views
sufibadi.com
হযরত ইব্রাহীম আদহাম (রহঃ) অত্যন্ত খোদাভীরু সত্যনিষ্ঠ বোযর্গ ছিলেন। তিনি জীবনে বহু আউলিয়ার নেক ছোহবত ও কঠোর সাধনার দ্বারা নিজেকে মুসলিম জাহানের এক খ্যাতনামা তাপসরূপে গণ্য করে গিয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) বলেন, দুনিয়ার সুবিখ্যাত অলীআল্লাহগণের এলমে বাতেনের যে গভীর জ্ঞানরাশি ছিল, হযরত ইব্রাহীম (রহঃ)-এর ভিতরে তা সবই পুরোপুরিরূপে ছিল। আর সত্যি বলতে কি, প্রকৃতপক্ষে তিনি এলমে বাতেনের খাযীনাখানার চাবিস্বরূপ ছিলেন। হযরত ইমাম আবু হানীফার (রহঃ) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হযরত আবু হানীফার (রহঃ) দরবারে তিনি খুবই যাতায়াত করতেন।শুনা যায় একদিন হযরত ইব্রাহীম (রহঃ) তাঁর দরবারে উপস্থিত হলে দরবারের লোকগণ তাঁর প্রতি কিছুটা অবজ্ঞার ভাব প্রদর্শন করল। কিন্তু আবু হানীফা (রহঃ) তাঁকে দেখে বললেন, "জা--য়া সাইয়্যেদুনা" অর্থাৎ আমাদের সর্দার এসেছেন। এই বলে তিনি তাঁকে সসম্মানে নিজের পার্শ্বে আসন দিলেন। তাঁর প্রতি এই ধরনের সম্মান প্রদর্শন করায় দরবারের লোকেরা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলেন, কোন যোগ্যতায় তিনি এত বেশী সম্মানের অধিকারী হলেন? ইমাম সাহেব (রহঃ) জবাব দিলেন, ইনি দিবা রাত্রের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন।ইব্রাহীম (রহঃ) এক জামানায় বলখ ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতাপশালী বাদশাহ ছিলেন। তাঁর দাপটে পার্শ্ববর্তী রাজা-বাদশাহগণ ভয়ে কম্পিত ছিলেন। তাঁর শানশাওকত জাঁক-জমক ছিল তাঁরই অনুরূপ। তিনি যখন রাজকীয় বাহনে রাস্তায় বের হতেন তখন স্বর্ণের ঢালধারী চল্লিশজন অশ্বারোহী তাঁর সম্মুখে এবং চল্লিশ জন তার পশ্চাতে দেহরক্ষী থাকত।একদা রাত্রে তিনি রাজমহলের সুবর্ণ পালঙ্কে সুকোমল শয্যায় ইবাদতরত। সহসা গভীর রাত্রে নীরব ও নিস্তব্ধ পরিবেশে তিনি ছাদের উপর কারও পদশব্দ শুনতে পেলেন। এই গভীর নিশীথে ছাদের উপরে কে দ্রুতপদে চলা-ফিরা করছে বুঝতে না পেরে উচ্চ কন্ঠে আওয়াজ দিলেন, কে ছাদের উপরে? সঙ্গে সঙ্গে জবাব এল, আমি তোমার এক বন্ধু। আমার একটি উট হারিয়েছে, তাঁরই খোঁজ করছি। এরূপ কথা শুনে বিস্ময়ে ও বিরক্তিতে তিনি ধমকের সুরে বললেন, কি বলছ মূর্খ! প্রাসাদের ছাদের উপর উট তালাশ করা নিছক বোকামী আগন্তুকের পক্ষ থেকে জবাব এল, ওহে অর্বাচীন! আমার এ কাজটিকে তুমি বোকামী বলছ, কিন্তু স্বর্ণপালঙ্কের সুকোমল মখমল শয্যায় শুয়ে ও মহা মূল্যবান সুবর্ণ জরির পোশাকে ভূষিত হয়ে সৃষ্টিকর্তার খুশী অনুসন্ধান করা কি তদপেক্ষাও অধিক বোকামী নয়? এ কথা বলেই আগন্তুক অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার এ অমোঘ বাক্যের প্রভাব হযরত ইব্রাহীম (রহঃ)-এর মনে ভীষণ তোলপাড় সৃষ্টি হল। মুহূর্তে তাঁর হৃদয়ে প্রবল ভাবান্তর দেখা দিল। সারা অন্তর জুড়ে অনুশোচনার আগুন জ্বলে উঠল।রাতে তাঁর ঘুম হল না। সারা রাত্রি দারুণ চিন্তা ও অশান্তির মধ্যে কেটে গেল। পরদিন তিনি পাত্র-মিত্রের দ্বারা পরিবেষ্টিত হয়ে রাজ দরবারে উপবিষ্ট ছিলেন। এমন সময় কোথা থেকে এক তেজস্বী পুরুষ এসে দরবার গৃহে প্রবেশ করলেন। তাঁর চেহারা ও লক্ষণাদি এমন ছিল যে, কেউ তাকে বাঁধা প্রদান করতে সাহস পেল না। তার ভাবধারা দেখে লোকেরা হতভম্ব হয়ে গেল।ইব্রাহীম (রহঃ) আগন্তুককে জিজ্ঞেস করলেন, তুমি কে? কি চাও এখানে? সে বলল, আমি এক পথিক ব্যক্তি। এই পান্থশালায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে চাই।ইব্রাহীম (রহঃ) বললেন, এ তো পান্থশালা নয়। এ যে আমার বাসভবন।আগন্তুক বললেন, পান্থশালা নয়? তোমার পূর্বে এ বাসভবনে কে বাস করত? ইব্রাহীম (রহঃ) বললেন, আমার পিতা বাস করতেন।
--তার পূর্বে কে বাস করত?
--আমার পিতামহ বাস করতেন।
--তার পূর্বে এখানে কে ছিল?
--আমার প্রপিতামহ ছিলেন।
--তারা সব কোথায় এখন।
--তারা সব চলে গেছেন।
এবার আগন্তুক বললেন, এখানে যখন একজন আসে আর চলে যায়, তারপরও বল যে, এ পান্থশালা নয়। এ যদি স্থায়ী নিবাস হত তাহলে তো তারা আজ এখানে থাকতেন। এই কথা বলে আগন্তুক দ্রুতপদে দরবার কক্ষ ত্যাগ করলেন।ইব্রাহীম (রহঃ)-এর মনে পূর্বেই তুমুল আলোড়ন শুরু হয়ে গিয়েছিল। আজ আগন্তুকের কথায় তা আরও প্রবলাকার ধারণ করল। তিনি কুরসী থেকে উঠে দ্রুতগতিতে ঐ আগন্তুকের পিছু ধরলেন। বহু দূর গিয়ে তিনি তার নাগাল পেয়ে ভয় জড়িত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মহাজন, আপনি কে? প্রশান্ত গম্ভীর স্বরে তিনি বললেন, আমি আল্লাহর বান্দা খিজির। আত্ম পরিচয় দান করেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর তাঁর কাছে কোন কিছু জিজ্ঞেস করার সুযোগ হল না। ইব্রাহীম (রহঃ) মনে দারুণ অশান্তি নিয়েই ফিরলেন। রাজাসনে এখনও তিনি সমাসীন রয়েছেন ঠিকই, কিন্তু তাঁর ম.ন পূর্বের শান্তি নেই। অনবরতই মনে এই অশান্তি বিরাজ করছে। কিছুতেই সরাতে না পেরে তিনি স্থির করলেন, লোক-লস্কর নিয়ে শিকারে যাবেন। শিকারের আনন্দে মনের অবস্থার যদি পরিবর্তন হয়।
জীবনের পরিবর্তনঃ কিছু দিন পরে ইব্রাহীম আদহাম (রহঃ) কতিপয় সহচরসহ শিকারের উদ্দেশ্যে গমন করলেন। শিকারের উদ্দেশ্যে ইতস্ততঃ ভ্রমণ করতে করতে একবার তিনি স্বীয় সহচরদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। এ সময় হঠাৎ এক গায়েবী আওয়াজ ভেসে আসল, "ইব্রাহীম! এখনও সতর্ক হও! মৃত্যু ঘনিয়ে আসার পূর্বেই তুমি জাগ্রত হও।" পর পর কয়েকবারই তিনি এই আওয়াজ শুনলেন। সহসা একটি হরিণ দৃষ্টিগোচর হল। তিনি হরিণটি শিকারের উদ্যত হলে হরিণটি বলে উঠল, ইব্রাহীম! তুমি আমাকে শিকার করতে পারবে না বরং আমিই তোমাকে শিকার করার জন্য প্রেরিত হয়েছি। ইব্রাহীম! তুমি কি এতই গাফিল? এই সব কাজের জন্যই কি তুমি জগতে এসেছ? হরিণের মুখে এরূপ বাক্য শুনে তিনি হতবাক হয়ে গেলেন এবং শিকার থেকে বিরত হয়ে স্বীয় অশ্বে সওয়ার হলেন। কিন্তু কি আশ্চর্য! অশ্বের জ্বীন থেকেও যেন হরিণের মুখের আওয়াজ প্রতিধ্বনিত। হতে লাগল। এবার তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। পার্থিব সবকিছু তাঁর কাছে অসার মনে হল। দুচোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হয়ে তাঁর পরিধেয় বসন এমনকি অশ্বটিও সিক্ত হয়ে গেল। তিনি স্থির সঙ্কল্পবদ্ধ হলেন, কোন দিন লোকালয়ে আর প্রত্যাবর্তন করবেন না। বাদশাহীর মায়াজালে তিনি আর আবদ্ধ হবেন না। সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেই গভীর অরণ্যেই বিচরণ করতে লাগলেন। কিছু দূর গমন করে তিনি চটের জামা-কাপড় পরিহিত এক রাখালকে দেখলেন। তাকে স্বীয় শাহী পোশাক প্রদান করে পরিবর্তে সেই চটের পোশাক নিজে পরিধান করলেন। এভাবেই বলখের বাদশাহ্ তাঁর বাদশাহীর বিনিময়ে ফকিরী গ্রহণ করে বনে-জঙ্গলে কাল যাপন করতে শুরু করলেন। তওবা এবং ক্রন্দনই হল তাঁর জীবনের একমাত্র অবলম্বন।অতঃপর ঘুরতে ঘুরতে তিনি একদা মারভে এক অন্ধ ব্যক্তিকে পুল পার হতে দেখলেন। লোকটির পুল থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে ইব্রাহীম (রহঃ) বলে উঠলেন, "আল্লাহুম্মাহফিযহু" আল্লাহ। তুমি একে রক্ষা কর। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল, লোকটি শূন্যে বেড়াতে শুরু করল। এই অপূর্ব ঘটনা প্রত্যক্ষ করে ইব্রাহীম (রহঃ)-এর মন আরও বেশী ভাবোদ্বেল হয়ে উঠল।অতঃপর সেখান থেকে তিনি নিশাপুরের নিকটে পৌঁছলেন এবং অন্ধকার গুহায় আশ্রয় নিলেন। এই গুহায় তিনি একাধারে দীর্ঘ নয় বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। এ সময় তিনি স্বীয় নফসের সাথে যে কঠোর সংগ্রাম ও সাধনায় ন্যস্ত ছিলেন তা ভাবলেও দেহ শিহরিয়া উঠে। প্রতি শুক্রবার তিনি গুহা থেকে বের হয়ে কাঠ আহরণ করে নিশাপুরে বিক্রয় করে সামান্য রুটি ক্রয় করে অর্ধেক দুঃখী-দরিদ্রকে দান করে বাকী অর্ধেক নিজে খেতেন। একবার আহার করার জন্যও তা যথেষ্ট হতো না। তা-ই ভক্ষণ করে নিশাপুরে জুমা আদায় করে তিনি গুহায় প্রবেশ করতেন এবং শুক্রবার পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতেন।শীতকালের এক গভীর রাতে তিনি উক্ত গুহায় নামাযে মগ্ন ছিলেন। একে তো প্রবল শীত, তদুপরি তুষার পতনের ফলে ঠান্ডার মাত্রা অত্যধিক বেড়ে গিয়েছিল। যার ফলে ভীষণ সর্দির প্রকোপে ইব্রাহীম (রহঃ)-এর অবস্থা মারাত্মক হয়ে পড়েছিল। তবুও তাঁর ইবাদতে কোনরূপ শৈথিল্য ছিল না। একদিকে প্রবল ঠান্ডায় দেহ অবশ হয়ে আসছিল, অন্যদিকে সর্দির প্রকোপে মস্তক ভারে পাহাড় তুল্য মনে হচ্ছিল। এই সময় তিনি ইবাদতে বিঘ্ন ঘটতে পারে মনে করে, মনে মনে চিন্তা করলেন, হায়। যদি এ সময় নিকটে একটু আগুনের বন্দোবস্ত হত, তাহলে আর কোন অসুবিধা হত না। সাথে সাথে মনে হল, কে যেন তাঁকে পৃষ্ঠ দেশে একটি উষ্ণ চামড়ার পোশাক পরিয়ে দিল। তাতে তাঁর সারা দেহ বেশ গরম হয়ে উঠল। এভাবে রাত অবসান হওয়ার পর তিনি দেখতে পেলেন, একটি বৃহৎ অজগর তার পিঠ পেঁচিয়ে রয়েছে। এই দৃশ্য অবলোকন করে তাঁর মনে ভীতির উদ্রেক হওয়ায় তিনি আল্লাহর দরবারে মুনাজাত করলেন, হে মাবুদ! তোমার বিচিত্র কুদরত বুঝা আমার সাধ্য নয়। যাকে আমি তোমার ভীষণ গজব স্বরূপ মনে করি, তাকেই তোমার অশেষ রহমতস্বরূপ নাযিল করে দিলে? ধন্য তোমার কারিগরি। দেখতে না দেখতে মাথা নত করে সাপটি অদৃশ্য হয়ে গেল।ইব্রাহীম (রহঃ)-এর এই কঠোর সাধনা ও তপস্যার কথা ইতিমধ্যেই লোক সমাজে প্রকাশ পেয়েছিল। অচিরেই তাঁর এই অবস্থানে মানুষের আনাগোনা শুরু হল। ক্রমে ভীড় বৃদ্ধি পেতে লাগল। যে নির্জন স্থানে তিনি নিরিবিলি ইবাদত করছিলেন, তা এখন লোকারণ্যে পরিণত হয়ে উঠল। তাই তিনি উক্ত গুহা পরিত্যাগ করে মক্কায় গেলেন।কথিত আছে যে, তিনি এ গুহা পরিত্যাগ করার পর হযরত আবু সাঈদ (রহঃ) একবার কৌতূহল বশে গুহাটি দেখতে গেলেন। উক্ত গুহা থেকে অপূর্ব সুঘ্রাণ বিচ্ছুরিত হচ্ছিল। তিনি বলেন, ইব্রাহীম (রহঃ) ঐ গুহায় অবস্থানের ফলে তা থেকে যে অনুপম সুঘ্রাণ বিচ্ছুরিত হল, মনে হয় সমস্ত গুহাটি মৃগনাভী দ্বারা পূর্ণ করে রাখলেও তেমন সুঘ্রাণ পাওয়া যেত না।শুনা যায়, ইব্রাহীম আদহাম (রহঃ) যখন বনে অবস্থান করছিলেন, তখন জনৈক বোযর্গ তাঁক ইসমে আজম (আল্লাহ পাকের মহান শ্রেষ্ঠ নাম) শিক্ষা দিয়েছিলেন। অতঃপর তিনি রীতিমত সে নাম জপতেন। একদিন হযরত খিজির (আঃ) তাঁর সাথে সাক্ষাত করে বললেন, যিনি তোমাকে ইসমে আজম শিখিয়েছেন, তিনি আমার ভ্রাতা ইলিয়াস (রহঃ)। সে দিন খিজির (আঃ)-এর সাথে তাঁর বেশ কিছু কথোপকথন হল। ইব্রাহীম আদহাম (রহঃ) সে দিন তাঁর কাছ থেকে দীক্ষা নিলেন এবং সেই অনুসারে সাধনা দ্বারা তিনি ইলমে মারেফাতের সর্বোচ্চ সোপানে আরোহণ করেন এবং আল্লাহর সান্নিধ্য অর্জনে সক্ষম হলেন।ইব্রাহীম আদহাম (রহঃ) বলেন, আমি মক্কা অভিমুখে অগ্রসর হয়ে ইরাক সীমান্তে যাতুল এরকে পৌঁছে সত্তরজন দরবেশের সাক্ষাত লাভ করলাম। একজন ছাড়া সকলেই রক্তাক্ত কলেবরে মৃত অবস্থায় শায়িত ছিলেন। জীবিত ব্যক্তির নিকট ঘটনা জানতে চাইলাম। তিনি বললেন, ইব্রাহীম। শুধু পানিকেই জীবনের অবলম্বন কর। আর আল্লাহ থেকে দূরে সরে পড়ো না। তাহলে তার রহমত থেকেও দূরে চলে যাবে। খুব বেশী নিকটবর্তীও হয়ো না। তাতে তোমার ক্লান্তি দেখা দিবে।অপরাধ করে অশান্তি সৃষ্টি করা কোন মতেই উচিৎ নয়। আর কাফিরদের মত হাজীদেরকে বন্ধুত্বের ভান করে হত্যাকারী কপট বন্ধুদের থেকে সতর্ক থাক। এবার আমাদের কথা শুন। আমরা দুনিয়া ত্যাগী দরবেশদেরই একটি দল। আমরা কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করেই এ পথে চলছিলাম।আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে, কারও সাথে কোনরূপ বাক্যালাপ করব না। আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে ভয় করব না। তিনি ছাড়া আর কারও উপরেই ভরসা করব না। অতঃপর এই জঙ্গল অতিক্রম করে মক্কায় কা'বা গৃহে পৌঁছেই আমরা হযরত খিজির (আঃ)-এর সাক্ষাত লাভ করলাম। আমরা তাঁকে সালাম করে অত্যন্ত আনন্দের সাথে বললাম, আল্লাহর শোকর, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। ধন্যবাদ আল্লাহর যে, এমন মহান ব্যক্তি আমাদের সম্বর্ধনার জন্য অগ্রসর হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ওহে ভণ্ডের দল। আমার সহিত তোমাদের কি এই প্রতিজ্ঞা ছিল? আমাকে ভুলে তোমরা কি এবার অন্যের সাথে বন্ধুত্বে আবদ্ধ হলে? যাও, এ অপরাধে আমি তোমাদের প্রাণ সংহার করে ফেলব। ইব্রাহীম। এগুলো সেই প্রেম দপ্ত লোকের লাশ। তোমাকে বলছি, অত্যন্ত সতর্কতার সাথে সম্মুখে অগ্রসর হও; নতুবা বিপদসমূল পথ থেকে এখনই প্রত্যাবর্তন কর।দরবেশের কথা শুনে ইব্রাহীম আদহাম (রহঃ) একেবারে হতবাক হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব! অনুগ্রহ করে বলুন, আপনি এই দুর্যোগ থেকে কিরূপে রক্ষা পেলেন?তিনি বললেন, এরা সকলেই অবশ্য কামিল ও খাঁটি প্রেমিক ছিলেন। কিন্তু আমি তখনও কেবল শিক্ষানবিশ, আমার প্রেম তখনও খাটিত্বের পর্যায়ে উপনীত হয়নি, খাঁটি প্রেমিক হওয়ার চেষ্টায় নিয়োজিত। এই পর্যন্ত কথা শেষ করে হঠাৎ সেই দরবেশ লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।এইরূপ শুনা যায় যে, ইব্রাহীম আদহাম (রহঃ) দীর্ঘ চল্লিশ বছর কাল পথে ক্রন্দন ও ইবাদত করতে করতে মক্কার পথে অগ্রসর হলেন। তাঁর আগমনের সংবাদ পেয়ে তথাকার দরবেশগণ তাঁকে অভ্যর্থনা করে আনার জন্য অগ্রসর হন। কিন্তু এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য কাফেলা থেকে পৃথক হয়ে অগ্রেই মক্কার সন্নিকটে গিয়ে পৌঁছেন। ওদিকে দরবেশদের এক খাদেম ইব্রাহীম (রহঃ)-কে সম্বর্ধনা জ্ঞাপনোদ্দেশ্যে সকলের অগ্রেই কাফেলার দিকে গমন করছিলেন। তিনি হযরত ইব্রাহীম (রহঃ)-কে দেখে জিজ্ঞেস করলেন যে, অদূরবর্তী কাফেলায় কি ইব্রাহীম আদহাম (রহঃ) আছেন?ইব্রাহীম (রহঃ) বললেন, সে (অবাধ্য ব্যক্তির) কাছে তোমার কি? এ কথায় খাদেম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাঁকে এক প্রচণ্ড মুষ্টাঘাত করে বললেন, আহম্মক! তুমি এমন একটি বিশিষ্ট তাপসকে জিন্দিক বললে, জিন্দিক তুমিই।ইব্রাহীম (রহঃ) বললেন, আরে মিয়া! আমি ও তো বলছি, আমি জিন্দিকই বটে। অতঃপর একটু দূরে সরে নিজ মনকে বললেন, ওহে মন! তুমি আকাক্ষা করেছিলে যে মক্কার দরবেশগণ তোমাকে সম্বর্ধনা করে নিবে। এবার তার যোগ্য শাস্তি লাভ করলে তো! আল্লাহকে ধন্যবাদ এ জন্য-তুমি যেমনটার আশা করেছিলে, ঠিক তেমন ফলই পেলে। উক্ত খাদেম পরে তাঁকে চিনতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।মক্কায় পৌঁছে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। মক্কার বহু লোক তাঁর কাছে দীক্ষা নিলেন। এখানে পারিবারিক জীবনে তিনি জঙ্গল হতে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করে তার দ্বারা কিছু খাদ্য সংগ্রহ করতেন। আবার কখনও শাক-শজি বিক্রয় অথবা রাখালের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।বলখ পরিত্যাগকালে তিনি তাঁর স্ত্রী ও এক দুগ্ধপোষ্য শিশু পুত্র রেখে এসেছিলেন। উক্ত পুত্র বয়ঃপ্রাপ্ত হয়ে একদিন তার জননীর কাছে পিতার কথা জিজ্ঞেস করলে পিতার কথা আনুপূর্বিক বিবৃত করে বললেন, এখন তিনি পবিত্র মক্কায় আছেন।পিতৃ পরিচয় ও তাঁর অবস্থানের কথা জানতে পেরে পুত্র বললেন, আত্মা। আমি মক্কা গমন করে পিতার সহিত সাক্ষাত করে তাঁর খেদমতে রত হতে চাই।পুত্রের আকাংক্ষায় মাতা খুশী হয়ে অনুমতি দিলেন। তখন তিনি বলখের চার হাজার হজ্জ্ব গমনেচ্ছু লোককে সমুদয় হজ্জ্বের খরচ দিয়ে তাঁর জননীকে নিয়ে মক্কা গমন করলেন। সেখানে পৌঁছে হরম শরীফে ফকিরী পোশাক পরিহিত লোকদের কাছে পিতার কথা জিজ্ঞেস করলেন। তারা বললেন, তিনিই আমাদের দীক্ষাগুরু। এখন তিনি আমাদের রুজির কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বনে গিয়েছেন। সেই কাঠ বিক্রয় করে তিনি আমাদের জন্য রুটি ক্রয় করবেন।শুনামাত্র পুত্র অবিলম্বে জঙ্গল অভিমুখে ছুটে চললেন। পথিমধ্যে দেখতে পেলেন, এক বৃদ্ধ কাঠের বোঝা ঘাড়ে নিয়ে বাজারের দিকে চলছেন। তাঁকেই তিনি স্বীয় পিতা বলে ক্রন্দন করতে করতে তাঁর পিছু পিছু ছুটলেন। বৃদ্ধ বাজারে পৌছে চীৎকার করে বলতে লাগলেন, হালাল দ্রব্যের বিনিময়ে কে হালাল দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক? কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি তাঁকে কয়েকটি রুটির বদলে কাষ্ঠের বোঝাটি গ্রহণ করল। বৃদ্ধ রুটিগুলো নিয়ে মুরীদগণের কাছে দিলেন। তারপর তাদের নিয়ে নামায আদায় করে সবে মিলে আহার করলেন।ইব্রাহীম (রহঃ)-এর পুত্র পিতার ত্যাগী জীবনের ধারা ভালরূপে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে সহসা তাঁর কাছে আত্মপরিচয় দান করলেন না। অতঃপর যখন ইব্রাহীম (রহঃ) তার মুরীদ ও ভক্তগণসমূহ কা'বা প্রদক্ষিণ করছিলেন, সে সময় তাঁর পুত্রও তাওয়াফ কার্যে রত হয়েছিলেন। ঘটনাক্রমে পুত্রটি ইব্রাহীম (রহঃ)-এর সম্মুখীন হয়ে পড়ায় তিনি কিছুক্ষণ ধরে তার প্রতি অপলক নেত্রে তাকিয়ে রইলেন। তাঁর স্বভাব বিরুদ্ধ এ কাজটি দেখে মুরীদগণ অবাক হয়ে গেল।কা'বা প্রদক্ষিণ শেষে তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, হুযুর! আপনিই তো আমাদেরকে উপদেশ দিয়েছেন যে শশ্রুগুলফবিহীন যুবক এবং অপরিচিতা ভিন-নারীর দিকে চোখ তুলে তাকাবে না। অথচ আজ আপনাকে দেখা গেল একটি যুবকের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন। আমাদেরকে এর রহস্য খুলে বলুন।হযরত ইব্রাহীম (রহঃ) বললেন, বৎসগণ! বলখ পরিত্যাগকালে আমি এক দুগ্ধপোষ্য শিশু পুত্র রেখে এসেছিলাম। এই যুবকটিকে আমার সেই পুত্র বলেই মনে হয়েছে।পরদিন এক মুরীদ ব্যক্তি বলখবাসীদের তাঁবুর অনুসন্ধান করে দেখতে পেলেন, এক রেশমী কাপড়ের তাঁবুর অভ্যন্তরে উক্ত যুবক এক মূল্যবান আসনে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। লোকটিকে তাঁবুর মধ্যে প্রবেশ করতে, দেখে তিনি তার আগমনের কারণ জিজ্ঞেস করায় মুরীদ বললেন, জনাব! আপনার কাছে একটি বিষয় জানতে এসেছি, আপনি কার সন্তান? এই প্রশ্ন শুনে যুবক কেঁদে বললেন, দেখুন! আমি আমার পিতাকে দেখিনি। তবে গতকাল এক কাউ বনহকারী বৃদ্ধকে দেখে আমার মনে হয়েছে যে, তিনিই আমার পিতা। তাঁর সাথে কথাবার্তা বলতে পারলে আমার মনের দ্বন্দু দূর হয়ে যেত। তাঁর নাম মোবারক হল ইব্রাহীম আদহাম।মুরীদ বললেন, আপনি আমার সঙ্গে চলুন। আমি তাঁর সাথে আপনার সাক্ষাত করিয়ে দেব। মুরীদ তাকে ইব্রাহীম (রহঃ) নিকট নিয়ে গেল।হযরত ইব্রাহীম আদহাম (রহঃ) এর সাথে যখন দীর্ঘকাল পরে পুত্রের সাক্ষাত ঘটল, তখন উভয় উভয়কে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। এমনকি, ক্রন্দন করতে করতে তারা উভয়েই বেহুঁশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে হুঁশ এলে হযরত ইব্রাহীম (রহঃ) পুত্রকে জিজ্ঞেস করলেন, বাবা! তুমি কোন ধর্ম পালন করছ? পুত্র বললেন, আব্বা! আমি ইসলাম ধর্মের অনুসারী। পিতা বললেন, 'তুমি কি কোরআন শিক্ষা করেছ? পুত্র বললেন, জি হাঁ। পিতা পুনঃ প্রশ্ন করলেন, তাছাড়া আরও কিছু দ্বীনি এলেম হাসিল করেছ কি? পুত্র জবাব দিল, জী হাঁ, আল্লাহর রহমতে তাও করেছি।একথা শুনার পর পিতা বললেন, আল হামদুলিল্লাহ্-সব প্রশংসা আল্লাহরই জন্য। অতঃপর তিনি যাওয়ার উদ্যোগ করলেন। কিন্তু পুত্র ও স্ত্রী ক্রন্দনরত অবস্থায় তাঁকে বাধা প্রদান করলেন। তিনি আকাশের দিকে মুখ করে বললেন, 'ইয়া ইলাহী আগিছনী' অর্থাৎ হে খোদা। তুমি আমাকে সাহায্য কর। এইরূপ প্রার্থনা করার সঙ্গে তাঁর পুত্রটি ভূমিতে লুটিয়ে পড়লেন এবং ইহধাম ত্যাগ করলেন। উপস্থিত লোকজন এ ঘটনায় অবাক বিস্ময়ে তাঁকে জিজ্ঞেস করলেন, হুযুর! এ কি হল? তিনি জবাব দিলেন, আমি যখন পুত্র দর্শন করে হৃদয়ের আকর্ষণ ও স্নেহের প্রাবল্যে তাকে ক্রোড় তুলে নিলাম, তখন আমার নিকট অদৃশ্য বাণী আসল, ইব্রাহীম! তুমি না আমার সঙ্গে বন্ধুত্বের দাবী কর, কিন্তু এখন যে দেখছি, তুমি আমার ভালবাসার সহিত অন্যকেও হৃদয়ে স্থান দান করেছ। তুমি তোমার মুরীদগণকে উপদেশ দাও যে, তারা যেন সন্তান-সন্ততি ও স্ত্রীর প্রেমে আবদ্ধ না হয়। অথচ তুমি নিজেই তাদের আকর্ষণে অস্থির হয়ে গেছ।এইরূপ অদৃশ্যবাণী শ্রবণ করে আমি আল্লাহর দরবারে আরজ করলাম, ওহে মাবুদ! তুমি আমাকে কিংবা আমার পুত্রকে তোমার দরবারে তুলে নাও। আল্লাহ্ আমার এই মুনাজাত আমার পুত্রের ক্ষেত্রে মঞ্জুর করেছেন। আর তাই তিনি তাকে আমার সম্মুখ থেকে তুলে নিলেন।অনেকেরই মনে প্রশ্ন দেখা দিতে পারে যে, হযরত ইব্রাহীম আদহাম (রহঃ)-এর মত একজন সাধকের পক্ষে নির্দোষ পুত্রের মৃত্যু কামনা করা কি করে সম্ভব? এর জবাব এই যে, হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর প্রেম ও নির্দেশ পালনের উদ্দেশ্যে যদি স্বীয় পুত্রের কণ্ঠে নিজ হস্তে অস্ত্র ধারণ করতে পারেন, তাহলে ঠিক একই উদ্দেশ্যে ইব্রাহীম আদহাম (রহঃ)-এর এ ঘটনা তো সে তুলনায় কিছুই নহে।ইব্রাহীম আদহাম (রহঃ) বলেন, রাতে কা'বা গৃহে নিরিবিলিভাবে একান্তে আল্লাহর কাছে মুনাজাত করব। একদা আল্লাহ আমাকে তেমন সুযোগ মিলিয়ে দিলেন। যেদিন আমি ছাড়া অন্য লোক ছিল না। সেই সুযোগে আমি পবিত্র গৃহে হাত রেখে নিজ গুনাহর জন্য তওবা করলাম এবং আল্লাহর দরবারে মাগফেরাতের উদ্দেশ্যে প্রার্থনা জানালাম। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ এল, ইব্রাহীম! তোমার মত সারা সৃষ্টি জগতই আমার নিকট ক্ষমা প্রার্থনা করছে। ভেবে দেখ, এখানেই যদি তোমাকে ক্ষমা করে দেই তাহলে রোজ কিয়ামতে আমার ক্ষমাগুণটি কি করে দেখাব?এ আওয়াজ শুনে আমি বললাম, হে মাবুদ! তুমি আমাকে অন্ততঃ মাফ করে দাও। তখন আবার অদৃশ্য আওয়াজ এল ইব্রাহীম! তুমি নিজের জন্য প্রার্থনা না করে বরং অন্যের জন্য কর। সেটাই হবে তোমার জন্য শোভনীয়।তাকে একবার জিজ্ঞেস করা হল, হুযুর! আপনি বাদশাহী পরিত্যাগ করলেন কেন? তিনি জবাব দিলেন, একদিন রাজসিংহাসনে উপবিষ্ট। আমার সম্মুখে একখানা আয়না রক্ষিত ছিল। তৎপ্রতি দৃষ্টিপতিত হওয়ায় আমি দেখতে পেলাম, আমার স্থান কবরের মধ্যে। কিন্তু তথাকার সঙ্গীস্বরূপ আমার সাথে কেউ নেই। নিজের পথের সম্বল স্বরূপও আমার সাথে কিছু নেই। বিচার কক্ষে বিচারককে দেখতে পেলাম, কিন্তু মামলার স্বপক্ষীয় কাগজপত্র আমার কাছে কিছু নেই। এই দৃশ্য দেখেই আমার বাদশাহী সখ চিরতরে মিটে গেল।আবার জিজ্ঞেস করল, হুযুর! আপনি খোরাসান ছেড়ে আসলেন কেন? তিনি জবাবে বললেন, লোকজন শুধু আমার খবর নিবার জন্য আগমন করত। কেউ জিজ্ঞেস করত, হুযুর! আপনি কাল কেমন ছিলেন, আজই বা কেমন আছেন? এসব ভীড়ের জন্যই আমি সে স্থান ত্যাগ করেছি।তাঁকে জিজ্ঞেস করা হল, হুযুর। আপনি স্ত্রী গ্রহণ করছেন না কেন? তিনি বললেন, আচ্ছা, কোন স্ত্রী কি এই উদ্দেশ্যে স্বামী গ্রহণ করে যে, সে অন্ন-বস্ত্রবিহীন ও খালি পায়ে দিন কাটাবে? এমতাবস্থায় একজন স্ত্রীলোককে কি করে প্রতারণা ও ফাঁকির বাঁধনে বেঁধে রাখতে পারি?একদা ইব্রাহীম (রহঃ) দেখলেন, জনৈক দরবেশ একটি লোকের গীবত করছে। তিনি তাঁকে বললেন, তুমি মনে হয় বিনামূল্যে দরবেশী ক্রয় করেছ? জবাবে উক্ত দরবেশ বললেন, দরবেশী কেউ আবার মূল্যের বিনিময়ে ক্রয় করে নাকি?হযরত ইব্রাহীম (রহঃ) জবাব দিলেন, কেন, আমি তো বলখ রাজ্যের বিনিময়ে আমার দরবেশী অর্জন করেছি। আর তাতে আমি লাভবানও হয়েছি।একদা এক ব্যক্তি এক হাজার দিরহাম তাঁর সম্মুখে রেখে বলল, হুযুর। আপনি ইহা গ্রহণ করুন। তিনি বললেন, আমি কোন গরীবের দান গ্রহণ করি না। লোকটি বলল, আমি গরীব নই। ইব্রাহীম (রহঃ) বললেন, তুমি ধনী বলে দাবী করছ? আচ্ছা, জিজ্ঞেস করি, তোমার যা আছে, তুমি আরও বেশী চাও কিনা? লোকটি বলল, হাঁ, তা চাই। ইব্রাহীম (রহঃ) বললেন, তবে তুমি ভিক্ষুক ছাড়া আর কি বল? তুমি তোমার এ মুদ্রা ফিরিয়ে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ইব্রাহীম (রহঃ) আরও বললেন, হায়, কি বিপদ! আমি দারিদ্র্য কামনা করি অথচ আমার নিকট আসে কেবল ধন-সম্পদ।হযরত ইব্রাহীম (রহঃ)-এর অভ্যাস ছিল, যখনই তিনি কোন গায়েবী মদদে মঙ্গলময় কিছু লাভ করতেন তখনই তিনি চীৎকার করে বলে উঠতেন, ওহে দুনিয়ার রাজা বাদশাহগণ। সর্বশক্তিমান আল্লাহ্ অভাবনীয় কুদরত ও শক্তির নিদর্শন দেখে যাও।তিনি বলতেন, যারা রিপুর বাধ্যগত তারা সত্যের উপরে নয়। আর যারা সত্যের উপরে নয় তারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনেও সক্ষম নয়।
তিনি বলেন, তিনটি অবস্থায় যার মন আল্লাহর দিকে রুজু না থাকে তার জন্য সত্যের দরজা খোলা নয়। অবস্থা তিনটি হল-
(ক) কোরআন শরীফ তেলাওয়াতের সময়ে (খ) নামায আদায় কালেও (গ) মোরাকাবা-মোশাহাদার সময়ে।
তিনি আরও বলেন, আরেফদিগের লক্ষণ হল, তারা প্রতি মুহূর্তে আল্লাহ সম্পর্কে চিন্তা করেন, আর যে কোন বিষয় ও বস্তু থেকে উপদেশ গ্রহণ করেন, সর্বদা আল্লাহর গুণ কীর্তনে রত থাকেন, আল্লাহর ইবাদতই তার প্রধান কর্ম। আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কেও তিনি ভাবনা-চিন্তা করেন। তিনি আরো বলেন, একদা আমি পথে একটি পাথর দেখতে পেলাম, তাতে লিখা ছিল, উঠিয়ে পড়ে দেখ। পাথরখানা তুলে দেখলাম, তাতে লিখা রয়েছে, তুমি যা জান তা করার শক্তি থাকা সত্ত্বেও কেন করছ না? আর যা তুমি না জান তা জানার জন্য কেন চেষ্টা করছ না? তিনি আরও বললেন, আখেরাতে সেই কাজই বেশী মূল্যবান দুনিয়াতে যা লাভ করা কষ্টকর। তিনি আরও বলেন, সাধকের সম্মুখ থেকে তিনটি বিষয় সরে গেলেই তার খোদা প্রাপ্তির পথ খোলাসা হয়ে যাবে; যথাঃ (ক) দুনিয়ার বাদশাহী লাভ করে ও তাতে খুশী প্রকাশ না করা অর্থাৎ আল্লাহর খুশীর লক্ষ্যে তাতে বিরাগ প্রদর্শন করা (খ) বাদশাহী সম্পদ হারিয়ে গেলেও তাতে দুঃখবোধ না করা (গ) মানুষের প্রশংসা বা দানের প্রতি লালায়িত না হওয়া। কেননা, এরূপ লোক কাপুরুষ বিশেষ। আর কাপুরুষের মধ্যে সততা ও সৎ সাহসের অভাব থাকে। যা আল্লাহ্ প্রাপ্তির পথে অন্তরায়।একদা ইব্রাহীম (রহঃ) এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি খোদা প্রেমিক হওয়ার আশা রাখ? সে বলল, হাঁ। তখন তিনি বললেন, তাহলে শরীয়ত বিরোধী কাজ পরিত্যাগ কর। আল্লাহ ব্যতীত সবকিছু অন্তর থেকে দূর করে দাও। হালাল খাদ্য খাও। রাত্রে তাহাজ্জুদ পাঠ ও দিনে রোযা রাখা অপেক্ষা হালাল খাদ্য দ্বারা মনের বাসনা সহজে পূর্ণ হবে। হালাল খাদ্য ছাড়া নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি ইবাদত দ্বারা কেউ সাধক হতে পারে না। একবার ইব্রাহীম আদহাম (রহঃ) লোকমুখে একজন আবেদের কথা শুনলেন। তার ইবাদত দেখে অবাক হয়ে যেতে হয়।ইব্রাহীম (রহঃ)-এর ঐ দরবেশকে দেখার আগ্রহ হল। তিনি একদিন তাঁর গৃহে গমন করলেন। দরবেশ তাঁকে পেয়ে খুব খুশীই হলেন এবং তাঁর গৃহে তিন দিন আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ জানালেন। ইব্রাহীম (রহঃ) বিনা বাক্যব্যয়ে তাতে রাজী হলেন। তাঁর উদ্দেশ্য ছিল, তিনি দরবেশের অবস্থাটা পরখ করে দেখবেন। দেখা গেল, সত্যিই তিনি বড় ইবাদত গুজার। লোকমুখে তিনি যা শুনেছিলেন, তিনি তদপেক্ষাও বেশী ইবাদতে লিপ্ত থাকেন। রাত্রে একেবারেই বিশ্রাম না নিয়ে সারারাত ইবাদতে অতিবাহিত করেন। তাঁর ইবাদতের ধারা দেখে ইব্রাহীম (রহঃ) তাঁর কাছে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন। মনে হল ঐ দরবেশ ইবাদতে ও যিকির-আযকারে তাঁর চেয়ে অনেক উন্নত। মেহমান নাওয়াজীর অবস্থা দেখে আরো অবাক হলেন। প্রতি বেলায় তিনি নানাবিধ উপাদেয় ও সুস্বাদু খাদ্য দ্বারা তাঁকে আপ্যায়ান করছিলেন। ইব্রাহীম (রহঃ)-এর মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হল। তার মনে প্রশ্ন দেখা দিল যে, কোন দরবেশের গৃহে এই ধরনের খানা-পিনা হবে কেন? তিনি সিদ্ধান্ত নিলেন যে, দরবেশের রুজী হালাল কিনা তা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে দেখা গেল যে, তার রুজী হালাল নহে।তিন দিন অতিবাহিত হয়ে গেলে হযরত ইব্রাহীম (রহঃ) তাকে বললেন, আমি তো তিন দিন তোমার আতিথ্য গ্রহণ করলাম, এবার তোমাকেও তিনদিন আমার মেহমান হতে হবে। দরবেশ রাজী হলেন। অতঃপর তাঁকে নিয়ে নিজ গৃহে আসলেন। তাঁকে গৃহে নিয়ে এসে ইব্রাহীম (রহঃ) স্বীয় হালাল খাদ্য তাঁকে খাওয়াতে শুরু করলেন। কিন্তু আল্লাহর কি মর্জী। ইব্রাহীম (রহঃ)-এর হালাল খানা খাওয়ার সঙ্গে সঙ্গে দরবেশের ইবাদত ও খোদা প্রেমের মাত্রা অনেকটা হ্রাস পেয়ে গেল। দরবেশ নিজেও কিন্তু এর কারণ বুঝতে পারলেন না। তিনি নিজের ব্যাপারে অবাক হয়ে হযরত ইব্রাহীম (রহঃ)-কে বললেন, জনাব! আমার অবস্থা এরূপ হয়ে গেল কেন?ইব্রাহীম (রহঃ) জবাব দিলেন, আমি তোমার কিছু করিনি। যা কিছু করার আমার হালাল খাদ্য করেছে। এতদিন তুমি হারাম খাদ্য খেয়েছ, সে সুযোগে ইবলীস তোমার মধ্যে যাতায়াতের সুযোগ পেয়েছে। আর তোমার এতদিনকার ইবাদত-বন্দেগী ছিল শুধু তারই কারসাজি। এবার হালাল খাদ্য পেটে পড়ায় তার আনা-গোনা বন্ধ হয়েছে, তাই এখন যতটুকু ইবাদত করছ তাতে কোন কৃত্রিমতা নেই। তাওবা করে এখন থেকে হালাল রুজীর উপর নির্ভর কর। জেনে রেখ, ইবাদত হালাল-রুজীর উপর নির্ভরশীল। হারাম খেয়ে যে ইবাদত করা হয় তা সবই শয়তানের প্রতারণা।একদা হযরত ইব্রাহীম (রহঃ) কথায় কথায় হযরত সুফিয়ান (রহঃ)-কে বলে ফেললেন, দেখুন। যদিও আপনার জ্ঞানরাশি সুবিস্তৃত, কিন্তু আপনাকে আরও বেশী দৃঢ় বিশ্বাসী হতে হবে।একদা হযরত শাকীক বলখী (রহঃ) তাঁর কাছে গিয়ে বললেন, আপনি দুনিয়া থেকে এত বেশী দূরে সরে থাকেন কেন? তিনি জবাব দিলেন, যদি লোকেরা আমাকে দেখে কুলি-মজুর মনে করে বা পাগল ভাবে, তাহলে একটু শান্তির সাথে বেশী করে দ্বীনের খেদমত করা যায়।হযরত ইব্রাহীম (রহঃ) মাহে রমযানের দিবাভাগে মাঠ থেকে ঘাস কেটে তা বিক্রয় করে রুটি ক্রয় করে দরবেশদেরকে দিয়ে রাতে ইবাদতে মশগুল থাকতেন।লোকজন তাঁকে জিজ্ঞেস করত, হুযুর! আপনার কি নিদ্রা আসে না? তিনি জবাব দিতেন, আল্লাহর এশকে আমার শাস্তি লোপ পেয়ে গেছে। যাদের হৃদয়ে শান্তির অভাব ঘটেছে, তাদের নিদ্রা আসবে কি করে? নামায আদায় করে তিনি মুখের উপরে হাত রেখে বলতেন, খোদা না করুক, এ নামায যদি আমার মুখের উপর ছুঁড়ে মারা হয়, হায়। তাহলে কেমন হবে?একদা তাঁর কোন খাদ্যই জুটল না। এই অবস্থায় শোকরিয়া স্বরূপ তিনি চার রাকয়াত নামায পড়লেন। দ্বিতীয় দিনও তাঁর নছীবে কোন খাদ্য মিলল না। ঐ দিনও তিনি চার রাকায়াত শোকরিয়া নামায পড়লেন। এইভাবে একে একে সাতদিন অতিবাহিত হল। অনাহারে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন। এই অবস্থায় তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ! এখন কিছু খেতে দিলে ভাল হত। মুনাজাত শেষ হলে একটি যুবক তাঁকে মেহমানরূপে তার গৃহে নিয়ে গেল।যুবক তাঁকে নিয়ে তাঁর বাড়ী পৌঁছল। বাড়ী গিয়ে তাঁর চেহারার প্রতি দৃষ্টিপাত করে হঠাৎ চীৎকার করে বলে উঠল, হুযুর। আমি আপনার সেই পুরাতন দাস। আমার এ যা কিছু দেখছেন, সবই আপনার। ইব্রাহীম (রহঃ) বললেন, আমি তো তোমাকে মুক্ত করে দিয়েছিলাম? তোমার নিকট যে ধন-দৌলত রয়েছে তারও মালিক তুমিই। যাক, তুমি এবার আমাকে চলে যেতে অনুমতি দাও। এই বলে তিনি তখনই চলে এসে আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ! আমার ভুল হয়েছে। আমি আর কোনদিন কিছু প্রার্থনা করব না। আমি তোমার নিকট মাত্র একখণ্ড রুটি চেয়েছিলাম, আর তুমি আমার সম্মুখে সারা দুনিয়ার ধন-সম্পদ এনে হাজির করলে।কোন এক রাত্রে একটি জীর্ণ মসজিদে হযরত ইব্রাহীম (রহঃ)-এর রোগাক্রান্ত মুরীদ শায়িত ছিলেন। ঐ মসজিদের দরজায় কপাট ছিল না। রাতে প্রবল ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে লাগল। দরজায় লটকিয়ে দেয়ার মত কোন বস্তুও ছিল না। অথচ রোগীর ঠাণ্ডায় খুবই ক্ষতির আশঙ্কা ছিল। তখন তাকে ঠাণ্ডা থেকে বাঁচানোর উদ্দেশ্যে ইব্রাহীম আদহাম (রহঃ) সারা রাত দরজায় দাঁড়িয়ে রইলেন। রোগী মুরীদ তাঁকে পরে জিজ্ঞেস করলেন, হুযুর! সারারাত ওভাবে দরজায় দাঁড়িয়েছিলেন কেন? তিনি জবাব দিলেন, ঠাণ্ডার আক্রমণ থেকে তোমাকে রক্ষা করা আমার জন্য কর্তব্য হয়ে পড়েছিল। তাঁর কথা শুনে রোগী মুরীদ তাঁর প্রতি ভক্তি ও শ্রদ্ধায় একেবারে অভিভূত হয়ে পড়লেন।হযরত সোহায়েল ইবনে ইব্রাহীম (রহঃ) বলেন, একবার আমি হযরত ইব্রাহীম আদহাম (রহঃ)-এর সঙ্গে ভ্রমণে বের হলাম। হঠাৎ আমি পীড়িত হয়ে পড়লাম। আমার পীড়া প্রবল আকার ধারণ করল। তখন আমার চিকিৎসার জন্য তিনি নিজের যাবতীয় জিনিস-পত্র বিক্রয় করে দিলেন। কিন্তু তারপরও অর্থের প্রয়োজন হওয়ায় অবশেষে তিনি নিজ গাধাটিও বিক্রয় করলেন। একটু সুস্থ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, হুযুর! আপনার গাধাটি কি হল? তিনি বললেন, ওটা বিক্রয় করে দিয়েছি। আমি বললাম, তাহলে এখন দেশে ফিরব কেমন করে? আমি তখন কিছুটা সুস্থ হলেও হেঁটে যাওয়ার শক্তি আমার ফিরে আসেনি। তিনি আমাকে কাঁধে দিয়ে তিন দিনের পথ অতিক্রম করলেন।হযরত ইব্রাহীম (রহঃ) বলেন, আমি একাধারে চল্লিশ বছর মক্কার কোন ফল ভক্ষণ করিনি। কেননা তথাকার অধিকাংশ ফলের বাগানই তখন সৈনিক বিভাগের লোকদের (হারাম অর্থ) দ্বারা ক্রয়কৃত ছিল। জীবনে তিনি বহুবার হজ্জ্ব ব্রত সম্পন্ন করেন
Comments
0 comment