হযরত হাবীব আজমী (রহঃ): সংক্ষিপ্ত জীবনী ও আধ্যাত্মিক সাধনা
হযরত হাবীব আজমী (রহঃ) ছিলেন অষ্টম শতাব্দীর বসরা শহরের একজন প্রখ্যাত সুফি সাধক ও হাদিস বর্ণনাকারী। পারস্য বংশোদ্ভূত এই মনীষী প্রথম জীবনে ধনী ব্যবসায়ী ও সুদখোর থাকলেও পরবর্তীতে তওবা করে হযরত হাসান বসরী (রহঃ)-এর সান্নিধ্যে আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন।
sufibadi.com

হযরত হাবীব (রহঃ) সত্য-সততা এবং নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে অতুলনীয় সুনামের অধিকারী ছিলেন। তিনি আজম দেশীয় লোক ছিলেন বলে তাঁর নামের সঙ্গে আজমী শব্দটি যুক্ত হয়েছে। ইরান কিংবা তুরস্ক তার জন্মস্থান। দরবেশী ও বোযগী লাভের পথে তাঁর জীবনের ত্যাগ ও কঠোর সাধনা ছিল অবিস্মরণীয়।

তিনি প্রথম জীবন থেকেই বছরায় বসবাস করতেন। জীবনের প্রথমাবস্থায় অত্যন্ত মালদার ব্যক্তি ছিলেন। তাঁর অর্থোপার্জনের প্রধান মাধ্যম ছিল সুদের কারবার। বছরার বহু লোক ছিল তাঁর খাতক। প্রত্যহ খাতকদের বাড়ী বাড়ী ঘুরে তিনি সুদ আদায় করতেন। কিছু না কিছু সুদ আদায় না করে তিনি গৃহে ফিরতেন না। সুদের সঙ্গে তিনি খাতকের বাড়ী যাতায়াতের খরচ পর্যন্ত আদায় করে ছাড়তেন।একবার তিনি সুদ আদায় করবার জন্য এক খাতকের বাড়ী গেলেন। সেদিন খাতক বাড়ীতে ছিল না। তার স্ত্রী বলল, আমার স্বামী বাড়ীতে নেই, আর আপনাকে দিবার মতও কিছু গৃহে নেই। তিনি শুনে বললেন, টাকা না থাকে তো গৃহে কোন জিনিস-পত্রও কি নেই? যা আছে তাই দিয়ে দাও। স্ত্রীলোকটি বলল, ঘরে একটি ছাগলের মাথা আছে! যদি আপনি পছন্দ করেন তাহলে ঋণের টাকার সুদ বাবদ আমি তাই দিয়ে দিতে পারি। হাবীব বললেন, আচ্ছা তাই দিয়ে দাও।অতঃপর তিনি ঐ ছাগলের মাথাটি নিয়েই বাড়ী ফিরলেন। বাড়ী ফিরে স্ত্রীকে বললেন, আজ এক খাতকের কাছ থেকে সুদের বদলে একটি ছাগলের মাথা নিয়ে এসেছি এটি উত্তমরূপে রান্না কর। তার স্ত্রী বলল, গৃহে যে আজ রুটি এবং লাকড়িও নেই। কথা শুনে আর এক খাতকের বাড়ী গিয়ে তিনি রুটি ও লাকড়ি নিয়ে এসে স্ত্রীর কাছে দিলেন। স্ত্রী উক্ত ছাগলের মাথাটি খুব ভালভাবে রান্না করে স্বামী হাবীবকে খেতে ডাকলেন। তিনি আহার করতে বসে গেলেন। ঠিক এমন সময় একটি ভিক্ষুক গৃহের দরজায় দাঁড়িয়ে কিছু খাবার প্রার্থনা করল। হাবীব ভিক্ষুককে বলে দিলেন, এখানে কিছুই মিলবে না, এখন ঘরে যা কিছু আছে, তা দিলেও তোমার পেট ভরবে না। পক্ষান্তরে আমারও অসুবিধা হবে। ভিক্ষুক আর দ্বিরুক্তি না করে চুপ করে চলে গেল। এদিকে হাবীবের স্ত্রী ছাগলের মাথার গোশত পেয়ালায় ঢেলে আশ্চর্যান্বিত হয়ে গেল। পেয়ালায় ঢালা মাত্র সব গোশত ও ঝোল রক্তে পরিণত হয়ে গেল। সে তার স্বামীকে বলল, দেখতো কি ব্যাপার, গোশত এরূপ রক্তে পরিণত হল কেন?এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করে হঠাৎ হাবীবের মনে ভাবান্তর উপস্থিত হল। কি কারণে এ অবস্থা হল তা আর বুঝতে তাঁর বাকী রইল না। ভয়ে তাঁর প্রাণ কেঁপে উঠল। তিনি তখন তাঁর স্ত্রীকে বললেন, ওগো! এ আমার এতদিনের কুকার্যের ফল। আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি, সুদের কারবার আর করব না। নিশ্চয় আল্লাহ আমার প্রতি গজব নাজিল করবেন এবং এই ঘটনা তার প্রাথমিক সঙ্কেত।এরপর দিন তিনি সুদের বদলে আসল টাকা আদায়ের উদ্দেশ্যে কতিপয় খাতকের সাথে সাক্ষাত করতে ঘর হতে বের হয়ে পড়লেন। কিছুদূর যাওয়ার পর তিনি দেখলেন, কয়েকটি বালক খেলাধূলা করছে। কিন্তু তারা তাকে দেখামাত্র বলে উঠল, এই যে সুদখোর হাবীব আসছে, চল আমরা শীঘ্র সরে পড়ি নইলে এর দেহের বাতাস আমাদের গায়ে লাগলে আমরাও এর মত ঘৃণিত মানুষরূপে পরিণত হব। এই বলে সত্যিই তারা দূরে সরে গেল। বালকগুলোর কথা হাবীবের কানে গেলে তিনি লজ্জায় ও দুঃখে মরে যেতে চাইলেন। তার মনে এমনি ধিক্কার ও অনুশোচনা জেগে উঠল যে, দুনিয়া তাঁর কাছে একেবারে মিথ্যা প্রতিপন্ন হল। খাতকদের সাথে দেখা করার ইচ্ছা তখনই তার মন থেকে দূর হয়ে গেল। তিনি পথ পরিবর্তন করে হযরত হাসান বছরীর (রহঃ) দরবারের পথ ধরলেন। হাসান বছরী (রহঃ) তাঁকে কতগুলো মূল্যবান উপদেশ দান করে তওবা পড়িয়ে দিলেন।সেখান থেকে বিদায় নিয়ে গৃহে প্রত্যাবর্তনের পথে দূর থেকে তিনি তাঁর এক খাতককে দেখতে পেলেন। খাতক তাঁকে দেখে পলায়নের উপক্রম করল। তা অনুভব করে হাবীব তাকে বললেন, ওহে! তোমার পালাবার প্রয়োজন নেই; বরং এখন আমারই তোমার নিকট থেকে পালানো উচিত।এরপর একদিন তিনি পথে বের হয়েছেন এদিনও পথে তিনি কতগুলো বালককে দেখলেন, তারা খেলায় লিপ্ত রয়েছে। যেইমাত্র তারা হাবীব (রহঃ)-কে দেখতে পেল, অমনি খেলা বন্ধ করে বলাবলি করতে লাগল, এখন খেলা উচিত নয়, ঐ দেখ তায়েব (তওবাকারী) হাবীব এদিকে আসছেন। ধূলা-বালি উড়ে তাঁর গায়ে লেগে যেতে পারে, তাহলে আমরা খুবই গুনাহগার হব। তাছাড়া এভাবে আমাদেরকে খেলায় লিপ্ত দেখলে তিনি আমাদের প্রতি নাখোশ হবেন। উল্লেখ্য যে, হাবীব (রহঃ) হয়রত হাসান বছরীর (রহঃ)-কাছে খালেছ তাওবা করে যে সুদ পরিত্যাগ করে ইবাদতের প্রতি মন দিয়েছেন, তা ইতিমধ্যে সবার নিকটই প্রচার হয়ে গিয়েছিল। যাই হোক, আজ তিনি বালকদের মুখে এই ধরনের কথা শুনে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বললেন, ওহে মাবুদ! তোমার কৃপার অন্ত নেই। আজ কদিন হল মাত্র আমি তোমার পথে ফিরে এসেছি, অথচ এরই মধ্যে আমার প্রতি এই কচি বালকগুলোর মনেও এতটা শ্রদ্ধার ভাব সৃষ্টি করে দিয়েছ। তুমি না পার, এমন কিছুই নেই।পরদিনই তিনি সর্বত্র এলান করে দিলেন যে, যে সকল লোক হাবীবের কাছে স্বর্ণ-রৌপ্য বন্ধক রেখে সুদের টাকা ধার নিয়েছে, তারা যেন অতি শীঘ্রই তার কাছ থেকে উক্ত বন্ধকী মালগুলো ফেরত নিয়ে যায়। আর সে জন্য তাদেরকে ঋণের টাকা ফেরত দিতে হবে না। তিনি তা সমুদয় মাফ করে দিয়েছেন। এই ঘোষণা শুনে সবাই হাবীবের প্রতি যারপর নেই খুশী হয়ে তাকে দোয়া করণ এবং যার যার বন্ধকী জিনিসগুলো তাঁর কাছ থেকে নিয়ে এল। এছাড়া তাঁর নিজের যে ধন-সম্পদ ছিল তাও গরীবদের মাঝে বিলিয়ে দিলেন, সম্বল বলতে আর তিনি কিছুই রাখলেন না। এমনকি নিজের একটি মাত্র জামা এবং স্ত্রীর একখানা মাত্র শীতের চাদরও এক গরীব ভিক্ষুককে দান করে শীতের কষ্টবরণ করে নিলেন।

আল্লাহর প্রতি নির্ভরতার কর্ম: শীঘ্রই হাবীব (রহঃ) ফোরাত নদীর তীরে ইবাদতের উদ্দেশ্যে একটি কুটির নির্মাণ করলেন। দিনের বেলায় তিনি হাসান বছরীর (রহঃ) কাছে এলমে শরীয়ত ও মারেফাত শিক্ষা করতেন এবং রাত্রি বেলায় কুটিরে গিয়ে ইবাদতে লিপ্ত হতেন। এভাবে তার দিন চালে যেতে লাগল। তাঁর খোদাভীরু স্ত্রীও স্বামীর মতই ইবাদতে রত হয়ে গেলেন।উপবাস এবং অর্ধোপবাসে স্ত্রী অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। ক্ষুধার কষ্ট আর সহ্য না করতে পেরে স্বামীর নিকট কিছু আহার্য্যের জন্য আবেদন জানালেন। হযরত হাবীব (রহঃ) স্বীয় স্ত্রীকে বললেন, আচ্ছা, চিন্তা করো না আমি খাবার জোগাড় করার জন্য এখনি মজদুরী করতে রওয়ানা হচ্ছি। এ বলে তিনি হযরত হাসান বছরীর (রহঃ) গৃহ হয়ে নদী তীরের সেই ইবাদতখানায় গিয়ে মোরাকাবায় ন্যস্ত হলেন। সন্ধ্যার পর তিনি গৃহে গমন করলে কিছু খাবার এনেছেন কিনা জিজ্ঞেস করায় তিনি স্ত্রীকে বললেন, দেখ, যে মুনিবের মজদুরী শুরু করেছি তিনি খুব বড় মহাজন। কাজ শুরু করেই তাঁর কাছে মজুরী চাইতে খুবই লজ্জা লাগছে। অন্ততঃ দশটি দিন হলে তাঁর কাছে কিছু চাইব মনে করছি। তুমি খুব কষ্ট সহ্য করছ তা বুঝি, তবে আর একটু ধৈর্য ধর। নিশ্চয় এ বিনিময় লাভ করবে এই কষ্ট বৃথা যাবে না।স্ত্রী স্বামীর জবাবে আর কিছু না বলে চুপ করে রইলেন।সময় অতিবাহিত হতে লাগল। হাবীব (রহঃ) তাঁর স্বাভাবিক নিরুদ্বিগ্নতার সাথে আল্লাহর ইবাদত করছেন। এইভাবে নয় দিন হয়ে দশম দিনটি শুরু হলে হাবীব (রহঃ)-এর মনে তাঁর স্ত্রীকে প্রদত্ত প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, আজ সন্ধ্যায় তিনি স্ত্রীর কাছে কি নিয়ে ঘরে ফিরবেন এবং গিয়ে কিইবা তাকে বলবেন? এই ভেবে তাঁর মন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল।সর্বদর্শী আল্লাহ্ সবই জানেন, সবই দেখেন, তিনি নিজের দায়িত্ব পালনে কোন দিন অবহেলা করেন না। হাবীব (রহঃ)-এর বিষয় যা করার তা তিনি নিজেই ব্যবস্থা করলেন। আল্লাহর তরফ থেকে চারজন যুবক মানুষবেশী ফেরেশতা এক বস্তা আটা, এক বিরাট পাত্র বোঝাই মাংস, এক বার মধু, এক ডিবা ঘি এবং একটি থলিয়া ভর্তি তিনশত দেরহাম নিয়ে সন্ধ্যার পূর্বেই হাবীব (রহঃ)-এর স্ত্রীর কাছে উপস্থিত হল। তারা বলল, আপনার স্বামীর মুনিব তাঁর কাজের মজুরী পাঠিয়ে দিলেন। আমরা তাই নিয়ে এসেছি। আর আপনার স্বামী গৃহে ফিরলে তাকে বলবেন, তাঁর কাজে যত বেশী উন্নতি হবে, সাথে সাথে তাঁর মজুরীও ততবেশী বাড়িয়ে দেয়া হবে। এই কথা বলে তারা বিদায় হয়ে গেল। এদিকে সন্ধ্যায় হাবীব (রহঃ) খালি হাতে অত্যন্ত সঙ্কুচিতভাবে গৃহে ফিরলেন। তিনি মনে মনে ভাবছিলেন, আজও স্ত্রীকে তাঁর শুধু মৌখিক সান্ত্বনা দেওয়া ছাড়া কোন গত্যন্তর নেই। বিষণ্ণ বদনে তিনি গৃহে প্রবেশ করলেন। কিন্তু গৃহে ঢুকামাত্র স্ত্রীর দিকে চেয়ে তাকে অত্যন্ত প্রফুল্ল মনে হল। আর সারা ঘর থেকে তিনি উৎকৃষ্ট মধু ও খাঁটি ঘৃতের ঘ্রাণ পেতে লাগলেন। অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তিনি স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, কি হে ব্যাপার কি বল তো?স্ত্রী বলল, আপনার মুনিব দেখা যায় অত্যন্ত ভাল লোক। এই বলে সে স্বামীর নিকট সব ঘটনা খুলে বলল। একথা শুনে তিনি দয়াময় আল্লাহর উদ্দেশ্যে অসংখ্য শোকরিয়া জ্ঞাপন করতঃ স্ত্রীকে বললেন, দেখ তো প্রিয়তম একটু কষ্ট স্বীকার করে আল্লাহর উপর ভরসা করায় আল্লাহ্ আমাদেরকে কেমন নেয়ামত দিয়েছেন?দোয়ার বরকত দিন দিন হযরত হাবীব আজমীর (রহঃ) মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেতে লাগল। তাঁর মর্তবা দ্রুতগতিতে বেড়ে চলল। ক্রমে অবস্থা এমন হল যে, যে কোন লোক তাঁর দরবারে এসে তাঁর দ্বারা দোয়া করিয়ে নিয়ে আশানুরূপ ফল পেতে লাগল। একদা একটি মহিলা কাঁদতে কাঁদতে তাঁর দরবারে এসে আরজ করল, হুযুর! বহুদিন হয় আমার একটি মাত্র পুত্র সন্তান হারিয়ে গিয়েছে। কোথাও তার সন্ধান মিলছে না। পুত্র হারিয়ে অন্ধকার দেখছি। আমার বেঁচে থেকে আর কি হবে? আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে তিনি ছেলেটি ফিরিয়ে দেন।দুঃখিনী মায়ের কথা শুনে তিনি তাকে বললেন, তোমার কাছে কি কোন কিছু আছে? সে দুটো রৌপ্য মুদ্রা বের করে তার হাতে অর্পণ করে বলল, এই আছে হুযুর! মুদ্রা দুটি এক ভিক্ষুককে দান করে হযরত হাবীব (রহঃ) মহিলার উদ্দেশ্যে বললেন, মাগো। এবার তুমি গৃহে ফিরে যাও, গিয়ে দেখতে পাবে, তোমার পুত্র বাড়ী ফিরেছে। মহিলা হযরত হাবীব (রহঃ)-এর কথা মত বাড়ীর দিকে ছুটে চলল, কিন্তু আল্লাহর মর্জী, কিছু দূর যাওয়ার পরই সে আনন্দে চীৎকার করে উঠল, আল্লাহ, তোমার দয়ায় আমি যে আমার চোখের মাণিক ফিরে পেয়েছি। সত্যিই তার হারানো ছেলে পথিমধ্যে মাকে দেখে দৌড়ে তার নিকটে এসে বলল, মাগো! আমি পথ হারিয়ে কেরমান নগরীতে গিয়ে পড়েছিলাম। আমাকে দেশে পৌছে দেয়ার লোক না পেয়ে অবশেষে আমি সেখানে এক উত্তাদের কাছে পড়া-শুনা শুরু করেছিলাম। তিনি আমাকে বাজারে গোশত কিনতে পাঠিয়েছিলেন। গোশত কিনে ফিরার পথে প্রবল ঘূর্ণি বায়ু আমাকে শূন্যে উঠিয়ে নিয়ে এসেছে। তারই পূর্ব মুহূর্তে আমার কানে এসেছিল, কে যেন বাতাসকে বলল, ওহে বাতাস! তুমি এ বালকটিকে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এস।কারও কারও মনে হয়ত প্রশ্ন দেখা দিতে পারে যে, এইরূপ ঘটনা অবাস্তব ও অবৈজ্ঞানিক, ইহা কিভাবে সম্ভব হতে পারে? তার জবাব এই যে, যদি হযরত সোলায়মান (আঃ) বায়ুর উপরে ভর করে একমাসের পথ একদিনে সফর করতে পারেন এবং রাণী বিলকিসের সিংহাসন সুদূর এলাকা থেকে চোখের নিমেষে হযরত সোলায়মান (আঃ)-এর রাজধানীতে উপস্থিত হতে পারে তার তুলনায় এ ঘটনা তো. একেবারেই নগণ্য। আল্লাহর কুদরতে ইহা সম্ভব হওয়ায় আশ্চর্যের কি আছে?ঐশী ক্ষমতা বলে: একবার বছরা নগরে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। বছরাবাসীরা খাদ্যের অভাবে বিপাকে পতিত হল। তখন হাবীব আজমী (রহঃ) বড় বড় মহাজনদের কাছ থেকে বাকীতে খাদ্যশস্য কিনে নিরন্নদের মাঝে তা বন্টন শুরু করলেন। তাঁর একটি মুদ্রার থলে ছিল। স্বীয় বালিশের নীচে তা রাখতেন। মহাজনগণ তাঁর কাছে বাকী টাকা উসুল করার জন্য আসলে তিনি সেই থলেটি বের করে তাদেরকে টাকা দিয়ে দিতেন। আশ্চর্যের বিষয় এই যে, হাবীব (রহঃ) যখনই থলেটি থেকে টাকা বের করতেন, তখনই আপনা হতে তা পূর্ণ হয়ে যেত।আর একটি বিস্ময়কর ঘটনা এই যে, হজ্জ্বের সময় আটই যিলহজ্জ্ব তারিখে বছরার লোকেরা তাকে বছরায় দেখতে পেতেন। আবার তার পরদিন ৯ই যিলহজ্জ্ব তারিখে বছরার হাজীগণ মক্কা শরীফে তাঁর সাথে একত্র হয়ে আরফার ময়দানে গমন করত। অথচ বছরা থেকে মক্কাশরীফ বেশ কয়েক দিনের পথ।

হযরত হাসান বছরী ও হাবীব আজমী (রহঃ): বছরা নগরীর এক চৌরাস্তার পার্শ্বে ছিল হযরত হাবীব (রহঃ)-এর বাসগৃহ। তিনি প্রায়ই একটি চামড়ার জামা পরিধান করতেন। একদা তিনি উক্ত চৌরাস্তার উপর নিজের জামাটি খুলে রেখে কোথায় কোন কাজে গেলেন। ইতিমধ্যে হযরত হাসান বছরী ঐ পথ দিয়ে যাওয়ার সময় উক্ত জামাটি দেখতে পেয়ে মনে করলেন, আত্মভোলা হাবীব হয়ত ভুলে এখানে জামাটি ফেলে গিয়েছে। তা এভাবে পথে পড়ে থাকলে কেউ হয়ত নিয়ে যেতে পারে, এ আশঙ্কায় তিনি সেখানে পায়চারি করতে লাগলেন। ইতিমধ্যে হাবীব (রহঃ) আবার ফিরে এসে দেখতে পেলেন হযরত হাসান বছরী (রহঃ) জামাটির কাছে পায়চারি করছেন। তিনি তখন তাঁকে জিজ্ঞেস করলেন, ওহে ইমামুল মুমিনীন! আপনি কি উদ্দেশ্যে একাকী এখানে ঘুরাফিরা করছেন? হযরত হাসান বছরী (রহঃ) বললেন, ওহে মনভোলা হাবীব। তুমি কার উপর ভরসা করে জামাটি ফেলে গিয়েছিলে? হাবীব (রহঃ) বললেন,। যিনি আপনাকে এর পাহারায় নিযুক্ত করেছেন, আমি তাঁরই উপরে নির্ভর করেছিলাম।হাবীব আজমীর (রহঃ) উত্তরে হাসান (রহঃ) বললেন, হাবীব! তুমি ধন্য।একদা হযরত হাসান বছরী (রহঃ) হযরত হাবীব (রহঃ)-এর গৃহে তাশরীফ আনলেন। হাবীব (রহঃ)-এর গৃহে তখন একটি যবের রুটি ও সামান্য লবণ ছাড়া আর কিছু ছিল না। তিনি তা-ই হযরত হাসান (রহঃ)-এর সামনে উপস্থিত করলেন। হযরত হাসান (রহঃ) আহার করতে বসে গেলেন। ঠিক এই মুহূর্তে জনৈক ভিক্ষুক এসে কিছু খাবার প্রার্থনা করায় হযরত হাবীব আজমী (রহঃ) হযরত হাসান বছরীর (রহঃ) দস্তরখান থেকে পুরো রুটিখানা ও লবণটুকু তুলে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। এ ঘটনায় হযরত হাসান বছরী (রহঃ) তাকে বললেন, হাবীব! তোমাকে তো খুব যোগ্য লোক বলেই মনে করতাম এবং এখনও তা-ই মনে করি তবে তার সাথে কিছু জ্ঞানেরও সংযুক্তি ঘটলে ভাল হত। মেহমানের সম্মুখ থেকে এভাবে সম্পূর্ণ খানা উঠিয়ে নেয়া জ্ঞানীর কাজ নহে।হযরত হাবীব আজমী (রহঃ) কোন জবাব না দিয়ে চুপ করে রইলেন। এর কিছু পরেই এক পরিচারক এক খাঞ্চা ভর্তি নানারূপ উৎকৃষ্ট ও সুস্বাদু খাদ্য দ্রব্য নিয়ে হাজির হল। ঐ খাঞ্চায় পাঁচশত মুদ্রাও ছিল। হযরত হাবীব আজমী (রহঃ) মুদ্রগুলো গরীবদেরকে দান করে দিলেন। অতঃপর হাবীব আজমী হযরত হাসান (রহঃ)-কে নিয়ে আহার করতে বসলেন। দুজনে পরম তৃপ্তিতে আহার সমাপ্ত করার পর হযরত হাসান বছরী (রহঃ)-কে বললেন, হযরত! আপনি বড় আউলিয়া সন্দেহ নেই। আপনি এলেম ও জ্ঞানের সাগর তা সবাই স্বীকার করে। তবে এর সাথে কিছুটা বেশী ইয়াকীনেরও প্রয়োজন ছিল, তাহলে আরও ভাল হত।অন্তরের নিয়তই সর্বাধিক মূল্যবান: তাপস শ্রেষ্ঠ হযরত হাবীব আজমী (রহঃ) একদা মাগরিব নামাযের ইমামতী করছিলেন। হযরত হাসান বছরী (রহঃ) এসে জামাতে শরীক হলেন। নামাযে হযরত হাবীব আজমী (রহঃ) সূরা ফাতিহার "আল হামদু" শব্দের উচ্চারণ যথাযথ করতে পারলেন না। তাঁর কিরাত এরূপ অশুদ্ধ দেখে হযরত হাসান বছরী (রহঃ) মনে করলেন, তাঁর পিছনে নামায পড়লে তা আদায় হবে না। অতএব তিনি জামাত ছেড়ে দিয়ে পৃথকভাবে একাকী নামায পড়লেন। সে দিন রাত্রে হযরত হাসান বছরী (রহঃ) আল্লাহকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! তোমার সন্তুষ্টি লাভের উপায় কি? আল্লাহ জবাব দিলেন, হাসান! তুমি আমার সন্তুষ্টি লাভ করেছ ঠিকই, কিন্তু তার মর্যাদা রক্ষা করনি। হযরত হাসান (রহঃ) বললেন, তা কেমন করে মাবুদ? আল্লাহ্ বললেন, তুমি আমার হাবীবের কিরাত পাঠের অশুদ্ধতার দিকটিকেই দেখলে অথচ তার নিয়তের বিশুদ্ধতার দিকে লক্ষ্য করলে না। জেনে রেখ, প্রকাশ্য বিশুদ্ধতার চেয়ে আন্তরিক বিশুদ্ধতার মূল্য অনেক বেশী। আজ তুমি হাবীব আজমীর পিছনে যদি নামায আদায় করতে তবে সে নামায তোমার জীবনের সর্বোৎকৃষ্ট নামায হত।

হাজ্জাজের সৈন্যদের থেকে উস্তাদকে হেফাযত: একদা হযরত হাসান বছরী (রহঃ) জালিম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের সৈন্যদের ভয়ে হযরত হাবীব আজমীর (রহঃ) ইবাদতখানায় প্রবেশ করলেন। সৈন্যগণ তাঁর প্রায় পিছনে পিছনে ছুটে এসে হযরত হাবীব আজমীর (রহঃ) কাছে জিজ্ঞেস করল, হাসান গেলেন কোথায়? হাবীব আজমী (রহঃ) জবাব দিলেন, তিনি মসজিদের মধ্যে আছেন? সৈন্যগণ তাঁকে মসজিদে তন্ন তন্ন করে তালাশ করল। কিন্তু তাঁর সন্ধান পেল না। তারা আবার হাবীব আজমীর (রহঃ) কাছে জিজ্ঞেস করল, সত্যি বলুন, তিনি কোথায় আছেন? তিনি জবাব দিলেন, আমি তো বলছি, তিনি মসজিদের ভিতরই রয়েছেন। তাঁর কথা শুনে তারা পুনরায় মসজিদের মধ্যে ভাল করে তালাশ করে এবারও তাঁকে দেখতে না পেয়ে কিছুটা বিরক্ত এবং ক্রুদ্ধ মেজাজে হযরত হাবীব (রহঃ)- কে বলল, জনাব! হাজ্জাজ আপনাদের সাথে যে দুর্ব্যবহার করেন,আপনারা তার উপযুক্তই বটে। আপনারা মিথ্যাবাদী। মসজিদে হাসান (রহঃ)-এর নাম-নিশানা নেই, অথচ আপনি বলছেন তিনি মসজিদে আছেন। হযরত হাবীব (রহঃ) বললেন, আমি স্বচক্ষে দেখেছি, তিনি মসজিদে ঢুকেছেন, এখন তোমরা তাঁকে দেখতে না পেলে আমি তার কি করতে পারি, বল।সৈন্যগণ তাঁর কথার উপর আস্থা না এনে বিরক্তির সাথে বিদায় হল।তাদের চলে যাওয়ার পর হযরত হাসান (রহঃ) বের হয়ে এসে হাবীব (রহঃ)-কে বললেন, ওহে হাবীব। ওরা যে মসজিদে ঢুকে বার বার সম্মুখ দিয়ে ঘুরে গেল, এমনকি আমার উপর হাতও রাখল কিন্তু আমাকে চিনতে পারল না। আমার আক্ষেপ হল, আমি তোমার উস্তাদ হওয়া সত্ত্বেও কি করে তুমি উস্তাদের মসজিদে প্রবেশের কথা ওদেরকে জানিয়ে দিলে? তোমার কি এটা উচিত হয়েছে? হাবীব (রহঃ) বললেন, দেখুন সত্যকে তো বর্জন করা যায় না। আর প্রকৃত পক্ষে আমি সত্য কথা বলছি বলেই আপনি আজ বিপদ থেকে রক্ষা পেয়েছেন। অন্যথায় দু'জনেই গ্রেফতার হয়ে যেতাম। হযরত হাবীব (রহঃ)-এর কথা শুনে হযরত হাসান (রহঃ) জিজ্ঞেস করলেন, আচ্ছা হাবীব! বলত, তুমি কোন কালাম পাঠ করেছিলে যার বদৌলতে ওরা আমাকে দেখতে পেয়েও চিনতে পারল না? হাবীব (রহঃ) বললেন, হযরত! আমি দুবার "পবিত্র আয়াতুল কুরসী, দশবার সূরা ইখলাস এবং দশবার 'আমানার রাসূলু........." পাঠ করে আল্লাহর দরবারে বলেছিলাম, ওহে মাবুদ! আমি আমার ওস্তাদকে তোমার হাতে সোপর্দ করলাম তুমি তাঁকে হেফাজত কর।

অন্তরের বিশুদ্ধতার ফজীলত: একদা হযরত হাসান বছরী (রহঃ) দজলা নদীর তীরে পৌঁছে নদী পার হওয়ার জন্য নৌকার অপেক্ষা করছিলেন। এমন সময় কোথা থেকে হযরত হাবীব আজমী (রহঃ) সেখানে এসে পড়লেন। তিনি হযরত হাসান বছরীকে (রহঃ) নদীর তীরে এভাবে পায়চারি করতে দেখে জিজ্ঞেস করলেন, এখানে কি করছেন? হাসান (রহঃ) বললেন, নদী পার হওয়ার জন্য নৌকার অপেক্ষা করছি। হাবীব আজমী (রহঃ) বললেন, কেন উস্তাদজী! আপনিই তো আমাকে শিক্ষা দিয়েছেন, অন্তর পরিষ্কার রেখে পানির উপর দিয়ে হেঁটে রওয়ানা করবে, পানিতে তোমার পা দাববে না। আমি তো তা পরীক্ষা করে দেখেছি। এই বলে তিনি পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। হাবীব আজমীর (রহঃ) এ ঘটনা দেখে হাসান বছরী (রহঃ) বেহুঁশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে তাঁকে জিজ্ঞেস করল, হুযুর! আপনার কি হয়েছিল? তিনি বললেন, আমার শাগরেদ হাবীব আমার নিকট থেকে উপদেশ লাভ করে তদনুযায়ী আমল করে অনায়াসে নদী পার হয়ে গেল, কিন্তু আমি তাতে সক্ষম হলাম না। আমার মনে হঠাৎ রোজ কিয়ামতের কথা স্বরণ হল পুলছিরাত পার হতে যদি আমি অক্ষম হয়ে পড়ি তাহলে আমার কি হবে? এরপর একদিন হাবীব আজমীর (রহঃ) সাথে হাসান বছরীর (রহঃ) সাক্ষাৎ হলে তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, হাবীব! তোমার সেদিনকার যোগ্যতা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। বল, কোন আমল দ্বারা তুমি এ যোগ্যতা অর্জন করেছ?হাবীব আজমী (রহঃ) বললেন, হুযুর! আপনিই তো একদিন এরূপ শিক্ষা দান করেছিলেন যে, (ক) মন থেকে হিংসা-বিদ্বেষ দূর কর (খ) দুনিয়াবী মায়া-মহব্বত মন থেকে মুছে ফেল (গ) বিপদাপদকে সম্পদ মনে কর এবং সবই আল্লাহর মর্জীতে হয় বলে মনে-প্রাণে বিশ্বাস কর। এরপর আল্লাহর নাম স্মরণ করে যা ইচ্ছা তা-ই করতে পারবে।হযরত হাবীব আজমীর (রহঃ) কথা শুনে হযরত হাসান বছরী (রহঃ) মনে মনে বললেন, ওহে মাবুদ! অনেকেই তো আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ফায়েদা হাসিল করল কিন্তু আমি নিজে যে অযোগ্যই থেকে গেলাম।

প্রিয় পাঠক-পাঠিকা! উল্লেখিত ঘটনা পাঠ করে কারও মনে যদি এরূপ ধারণা সৃষ্টি হয় যে, হযরত হাসান বছরী (রহঃ) অপেক্ষা হযরত হাবীব আজমী (রহঃ) বেশী মর্যাদাশালী ও বড় অলী ছিলেন, তাহলে তা ভুল হবে। কেননা আল্লাহর দরবারে ইলেমের মর্যাদা অনেক বেশী। আর সেজন্য তিনি হযরত রাসূলে করীম (দঃ)- কে সম্বোধন করে বলেছিলেন, হে নবী (দঃ)! আপনি প্রার্থনা করুন "রাব্বী যিদনী ইলমা" অর্থাৎ "হে আমার প্রতিপালক! আপনি আমার ইলম বৃদ্ধি করে দিন।"

হযরত সোলায়মান (আঃ) একজন বিশিষ্ট নবী ও প্রবল পরাক্রান্ত বাদশাহ্ ছিলেন। মানুষ তো বটেই, এমনকি জ্বিন-পরী, দৈত্য-দানব, পশু-পক্ষী, বায়ু পর্যন্ত তাঁর তাবেদার ছিল। অথচ তিনি অনুবর্তী ছিলেন মূসা (আঃ)-এর। তাঁকে রীতি-নীতি মেনে চলতে হত মূসার (আঃ) তৌরাত কিতাবের। এরই ভিত্তিতে বুঝা গেল যে, কারামতীর দিক থেকে হাবীব আজমীর (রহঃ) স্থান খুব উচ্চে মনে হলেও ইলমে মারেফাত, হাকীকত, তরীকত ও শরীয়তের সামগ্রির বিচারে হযরত হাসান বছরীই (রহঃ) ছিলেন শ্রেষ্ঠ।

তাৎপর্যমূলক ফতোয়া: একদা হযরত ইমাম শাফেয়ী (রহঃ) ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) কোন এক জায়গায় একত্রিত হয়েছিলেন। ইতিমধ্যে হযরত হাবীব আজমী (রহঃ)-ও সেখানে হাজির হলেন। তাঁকে দেখে ইমাম হাম্বল (রহঃ) ইমাম শাফেয়ীর (রহঃ) নিকট বললেন, এ এক ভিন্ন প্রকৃতির লোক। এর কাছে কোন কিছু জিজ্ঞেস না করাই ভাল। হাবীব আজমী (রহঃ) তাদের নিকট গিয়ে আসন গ্রহণ করার পরই ইমাম হাম্বাল (রহঃ) তাঁকে বললেন, আচ্ছা শেখ সাহেব! মনে করুন, এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের এক ওয়াক্ত আদায় করেনি। আর কোন ওয়াক্ত আদায় করেনি, তাও তার স্মরণ নেই, এমতাবস্থায় লোকটি কি করবে?হযরত হাবীব আজমী (রহঃ) বললেন, মনে হয় লোকটি বড় গাফিল। তাই তার কিছু শিক্ষার প্রয়োজন। অতএব লোকটির পুরো পাঁচ ওয়াক্ত নামাযই আদায় করতে হবে। ইমাম হাম্বল (রহঃ) তাঁর এ তাৎপর্যপূর্ণ ও জ্ঞানগর্ভ জবাব শুনে অবাক হয়ে গেলেন।কথিত আছে, প্রায় বিশ বছর যাবত একটি পরিচারিকা হযরত হাবীব আজমী (রহঃ) গৃহে তাঁর খেদমত করত। এই দীর্ঘ দিনের মধ্যে তিনি একবারও পরিচারিকার চেহারার দিকে দৃষ্টিপাত করে দেখেননি। একদা গৃহে ঐ পরিচারিকাকে দেখে তিনি বললেন, তুমি আমার পরিচারিকাটিকে ডেকে দাও। সে বলল, হুযুর! আমিই তো আপনার পরিচারিকা। তখন হযরত হাবীব আজমী (রহঃ) বললেন, দেখ! দীর্ঘদিন ধরে আমি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও দিকে চোখ তুলে দেখিনি। তাই তোমাকে চিনতে না পেরেই আমি ঐরূপ বলেছিলাম।একদা শুনা গেল, হাবীব আজমী (রহঃ) বলছেন, হে মাবুদ! যে ব্যক্তি আপনাকে লাভ করে খুশী হতে পারেনি, সে যেন অন্য কোনকিছু লাভ করেও সন্তুষ্ট না হয়। আপনার প্রতি যার ভালবাসা নেই, অন্য কারও প্রতি যেন তার আকর্ষণ না থাকে।একদা এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, জনাব! আপনি তো তারেকে দুনিয়া। বলুন তো, আল্লাহর সন্তুষ্টি কিসে লাভ করা যায়? তিনি জবাব দিলেন, হৃদয়কে একেবারেই নিরংকুশ ও অকপট করতে হবে।তার কাছে কেউ কখনও কোরআন পাঠ শুরু করলেই তিনি কেঁদে জার জার হয়ে যেতেন। তা দেখে লোকজন জিজ্ঞেস করত, হুযুর! আপনি তো আজমী লোক কোরআন পাক হল আরবী ভাষায় লিখিত। আপনি এর অর্থ বুঝেন না তবুও ক্রন্দন করছেন কেন? তিনি জবাবে বলতেন, আমি আজমী ঠিকই কিন্তু আমার অন্তর আরবী ভাষায় পরিপূর্ণ।এক দরবেশ বলেন, আমি হযরত হাবীব আজমীর (রহঃ) মর্যাদার দিকে লক্ষ্য করে একদিন বললাম, এই আজমী লোকটি এত মরতবা অর্জন করল কোথা থেকে? সাথে সাথে উক্ত দরবেশ এক গায়েবী -আওয়াজ শুনতে পেলেন, হাবীব আজমের লোক ঠিকই, কিন্তু আমার অন্তরঙ্গ বন্ধু।

দোয়ার বরকত: কথিত আছে, এক হত্যাকারীকে শূলে চড়িয়ে হত্যা করা হয়। তার প্রাণদণ্ডের পর কতিপয় লোক স্বপ্নে দেখল, সে সবুজ পোশাকে ভূষিত হয়ে বেহেশতের বাগিচায় ভ্রমণরত। তারা জিজ্ঞেস করল, তুমি তো হত্যাকারী, তবে এত মর্যাদা কিভাবে পেলে? লোকটি জবাব দিল, যখন আমাকে শূলদণ্ডে চড়ানো হয়েছিল, তখন তার নিকট দিয়ে হযরত হাবীব আজমী (রহঃ) গমন করছিলেন। তিনি আমার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তাঁর সেই প্রার্থনাই আমার এই মর্যাদার উৎস।

 

তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া 

Sufi.News Portal (Sufibadi.com) is a digital sanctuary spreading Sufi wisdom, human love, and interfaith harmony. We highlight saint biographies, sacred traditions, and spiritual practices to foster inner peace and global unity. ​Join our community grounded in compassion and unconditional love! ​📞 Contact: +880-1840624624 (BD) / +91-9332594925 (IN) | Email: moinur.chisty@sufibadi.com | Web: Sufibadi.com Email: sufibadillc@gmail.com

Comments

https://sufi.news/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!