আর একবার তাঁকে জিজ্ঞেস করা হল, কেহ যদি এই আশঙ্কায় 'লাব্বায়েক' (আল্লাহ! আমি উপস্থিত হয়েছি) না বলে যে, তার উত্তরে তাকে 'লা লাব্বায়েক' (না তুমি উপস্থিত হওনি) শুনতে হয়, তবে এরূপ লোক সম্পর্কে আপনি কি মত পোষণ করেন?হযরত ফোজায়েল (রহঃ) বললেন, আমি মনে করি, এ লোকের মর্যাদা লাব্বায়েক উচ্চারণকারীদেরঅপেক্ষা অনেক বেশী।
হযরত আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলেন, আমি ফোজায়েল (রহঃ)-কে বলতে শুনেছি, প্রকৃত পক্ষে যে দ্বীনের উন্নতির অনুসন্ধানকারী সে লোকচক্ষে হেয় প্রতিপন্ন হয়।ইবনে হাম্বল (রহঃ) আরও বলেন, আমি একবার ফোজায়েল (রহঃ)-কে বললাম, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, তুমি অনুসারী হও। কিন্তু অনুসণীয় হয়ো না।হযরত বিশরে হাফী (রহঃ) বলেন, আমি একদা ফোজায়েল (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বলুন তো পরহেজগারী উত্তম, না রেজা উত্তম? তিনি জবাব দিলেন, রেজা উত্তম। কেননা যে ব্যক্তি রেজাতে সন্তুষ্ট থাকে সে প্রাপ্ত বস্তু থেকে বেশী চায় না। যা পেয়েছে, তাতেই সে তৃপ্ত।হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন, একদা রাত্রে আমি হযরত ফোজায়েল (রহঃ)-এর গৃহে অবস্থান করে সারা রাত ধর্মালোচনায় কাটিয়ে দিলাম। পরদিন বিদায়কালে বললাম, রাতটি আমাদের জন্য খুবই শুভ ও কল্যাণকর হল। কিন্তু ফোজায়েল (রহঃ) আমার কথার প্রতিবাদ করে বললেন, না তা মোটেই নয় বরং রাতটি আমাদের জন্য খুবই অশুভ হয়েছে।আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তা কিরূপে হল? তিনি বললেন, তুমি সারারাত আমার মনকে তোষণ করার রীতিতে আলাপ করেছ। আর আমিও তোমার কথার উত্তর দিতে তোমাকে খুশী করার দিকে লক্ষ্য রেখে কথাবার্তা বলেছি। মোটকথা, আমরা উভয়ে বিভিন্ন কথাবার্তায় রত ছিলাম সত্য, কিন্তু তার মাঝে আল্লাহর দরবারে মুনাজাত ও ইবাদত-বন্দেগীর তেমন কিছুই ছিল না। কাজেই এ রাত আমাদের জন্য এতটুকু ভাল যায় নি।একদা এক ব্যক্তি হযরত ফোজায়েল (রহঃ)-এর সাথে সাক্ষাত করতে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি জন্য এসেছ? সে বলল, আপনার সাথে সাক্ষাত লাভ ও আপনার মূল্যবান বাক্যালাপে মনোতুষ্টির জন্য এসেছি।শুনে হযরত ফোজায়েল (রহঃ) বললেন, আল্লাহর কসম। তোমার একথা পশুত্বের ভাব ছাড়া আর কিছু নয়। মূলতঃ তুমি মিথ্যা দ্বারা আমাকে প্রতারিত করবে আর আমিও তোমাকে তাই করব, অতএব তুমি এখান থেকে বিদায় গ্রহণ কর।হযরত ফোজায়েল (রহঃ) একদা বললেন, আমি এ জন্য রোগাক্রান্ত হতে আকাঙ্খা করি যে, তাহলে জামাতে নামায আদায় ও লোক সমাজে গমনাগমন থেকে পরিত্রাণ পেতে পারি। আর এ দুই কাজের মধ্যে লোকদের সাথে মিলামেশা ঘটে, যা আল্লাহর যিকিরে বিঘ্ন সৃষ্টি করে। প্রকৃত বন্দেগী তাকেই বলা যায়, যে মন ও চোখ শুধু আল্লাহর দিকেই নিবন্ধ থাকে। ইবাদতে বসে যদি অন্যের দিকে চোখের দৃষ্টি পড়ে বা অন্য কিছুর দিকে মনের খেয়াল যায়, তাহলে তা প্রকৃত ইবাদত নয়।
উপদেশাবলী: হযরত ফোজায়েল (রহঃ)-এর নিম্নোক্ত উপদেশগুলো গভীর তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান। তিনি বলেনঃ
০ এমন নির্জন স্থানে বাস করা ভাল যেখানে আমি কাউকে দেখতে না পাই এবং আমাকেও কেউ না দেখে।যে আমার পাশ দিয়ে চলে যায় অথচ আমাকে সালাম করে না, আমি ব্যাধিগ্রস্ত হলে যে আমাকে দেখতে আসে না, মনে করবো, সেই আমার প্রতি সহানুভূতিশীল।নিশির আগমনই খুশীর কারণ কেননা, তখন নীরবে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া যায়। আর দিনের আগমন চিন্তার কারণ। কেননা তখন শুধু লোকজনের সমাগম আর তাতে ইবাদতে বাধার সৃষ্টি হয়। ০ যে নির্জনতাকে পছন্দ করে না বরং লোকদের সাথে মিলামেশা ভালবাসে, সে প্রকৃত শান্তি থেকে দূরে রয়ে গেছে।
০ যে শুধু আমল সম্পর্কিত কথাবার্তাই বলে, আমল করে না, তার সে কথাবার্তা কোন উপকারে আসে না।
০ যে আল্লাহকে ভয় করে, তার বাকশক্তি লোপ পেয়ে যায়।আল্লাহ্ যাকে ভালবাসেন, তার প্রতি নানারূপ বিপদাপদ আসে। পক্ষান্তরে, আল্লাহ যাকে শত্রু মনে করেন, সে জগতে বহু সুখ ও শান্তিতে বসবাস করে।সকল বস্তুর যাকাত রয়েছে। জানের যাকাত হল চিন্তা-ফিকির। হযরত রসূলে কারীম (সঃ) এই কারণেই বেশী করে চিন্তা ও ধ্যানে নিয়োজিত থাকতেন।
০ যার মনে আল্লাহর ভয় স্থান লাভ করেছে, তার মুখ থেকে নিরর্থক কথা বের হতে পারে না। খোদাভীতি তার কামভাব এবং সংসারাসক্তি জ্বালিয়ে দিয়েছে। গীবত ও চোগলখোরী করার স্বভাবও তার থেকে দূরে হয়ে গেছে।
০ যদি দুনিয়ার সব কিছু আমার জন্য সিদ্ধ এবং বৈধ করে দেয়া হয়, তবুও তা গলিত শবের তুল্য মনে করে আমি উহা গ্রহণে ঘৃণা এবং লজ্জাবোধ করব। সংসারে প্রবেশ করা কঠিন কার্য নয়, কিন্তু তা থেকে বেরিয়ে আসা কঠিন কাজ।
০ দুনিয়া একটি পাগলা গারদ স্বরূপ আর তার অধিবাসীগণ পাগল সদৃশ। কারাগারে যেমনভাবে কয়েদীগণের হাত-পা শিকলাবদ্ধ থাকে, তারাও তেমনি দুনিয়ার মায়া-মমতায় আবদ্ধ রয়েছে।
০ মনে রেখ, কাউকে তার পারলৌকিক পুঁজির ঘাটতি না করে দুনিয়াতে সম্পদ দান করা যায় না। দুনিয়াতে তুমি যা উপার্জন করছ, পরকালে তাই লাভ করবে। এখন দুনিয়াতে কম বা বেশী উপার্জন করা, সে তোমার অভিরুচি।
০ দুনিয়ার কোমল ও মূল্যবান পোশাক এবং সুস্বাদু খাদ্যের প্রতি আসক্ত হয়ো না। কেননা তাহলে বেহেশতী পোশাক এবং সুস্বাদু খাদ্য হতে বঞ্চিত থাকবে।আল্লাহ পাহাড়গুলোকে বললেন, তোমাদের একটি পাহাড়ে আমি আমার এক নবীর সঙ্গে বাক্যালাপ করতে চাই। একমাত্র তুর পর্বত ছাড়া সমস্ত পাহাড় দর্পভরে তা অস্বীকার করল। কিন্তু তুরের নম্রতায় আল্লাহ্ সেখানে মুসা নবীর (আঃ) সঙ্গে বাক্যালাপ করে তার গৌরব বৃদ্ধি করলেন। আল্লাহর কাছে নম্রভাব প্রকাশ করা, তাঁর হুকুমের তাবেদার হওয়া আর যা তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকার নামই বিনয়।
০ যে নিজেকে নিজে সম্মানিত মনে করে, সে বিনয়ী নয়। তোমরা কেউ তিনটি বস্তুর অন্বেষণ করো না। কেননা তা পাওয়া যাবে না; যথাঃ (ক) এমন আলেম যিনি এলেম ও আমলে একই সমান। (খ) এমন দরবেশ, যার ইখলাছ কার্যের অনুরূপ। (গ) এমন ভ্রাতা, যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত।
০ যে আপন ভ্রাতার সহিত বাহ্যিক প্রীতি প্রদর্শন করে ও অন্তরে শত্রুতার ভাব পোষণ করে, আল্লাহ্ পাক তার প্রতি অভিশাপ বর্ষণ করেন। এরূপ ব্যক্তি রোজ কিয়ামতে অন্ধ এবং বধির হয়ে উঠবে।পার্থিব স্বার্থ সিদ্ধির গরজে সৎ কাজের প্রতি আগ্রহ প্রকাশ কপটতার অন্য নাম। মানুষকে দেখানোর উদ্দেশ্যে সৎকাজ করা শেরেকীতে গণ্য। আল্লাহ্ তোমাকে এ দুটি বস্তু থেকে বাঁচিয়ে রাখলেই তোমার ভিতর খাঁটি খোদা প্রেম জন্মিবে।
০ আল্লাহ্ যখন যে অবস্থায় রাখেন তাতে সন্তুষ্ট থাকার নামই হল ত্যাগ।
০ আল্লাহ সম্পর্কে যে যত বেশী জ্ঞান লাভ করে সে তত বেশী তাঁর ইবাদত করে। দুনিয়ায় কারও কাছে সাহায্যের প্রত্যাশা না করাই হল প্রকৃত বীরত্ব।
০ যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী তিনিই তাঁর প্রতি নির্ভরশীল হন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি দোষারোপকারী, সে কখনও আল্লাহর প্রতি নির্ভরশীল নয়।
০ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, তুমি কি আল্লাহকে ভালবাস? তাহলে তোমার চুপ থাকা ভাল। কেননা যদি বল ভালবাসি না, তা হলে তা হবে কুফরী। আর যদি বল ভালবাসি, তবে তা হবে মিথ্যা। কেননা তোমার কাজ তার বিপরীত।
০ কেউ কোন চতুষ্পদ জন্তুকে অভিশাপ দিলে, সে এর উত্তরে আমীন বলে। তৎপর এই বলে সে দোয়া করে, হে আল্লাহ! আমার ও এই ব্যক্তির মধ্যে যে তোমার বেশী অবাধ্য এই অভিশাপ তার প্রতি বর্তাক।দুটি বস্তু দিলের ধ্বংস ডেকে আনেঃ (ক) অধিক ভক্ষণ (খ) বেশী শয়ন।মূর্খতাজনিত কারণে অনেকের মধ্যে কতগুলো স্বভাব দেখা যায়। যথাঃ (ক) কোন আশ্চর্যজনক বস্তু না দেখেই হাস্যকরা, (খ) লোককে উপদেশ দান এবং তদনুরূপ আমল না করা ও (গ) রাত্রি জাগরণে আলস্য করা।
০ আল্লাহ বলেন, হে বান্দা! যদি তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমাকে না ভুল আমিও তোমাদেরকে ভুলব না।
০ আল্লাহ্ তাঁর এক নবীকে নির্দেশ করেছিলেন যে, আপনি পাপী বান্দাগণকে এই আশ্বাস দান করুন, তারা তওবা করলে আমি তা কবুল করব এবং নেককার বান্দাগণকে এই বলে ভয় প্রদর্শন করুন যে, আমি ইচ্ছে করলে সকলকেই আযাব ভুগতে হবে।
বিবিধ বিষয়: হযরত ফোজায়েল (রহঃ) আল্লাহর কাছে এইরূপ অনেক সময়ই দোয়া করতেন, হে মাবুদ। তুমি অনেক সময়ই আমাকে অনাহারে রাখ এমনকি রাত্রে আমার গৃহে বাতিরও ব্যবস্থা রাখ না। এসব অবস্থা তোমার প্রিয়জনদের বিশেষত্ব। জানি না, আমার কোন কাজের উসিলায় তুমি আমাকে এই মর্যাদা দান করলে। যদি এতই করলে, তবে তুমি আমার প্রতি আরও রহমত দান কর। আমার অবস্থা তো তুমি ভাল করেই জান। তুমি তোমার আযাব থেকে আমাকে মুক্তি প্রদান করো।শুনা যায়, দীর্ঘ ত্রিশ বছরে কেহ ফোজায়েল (রহঃ)-এর মুখে হাসি দেখেনি। তবে যে দিন তাঁর পুত্রের মৃত্যু হয়েছিল, সে দিন তাঁর মুখে হাসি দেখা গিয়েছিল। তা দেখে লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, হুযুর! আজ আপনার হাস্য করার কারণটা কি? তিনি বললেন, আমি বুঝলাম যে, আল্লাহ্ আমার ছেলের মৃত্যুতেই খুশী। তাই তাঁর খুশীর সঙ্গে আমিও খুশী হলাম, আর স্বাভাবিকভাবে আমার মুখে হাসি ফুটে উঠল।একদা হযরত ফোজায়েল (রহঃ) বললেন, নবী-রাসূলদের প্রতি আমার ঈর্ষা নেই, যেহেতু তারাও মৃত্যু, কবর, কিয়ামত, বিচার এবং পুলছিরাতের শিকার হবে। হাশরের মাঠে নফসী নফসী তাদেরও করতে হবে। ফেরেশতাগণের প্রতিও আমার ঈর্ষা নেই। যেহেতু মানুষ অপেক্ষা তাদের ভয় আরও বেশী। তবে আমার ঈর্ষা কেবল তাদের প্রতি যারা এখনও মাতৃগর্ভ থেকে জন্ম গ্রহণ করেনি।একদা জনৈক ব্যক্তি অত্যন্ত উত্তম স্বরে ফোজায়েল (রহঃ)-এর সম্মুখে কোরআন পাকের কতিপয় আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, এই ক্বারী সাহেবকে আমার পুত্রের কাছে নিয়ে যাও। তিনি তাকে কোরআন পাঠ করে শুনাবেন। কিন্তু তার সম্মুখে যেন সূরা "আলকারিয়া" তেলাওয়াত করা না হয়। কেননা তাতে যে কিয়ামত সম্পর্কে বর্ণনা রয়েছে, তা শুনলে হয়ত সে সামলাতে পারবে না। ক্বারী সাহেব পুত্রের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন এবং ঘটনাক্রমে তিনি সূরা আলকারিয়াই তেলাওয়াত করলেন। তা শুনে ফোজায়েলের পুত্র এমন এক চীৎকার দিয়ে উঠলেন যে, তাতে তাঁর প্রাণ সেই মুহূর্তে বের হয়ে গেল।
ইন্তেকালের সময় হযরত ফোজায়েল (রহ)-এর স্ত্রী ও দুটি কন্যা জীবিত ছিলেন। ইন্তেকালের পূর্বে তিনি তাঁর স্ত্রীকে অসীয়ত করলেন, আমার মৃত্যুর পর এবং তোমার মৃত্যুর পূর্বে তুমি কন্যা দুটিসহ আবু কোবায়েস পর্বতে গিয়ে আল্লাহর দরবারে এ বলে মুনাজাত করবে, হে মাবুদ! আমার স্বামীর অসীয়ত অনুসারেই তোমার দরবারে প্রার্থনা করছি। জীবিতকালে আমি কন্যা দুটির যথাসম্ভব রক্ষণাবেক্ষণ করছি। এখন আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাই এ অনাথা কন্যা দুটিকে তোমার হাতেই সমর্পণ করছি। তুমি মর্জী মাফিক এদের ব্যবস্থা করো।হযরত ফোজায়েল (রহঃ)-এর মৃত্যুর পর তাঁর স্ত্রীর জীবন প্রদীপও নিবু নিবু হয়ে এল, তখন সত্যিই একদিন তিনি স্বামীর অসীয়ত অনুযায়ী কন্যা দুটি সঙ্গে নিয়ে আবু কোবায়েস পর্বতে গিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। আল্লাহর কি অপূর্ব কুদরত। ঘটনাক্রমে সে সময় ইয়ামনের বাদশাহ স্বীয় পুত্রদ্বয়কে সঙ্গে নিয়ে ঐ পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি এই নির্জন পর্বতে একটি মহিলা ও দুই বালিকাকে মুনাজাতরত দেখে কৌতূহলী হয়ে তাদের নিকট হাজির হলেন। তাঁদের পরিচয় জিজ্ঞেস করায় হযরত ফোজায়েল (রহ)-এর স্ত্রী সবকিছু খুলে বললেন। শুনে বাদশাহ বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার কন্যাদ্বয়ের সাথে আমার পুত্র দুটির বিবাহ দিতে চাই। হযরত ফোজায়েল (রহঃ)-এর স্ত্রী বললেন, এতে আমার কোন আপত্তি নেই।ইয়ামেনের বাদশাহ্ জনপদ থেকে তখনই পাল্কীর ব্যবস্থা করে অত্যন্ত জাঁকজমকের সাথে তাঁদেরকে ইয়ামেন নিয়ে গেলেন এবং সেখানে মহা ধুমধামে স্বীয় দুই পুত্রের সাথে হযরত ফোজায়েল (রহঃ)--এর কন্যাদ্বয়ের বিবাহ পড়িয়ে দিলেন।হবরত ফোজায়েল ইবনে আয়াজ (রহঃ) তৎকালীন মুসলিম জাহানের এমন বিশিষ্ট সাধক ছিলেন। তাঁর ইন্তেকালে মুসলিমগণ শোকে ম্রিয়মান হয়ে পড়েছিল।
তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া
Comments
0 comment