ইশকে ইলাহির অমর প্রতীক: হযরত রাবেয়া বসরী (রহঃ)-এর সংক্ষিপ্ত জীবনী

জান্নাতের লোভ কিংবা জাহান্নামের ভয়ের ঊর্ধ্বে উঠে কেবল আল্লাহর নিঃস্বার্থ ভালোবাসায় জীবন উৎসর্গকারী এক মহীয়সী সুফি সাধিকা হযরত রাবেয়া বসরী (রহঃ)। অষ্টম শতাব্দীতে ইরাকের বসরায় জন্ম নেওয়া এই তাপসী শৈশবের দারিদ্র্য ও দাসত্বের শৃঙ্খল পেরিয়ে সুফিবাদে 'ইশকে ইলাহি' বা নির্ভেজাল ঐশী প্রেমের যে দর্শন প্রতিষ্ঠা করেছেন, তা আজও বিশ্বজুড়ে আধ্যাত্মিক পথিকদের অনুপ্রেরণা জোগায়।

পরিচিতিঃ তাৎস জগতে হযরত রাবেআ বছরী (রহঃ) মধ্য-গগনের উজ্জ্বল ভাস্কর সমতুল্য। তাঁর যোগ্যতা, গুণাবলী, মর্যাদা, যশঃ খ্যাতির বিষয় বলার অপেক্ষা রাখে না। তিনি মুসলিম জাহানের তাপস সম্রাজ্ঞী। ধর্মভীরুতায়, সততায়, পবিত্রতায়, সতীত্ব ও সাধ্বীতায়, সর্বোপরি আল্লাহর প্রতি মহব্বত এবং নির্ভরশীলতায় তিনি ছিলেন জগতের বুকে দ্বিতীয় মরিয়ম (রহঃ)। যদি কেউ প্রশ্ন করেন যে, পুরুষ আউলিয়াগণের আলোচনার মধ্যে এ মহিলাকে কেন আনয়ন করা হল? এর উত্তরে হযরত রাসূলে করীম (দঃ)-এর হাদীস-ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা ছুওয়ারিকুম .... ইউ হশারুন্নাহু 'আলা নিয়্যাতিহিম--আল্লাহ পাক তোমাদের আকৃতির প্রতি নজর করেন নাঃ বরং তিনি দেখেন তোমাদের অন্তরের নিয়ত কিরূপ। আর লোকের হাশর হবে তাদের নিয়তের অনুরূপ। বস্তুতঃ কোন মহিলা যদি ইবাদত-বন্দেগী ও সাধনা দ্বারা তার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তিনি মর্যাদায় শুধু পুরুষের তুল্য নয়; বরং পুরুযাপেক্ষা উচ্চেও আরোহণ করতে পারেন। হযরত রাসূলে করীম (দঃ)-এর অন্তর্ধানে তাঁর শিক্ষা-দীক্ষা, রীতি-নীতি এবং আদর্শসমূহের এক বিরাট অংশ হযরত আয়েশার (রহঃ) মাধ্যমেই প্রচারিত হয়েছে। হযরত আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, হাশর ময়দানে যখন পুরুষগণকে আহ্বান করা হবে তখন সর্বপ্রথম হযরত ঈসার (আঃ) জননী হযরত মরিয়ম (রহঃ) পুরুষের কাতারে এসে দাঁড়িয়ে যাবেন। এ সকল ঘটনার প্রেক্ষিতে স্পষ্টরূপেই বলা যায় যে মহিলারা অপাংতেয় নয়, তারা কোনদিক থেকে পুরুষ অপেক্ষা হেয় নয়। হযরত রাবেত্র বছরী (রহঃ) মহিলা ছিলেন, কিন্তু তাঁর মর্যাদা লক্ষ্য করুন। স্বনামখ্যাত হযরত হাসান বছরীর (রহঃ) ওয়াজের মজলিসে যেদিন হযরত রাবেআ বছরী (রঃ) শরীক না হতেন তিনি সেদিন ওয়াজ করা থেকে বিরত থাকতেন। এর কারণ জিজ্ঞাসিত হয়ে তিনি বলেছিলেন যে, হাতীর খাবার যদি চড়ুই পাখীকে খেতে দেয়া হয় তাহলে সে খাবার তো বৃথাই নষ্ট হবে। আসল কথা হল, হযরত রাবেআ বছরী (রহঃ) এমন স্তরের তাপস্বিনী ছিলেন যে তৎসম্পর্কিত আলোচনাকে যে কোন পুরুষ তাপসের আলোচনার সাথে স্থান দান করা অবান্তর নয়; বরং যথেষ্ট সংগত। অনেকেরই মতে, সমকালীন যুগে হযরত রাবেআ বছরী (রহঃ) এলমে মারেফাতে সবারই শীর্ষে ছিলেন।

জন্মগ্রহণ ও রাবেয়া নামকরণের কারণ: হযরত রাবেআর (রহঃ) পিতা ছিলেন একজন দরিদ্র ব্যক্তি। রাবেআ (রহঃ) যে রাত্রে ভূমিষ্ঠ হন সে রাত্রে প্রদীপ জ্বালাবার মত তেলটুকু পর্যন্ত তাঁর গৃহে ছিল না। রাবেআর (রহঃ) পূর্বে আরও তিনটি কন্যা ভূমিষ্ঠ হয়। তিনি তাঁর পিতার চতুর্থ কন্যা হিসেবে তাঁর নাম রাবেআ (রহঃ) রাখা হয়েছিল। আর যেহেতু তিনি বছরার অধিবাসী তাই তাঁর নামের সঙ্গে বছরী শব্দটি স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে। আসন্ন প্রসবা রাবেআর (রহঃ) মাতা তাঁর অবস্থা বুঝতে পেরে স্বামীকে বললেন, অমুক পড়শীর নিকট থেকে বাতি জ্বালাবার জন্য কিছু তেল ধার আনুন। রাবেআর (রহঃ) পিতা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে, কারও কাছ থেকে কিছু ধার করবেন না। কিন্তু আজ স্ত্রীর অবস্থা বুঝতে পেরে ও তার অনুরোধ উপেক্ষা করতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও উক্ত পড়শীর কাছে গিয়ে কিছু তেল ধার চাইলেন। কিন্তু সে তেল দেয়া তো দূরের কথা গৃহের দরজা পর্যন্ত খুলল না। নিরাশ হয়ে তিনি গৃহে ফিরে এসে স্ত্রীকে সব কথা বললেন এবং ক্ষোভে ও দুঃখে গৃহের কোণে বসে চোখের পানিতে ভাসতে লাগলেন। এই ভাবে কেঁদে কেঁদে এক সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রার ঘোরে স্বপ্ন যোগে দেখতে পেলেন, রাসূলে কারীম (দঃ) তাশরীফ এনে তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন, ওহে, তুমি চিন্তিত হয়ো না, দুঃখ করো না তোমাকে আল্লাহ এক কন্যা সন্তান দান করবেন। এ সন্তান কোন সাধারণ সন্তান নয়; তোমার এ কন্যা ভবিষ্যতে মহিয়সী মহিলা ও বেহেশতের অগ্রবর্তিনীগণের অন্যতমা হবে। এরই সুপারিশে হাশরের দিন আমার সত্তর হাজার গুনাহগার উম্মত মুক্তি লাভ করবে। হযরত রাসূলে করীম (দঃ) তাকে আরও বললেন, এখন তুমি এক কাজ কর। বছরার আমীর ঈসার নিকট গমন কর এবং এক টুকরা কাগজে এ কথাটি লিখে লও "হে আমীর তুমি প্রত্যেক রাত্রে শোয়ার সময় একশত বার করে দরূদ শরীফ পাঠ করে থাক আর জুমআর রাত্রে ইহা চার শতবার করে পড়ো। আর যেহেতু গত জুমআয় ইহা পাঠ করনি তাই তার ক্ষতিপূরণ স্বরূপ চারশত দিরহাম দান করে দাও।"রাবেআর (রহঃ) পিতা এই আশ্চর্য স্বপ্ন দেখে জাগ্রত হয়ে স্বপ্ন দৃষ্ট রাসূলুল্লাহর (দঃ) বাণী একখন্ড কাগজে লিখলেন। পরদিন প্রত্যুষে একজন লোক দ্বারা তিনি লিখিত কাগজখানা বছরার আমীরের কাছে প্রেরণ করলেন। আমীর এই পত্র পাঠ করে অবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে হযরত রাসূলে করীম (দঃ)-এর এ উপদেশ ও সতর্কীকরণের শোকরিয়া স্বরূপ দশ হাজার দিরহাম গরীব-দুঃখীকে দান করলেন এবং যার মারফতে তিনি হযরত রাসূলে করীম (দঃ)-এর এই উপদেশ লাভ করলেন তার জন্য চারশত দীনার নির্দিষ্ট করে রাখলেন। এরপর একদিন তিনি হযরত রাবেয়া বছরীর পিতার সহিত সাক্ষাতের উদ্দেশ্যে নিজেই উক্ত চারশত দীনার সঙ্গে নিয়ে যাত্রা করলেন। যথা সময়ে তিনি গন্তব্য স্থলে পৌঁছে হযরত রাবেআর (রহঃ) পিতার সহিত সাক্ষাত করে অত্যন্ত সম্মানসূচক ব্যবহার প্রদর্শন করলেন। তারপর তাঁকে উক্ত চারশত দীনার তোহফা স্বরূপ প্রদান করে বললেন, দেখুন জনাব! আপনার যখন যা কিছুর এয়োজন হয় আমাকে নিঃসঙ্কোচে জানাবেন, আমি তার ব্যবস্থা করব।

হযরত রাবেআ (রহঃ) এখন বয়ঃপ্রাপ্ত হয়েছেন। সহসা তাঁর জননী তাকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে চলে গেলেন। কিন্তু এই শোক শেষ হতে না হতে তিনি পিতৃ আশ্রয় থেকেও বঞ্চিত হয়ে পড়লেন। তাঁর পিতা চারটি অনাথা কন্যাকে অকূল পাথারে ফেলে রেখে চির বিদায় গ্রহণ করলেন। মাতৃ-পিতৃহারা সম্পূর্ণ অনাথা চার বোনের দুঃখ-ক্লেশের আর সীমা থাকল না। মানুষের গৃহে কাজ-কর্ম করে দিনে এক বেলা খেয়ে কোনরূপে তাদের দিন চলতে লাগল। তবু যা হোক চারটি বোনের এক সঙ্গে কোন ভাবে দিন কাটতে লাগল। ইতিমধ্যে বছরা নগরীতে এমন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল যে, অন্ন কষ্ট সহ্য করতে না পেরে পিতা-মাতা সন্তান-সন্ততি বিক্রয় করে পর্যন্ত নিজেদের ভরণ-পোষণ চালাতে শুরু করল। এমন অবস্থায় উক্ত অনাথা চারটি বোনের যে কি অবস্থা হতে পারে তা সহজেই বুঝা যায়। কেউ কাউকে একটি রুটির দ্বারা সাহায্য করা তো দূরের কথা, যে যার নিজের অবস্থা নিয়েই ভাবনায় অস্থির। এই অবস্থায় হযরত রাবেআর (রহঃ) অন্য তিনটি বোন হঠাৎ কোথায় যেন চলে গেল। তাদের আর সন্ধান পাওয়া গেল না। এবার রাবেআ (রহঃ) এই বিশ্ব সংসারে একা হয়ে গেলেন। একমাত্র আল্লাহ ব্যতীত তাঁর আর কেউই থাকল না। এই অবস্থায় পড়ে কদিন ধরে শুধু তিনি কেঁদে কাটালেন। কিন্তু এ অবস্থাও আর স্থায়ী হল না। একদিন কোথা থেকে এক নিষ্ঠুর লোক এসে তাঁকে এভাবে একাকিনী পেয়ে জোর করে ধরে নিয়ে গেল। অতঃপর সে তাঁকে কয়টি মুদ্রার বিনিময়ে দাসীরূপে এক ধনবান ব্যক্তির কাছে বিক্রয় করে দিল। তাঁর মালিক ছিল দয়া-মায়াহীন পাযাণ হৃদয়। সে রাবেআ (রহঃ)-কে গৃহের বাঁদীরূপে কঠিন পরিশ্রমের কাজে নিয়োগ করল। যে কাজ তিনজন লোকের পক্ষে করা সম্ভব নয়, তাই রাবেআ (রহঃ) একার করতে হত। অন্যথায় তাঁকে সহ্য করতে হত ভীষণ প্রহার, যাতনা ও অন্যান্য নির্যাতন। এরূপ যাতনা কত সহ্য করা যায়। একেবারে অতিষ্ঠ ও অপরাগ হয়ে অবশেষে একদিন তিনি মুনিবের গৃহ থেকে বের হয়ে মুক্তির জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে থাকেন। কিন্তু এভাবে মুক্তি লাভ করা তাঁর জন্য আল্লাহর মজী ছিল না। তাই এভাবে দৌড়ে পালাতে গিয়ে প্রচণ্ড আছাড় খেয়ে তাঁর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙ্গে গেল। যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন। তখন তিনি সেখানেই উঠে বসে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন, ওহে মাবুদ! আমি তোমার একান্ত নিরাশ্রয়া দাসী। এ জগতে কেউ আমার সাহায্যকারী নেই। আমার একখানা হাতও ভেঙ্গে গেল। সে জন্য আমার কোন দুঃখ নেই। আমার সব কিছু যাক, শুধু তুমি যদি আমার উপর খুশী থাক তাহলেই আমি খুশী। প্রভু! তুমি আমার উপর খুশী আছ কিনা অনুগ্রহ করে তা আমাকে জানাবে কি? রাবেআর (রহঃ) অকপট মনের এই করুণ প্রার্থনার জবাবে তখনই গায়েবী আওয়াজ এল, রাবেআ! ভূমি দুঃখ করো না এবং হতাশও হয়ো না, শত দুঃখ-কষ্ট আসুক, তাতে ভেঙ্গে পড়ো না। মনে রাখবে রোজ কিয়ামতে তোমার মর্যাদা এত বুলন্দ হবে যে তা ফেরেশতাগণেরও ঈর্ষার কারণ হবে। তোমার মর্যাদা দেখে সবাই তোমাকে মোবারকবাদ দিতে থাকবে। এই অদৃশ্য আওয়াজ শুনে রাবেআর (রহঃ) মনে শান্তি ফিরে আসল। তিনি অনেকটা স্বস্তিবোধ করলেন। তিনি চিন্তা করে দেখলেন, এই ভাঙ্গা হাতখানা নিয়ে তিনি অনিশ্চয়তার পথে কোথায় যাবেন। জালিম মুনিবের গৃহে তবু একটা থাকার স্থান তো রয়েছে। আল্লাহ যখন সহায় তখন চিন্তার কারণ নেই। এইরূপ ভেবে তিনি আবার সে মুনিবের গৃহেই ফিরে গেলেন। এরপর থেকে কাজের একটা নিয়ম করে নিলেন। তিনি এক মুহূর্ত বিশ্রাম না করে সারা দিন কাজ করতেন। আগে রাত্রে তিনি কিছু সময় বিশ্রাম করতেন এখন সারারাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন। একদা গভীর রাত্রে হযরত রাবেআর (রহঃ) মুনিবের ঘুম ভেঙ্গে যাওয়ায় সে রাবেআর (রহঃ) গৃহে গুনগুন আওয়াজ শুনতে পেল। তখন সে শয্যা থেকে উঠে নীরবে অন্ধকারের মধ্যে সেদিকে গমন করল এবং গিয়ে দেখল যে, রাবেআর (রহঃ) কক্ষটি এক অপূর্ব আলোকে আলোকিত। এ সময় তার কানে ভেসে আসল, রাবেআ (রহঃ) অস্ফুট স্বরে করুণ কন্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে মাবুদ! হে আমার প্রভূ! তুমি ভাল করেই জান, আমি যেন সর্বক্ষণ তোমার আরাধনায় নিযুক্ত থাকতে পারি এই আমার অভিলাষ। কেননা তোমার ইবাদত ও স্তুতি প্রশংসাই আমার চোখের জ্যোতি। যদি আমার সুযোগ ও ক্ষমতা থাকত তাহলে একটা পলকও আমি তোমার ইবাদত ছাড়া অন্য কোন কাজে অপচয় করতাম না। কিন্তু কি করব মাবুদ! তুমি যে আমাকে পরাধীনা করে রেখেছ। এ কারণে আমি যথাযথভাবে তোমার ইবাদত করতে অক্ষম। তোমার ইবাদতে আমি যথা সময়ে উপস্থিত হতে পারি না। আমাকে অনেক বিলম্বে তোমার সকাশে হাজির হতে হয়। রাবেআর (রহঃ) মুনিব রাবেআর (রহঃ) এই আন্তরিক ও আবেগময় প্রার্থনা শুনে বুঝতে পারল যে, তার এই দাসীটি অন্যান্যদের মত নয়। নিশ্চয় এ আল্লাহ পাকের এক খাস বাঁদী। এর মত বালিকাকে তার গৃহে বন্দী রেখে তার দ্বারা খেদমত আদায় করা কিছুতেই উচিত নয়; বরং এর মত মহিয়সী রমণীর খেদমত করা তার কর্তব্য। মুনিব মনে মনে স্থির করল, সে তাকে মুক্ত করে দিবে। তারপর সে যদি এখানে অবস্থান করে তবে সৌভাগ্যের কথা আর যদি অন্য কোথাও চলে যায় সেটা তার ইচ্ছা। পরদিন প্রত্যুষেই রাবেআ (রহঃ)-কে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। হযরত রাবেআ (রহঃ) তাঁর মুনিবের এই সিদ্ধান্তের কথা শুনে আল্লাহর দরবারে লাখ লাখ শোকরিয়া জ্ঞাপন করলেন। স্বাধীনতা লাভ করে রাবেআ (রহঃ) দিবারাত্রে অন্ততঃ হাজার রাকাত নফল নামায আদায় শুরু করলেন। এ ছাড়া মাঝে মাঝে তিনি হযরত হাসান বছরীর (রহঃ) ওয়াজের মাহফিলে যেতে লাগলেন। তিনি যেমন অত্যন্ত ভক্তি সহকারে হযরত হাসান বছরীর (রহঃ) ওয়াজ ও নসীহত শ্রবণ করতেন, হযরত হাসান (রহঃ)-ও তাঁকে তেমনি স্নেহের চোখে দেখতেন। কারও কারও মতে, হযরত রাবেআ বছরী (রহঃ) প্রথম জীবনে আধ্যাত্মিক, ভক্তিমূলক গান গাইতে ভাল বাসতেন। কিন্তু পরবর্তীতে তিনি তা ছেড়ে দিয়ে শুধু ইবাদত ও মোরাকাবা-মোশাহিদায়ই রত হন। নির্জনে ইলাহীর সাধনার উদ্দেশ্যে কিছু দিন তিনি গহীন অরণ্যেও অবস্থান করেছিলেন। অতঃপর এক নিরিবিলি স্থানে এক ইবাদতখানা নির্মাণ করে সেখানে বসেই ইবাদত-বন্দেগী করতেন। শেষ জীবন তিনি মক্কা শরীফে কাটান।

দোয়ার বরকতে মৃত গাধার জীবন লাভ: একবার তিনি হজ্জ্ব উপলক্ষে মক্কা শরীফ যাত্রা করেন। তাঁহার বাহন ছিল একটি দুর্বল গাধা। তাঁর মাল-সামান ঐ গাধার পৃষ্ঠে চাপিয়ে তিনি পথ চলছিলেন। হঠাৎ পথিমধ্যে তাঁর গাধাটি মারা গেল। তখন কাফেলার লোক তাঁকে বলল, আপনার মাল-সামান আমাদের কাছে দিন, আমরাই উহা বহন করে পৌঁছিয়ে দিব। কিন্তু তিনি তাতে সম্মত না হয়ে বললেন, না, আমি তোমাদের উপর ভরসা করে রওয়ানা করিনি। তোমরা চলে যাও। তার এই ধরনের কথা শুনে কাফেলার সব লোক তাঁকে পথে ফেলে রেখে চলে গেল। তিনি তখন পথিমধ্যে একাকিনী আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, ওহে দয়াময় প্রভু। তুমি তোমার এই অবলা দাসীর সাথে এরূপ ব্যবহার করলে? তুমি তোমার পবিত্র কাবার দিকে আহ্বান করে আমার গাধাটির প্রাণ কেন এভাবে হরণ করলে? তোমার পক্ষে কি এমন কাজ শোভনীয় হল? আল্লাহ তার প্রিয় দাসীর মুনাজাতে বিগলিত হয়ে গেলেন। তাঁর মুনাজাত শেষ হতে না হতেই মৃত গাধাটির প্রাণ সঞ্চার হল। রাবেআ (রহঃ) তাঁর মাল-সামান পুনরায় উহার পিঠে চাপিয়ে আবার মক্কায় রওয়ানা করলেন। বর্ণনাকারী বলেন, উক্ত পুনর্জীবিত গাধাটি দীর্ঘ দিন জীবিত ছিল। আল্লাহর দীদার আকাঙ্খা মক্কার নিকটবর্তী হয়ে এক নির্জন স্থানে বসে তিনি আবার আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করলেন, ওহে মাবুদ! আমি কোথায় কি উদ্দেশ্যে রওয়ানা করেছি, আমার মনে নানারূপ চিন্তার উদয় হচ্ছে। কেননা তোমার অস্তিত্ব যে বাহ্যিকভাবে কতগুলো মৃত্তিকার সমষ্টিতে প্রকাশ পেতেছে। আর মক্কা শরীফের খানায়ে কাবাও তো শুধু কতগুলো পাথরের সমষ্টি মাত্র। কিন্তু আমার আন্তরিক আকাঙ্খা শুধু তোমারই সন্দর্শন। আমি কেবল তোমাকেই চাই। তোমাকে ছাড়া অন্য কোন কিছুতেই আমার মন উঠে না, তা তুমি খুব ভাল করেই জান। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাঁর কাছে এলহাম পাঠালেন, রাবেয়া। তুমি কি ইহাই চাও যে, সারা দুনিয়া লণ্ড-ভণ্ড হয়ে যাক এবং এর সমস্ত দায়-দায়িত্ব তোমার উপরে পতিত হোক। তুমি কি জান না, মূসা (আঃ) আমার দর্শনাকাঙ্খা করে কি অবস্থা প্রাপ্ত হয়েছিল? বার বার নিষেধ করা সত্ত্বেও সে বিরত না হওয়ায় আমি আমার নূরের কণামাত্র প্রকাশ করায় তুর পর্বত জ্বলে ভগ্ন হয়ে গেল কথিত আছে, দ্বিতীয়বার হযরত রাবেআ হজ্জ্ব উপলক্ষে মক্কায় পৌঁছে কাবা গৃহের অদূরে ইবাদতে লিপ্ত হলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, স্বয়ং কাবা তাঁর সম্বর্ধনার জন্য অগ্রসর হচ্ছে। এ দৃশ্য দেখে তিনি বললেন, এ ঘর দ্বারা আমি কি করব মাবুদ! আমি যে ঘরের মালিকেরই প্রত্যাশী। সেই মালিকই তো বলেছেন, যে বান্দা আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে অগ্রসর হই এক হাত পরিমাণ। এমতাবস্থায় আমি শুধু কাবা ও তার শোভায় কিভাবে খুশী হতে পারি? শুনা যায়, ঐ বৎসরই তাপস প্রধান হযরত ইব্রাহীম আদহাম মক্কা শরীফে হজ্জ্ব করতে গিয়েছিলেন। তিনি বাসস্থান থেকে রওয়ানা করে প্রত্যেক পদক্ষেপে দু'রাকাত করে নফল নামায আদায় করছিলেন। আর মক্কার দিকে যেতে পা দিয়ে না হেঁটে তিনি হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছিলেন। এ কারণে প্রায় দীর্ঘচৌদ্দ বছর তার মক্কায় পৌছতে অতিবাহিত হয়েছিল। কিন্তু এত কষ্ট করে যথাস্থানে পৌঁছে তিনি দেখলেন, নির্দিষ্ট স্থানে কা'বা শরীফ বিদ্যমান নেই। এই অবস্থা দেখে অত্যন্ত দুঃখ ও আফসুসের সাথে তিনি বললেন, হায়, নাজানি আমার চোখে কোন দোষ ঘটেছে। নতুবা কা'বা গৃহ আমি দেখছি না কেন? তার কথার জবাবে জনৈক ফেরেশতা তাঁকে লক্ষ্য করে বলল, ইব্রাহীম। তোমার চোখে কোন দোষ হয়নি। তবে তোমার কা'বা শরীফ না দেখার কারণ, সে এক বৃদ্ধা মহিলার সম্বর্ধনার জন্য সাময়িকভাবে স্থান ত্যাগ করেছে। একথা শুনে হযরত ইব্রাহীম আদহাম (রহঃ) চীৎকার করে কেঁদে উঠলেন, সে কে? সে কোন মহিলা? ইতিমধ্যে সেখানে হযরত রাবেআ বছরী (রহঃ) লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এসে উপস্থিত হলেন। এবার পবিত্র কা'বা গৃহখানাও যথাস্থানে এসে দাঁড়িয়ে গেল। হযরত ইব্রাহীম আদহাম (রহঃ) হযরত রাবেআ (রহঃ)-কে লক্ষ্য করে বললেন, ওহে রাবেআ (রহঃ)! আপনি দুনিয়াতে এ কি নজীর স্থাপন করলেন, বলুন তো? হযরত রাবেআ (রহঃ) বললেন, আপনি পথে নামায পড়তে পড়তে মক্কায় পৌঁছতে চৌদ্দটি বছর লাগিয়ে দিলেন। আর আমি তো একরূপ হেসে-খেলেই মক্কায় এসে পৌঁছলাম। কাজেই নজীর আমি স্থাপন করেছি, না আপনি করেছেন? অতঃপর হযরত রাবেআ (রহঃ) আল্লাহর দরবারে রোদন করতে করতে হজ্জ্বের অনুষ্ঠানগুলো সম্পন্ন করলেন এবং মনে মনে বলতে লাগলেন, হে মাবুদ! তুমি তো ওয়াদা করেছ যে, তুমি হজ্জ্বের ছাওয়াব দিবে আর এরূপ ওয়াদাও করেছ যদি কাউকে বিপদে লিপ্ত কর তবে তজ্জন্যও তাকে ছওয়াব দিবে। তাহলে তোমার কাছে প্রার্থনা হল, যদি কোন ত্রুটি বা অপরাধজনিত কারণে আমার হজ্ব কবুল না হয় তাহলে তা তো আমার জন্য এক চরম বিপদ স্বরূপ। সেই বিপদের ছওয়াব যেন অন্ততঃ আমার ভাগ্যে হয়। হজ্জ সমাধা করার পর তিনি বছরা প্রত্যাবর্তন করেন। তারপর এক বছর ইবাদতে কাটিয়ে আবার হজ্জ্বের নিয়ত করেন এবং মনে মনে এই সিদ্ধান্ত করেন যে, গত বছর তাকে কা'বা সম্মান দেখিয়েছেন এবার তিনি কা'বা গৃহকে সম্মান দেখাবেন।

হযরত ফারমাদী (রহঃ) বলেন, এরপর তিনি বছরার অরণ্য এলাকা থেকে হামাগুড়ি দিয়ে মক্কা অভিমুখে রওয়ানা করেন এবং দীর্ঘ সাতটি বছর এভাবে কঠোর ক্লেশ করে আরফাতে গিয়ে উপনীত হন। সেখানে তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পেলেন, ওহে আকাংখিনী! তোমার এই কষ্টের বিনিময়ে তুমি যদি চাও তবে বল, আমি তোমাকে এখনি আমার এক নূর প্রদর্শন করি। তিনি জবাব দিলেন, না গো, আমি সে নূর দর্শনের উপযুক্ত নই। আমি শুধু দারিদ্র্যের প্রত্যাশিনী। অদৃশ্য হতে জবাব এল, রাবেআ! দারিদ্র্য তো আমার ক্রোধ ও দুর্ভিক্ষ সদৃশ। অবশ্য যদি সে প্রেমিক ও আমার মধ্যে চুল বরাবরও বিভিন্নতা না থাকে, তাহলে কথা আলাদা। আল্লাহর ওয়াদার প্রতি অবিচল আস্থা: একবার দুজন দরবেশ হযরত রাবেআর (রহঃ) সাথে সাক্ষাত করতে গেলেন। তাঁরা দুজনই খুব ক্ষুধার্ত ছিলেন। তাই পরস্পরে বলাবলি করলেন, যদি কিছু খাবার পাওয়া যেত, খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। তখন রাবেআর (রহঃ) গৃহে মাত্র দুখানা রুটি ছিল। তাই এনে তিনি মেহমানদের সামনে দিলেন। এমন সময় এক ভিক্ষুক এসে খাবার প্রার্থনা করে আওয়াজ দেয়ায় তিনি মেহমানদের সম্মুখ থেকে রুটি দুখানা তুলে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। ক্ষুধার্ত মেহমানদ্বয় এতে খুব অসন্তুষ্ট হলেন। কিন্তু কিছু সময় যেতে না যেতেই এক বাঁদী কতগুলো রুটি ও মাংস নিয়ে সেখানে হাজির হল এবং বলল, তার মনিব বেগম সাহেবা ইহা তোহফা স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। রাবেআ (রহঃ) রুটিগুলো গণনা করে দেখলেন, মোট আঠারখানা রুটি রয়েছে। তখন তিনি বাঁদীকে বললেন, রুটিগুলো ফিরিয়ে নিয়ে যাও। কেননা তোমার তুল হয়েছে, বেগম সাহেবা হয়ত রুটিগুলো অন্য কোথাও পাঠিয়েছেন, তুমি ভুল করে তা এখানে নিয়ে এসেছ। কিন্তু বাঁদী বলল, না, আমার ভুল হয়নি, নিশ্চয় ইহা আপনার জন্যই প্রেরণ করেছেন। হযরত রাবেআ (রহঃ) তবু বললেন, না, তুমি ইহা ফিরিয়ে নিয়ে যাও, নিশ্চয় তোমার ভুল হয়েছে। অগত্যা বাঁদী রুটিগুলো ফিরিয়ে নিয়ে তার মুনিবের কাছে হযরত রাবেআর (রহঃ) বক্তব্যের কথা জানাল। এবার বেগম সাহেবা ঐ রুটিগুলোর সঙ্গে আরও দুখানা রুটি বাড়িয়ে আবার বাঁদীকে পাঠিয়ে দিলেন। হযরত রাবেআ (রহঃ) এবার বিশখানা রুটি পেয়ে উহা মেহমানদেরকে খেতে দিলেন। তাঁরা খেতে বসলেন এবং হযরত রাবেআর (রহঃ) কাছে ঘটনার রহস্য জানার জন্য অনুরোধ করলেন। হযরত রাবেআ বছরী (রহঃ) বললেন, আপনারা দুজন ক্ষুধার্ত মানুষ। কিন্তু আমার গৃহে মাত্র দু খানা রুটি, এতে আপনাদের ক্ষুধা নিবৃত্ত হবে না। এজন্য আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। হয়ত তখন আল্লাহ তায়ালার মর্জি অনুসারে ঐ ভিক্ষুক এসে খাবার চাওয়ায় আমি আপনাদের সম্মুখ থেকে রুটি তুলে নিয়ে তাকে দান করলাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করলাম, হে মাবুদ! তুমি ওয়াদা করেছ, একটি দানের পরিবর্তে তুমি তার দশগুণ বিনিময় দাও। আমি তোমার এই প্রতিশ্রুতির উপর দৃঢ় আস্থা পোষণ করি। আর তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমি এই রুটি দু'খানি ভিক্ষুককে দান করলাম, আমার গৃহে আজ মেহমান উপস্থিত। এদের আপ্যায়নের ব্যবস্থা তোমার উপরই সোপর্দ করলাম। এরপরে বাঁদী যখন আঠারখানি রুটি নিয়ে এল, তখন আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আস্থার বলেই আমি মনে করলাম, নিশ্চয় এ রুটি আমার জন্য নয়। কেননা, আমি আল্লাহর ওয়াদানুযায়ী বিশখানা রুটি পাব। তাই আমি ঐ রুটি ফিরিয়ে দিয়েছিলাম। তারপর তো আপনারাই দেখলেন বাঁদী বিশখানা রুটি নিয়ে এল। হযরত রাবেআর (রহঃ) আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের নমুনা দেখে দরবেশদ্বয় বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন।

আল্লাহর পাহারা: একদা রাত্রে নামায আদায় করতে করতে হযরত রাবেআ (রহঃ) হঠাৎ তন্দ্রাভিভূত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে তাঁর গৃহে একটি চোর ঢুকে তাঁর চাদরখানা তুলে নিয়ে বের হয়ে যাওয়ার উদ্যোগ করল; কিন্তু সে ঘরের দরজা খুঁজে পেল না। বহুক্ষণ ধরে ঘুরা-ফিরা করেও সে গৃহ থেকে বের হতে পারল না। এমনি সময় গৃহের এক কোণ থেকে এক অদৃশ্য আওয়াজ হল, ওরে হতভাগা! তুই কার গৃহে চুরি করতে ডুকেছিস? এর মালিক গত বছর ধরেই আমাকে প্রহরীর কাজে নিয়োজিত করে রেখেছে। গৃহের মালিক যদিও নিদ্রায় অচেতন রয়েছে কিন্তু তার প্রহরী জাগ্রত থেকে প্রহরার কাজ করে যাচ্ছে। কাজেই এই গৃহ থেকে তোর কিছু চুরি করা সম্ভব হবে না। এই কথা শুনে চোর হাত থেকে চাদরখানা যথাস্থানে রেখে দিল। অমনি সে গৃহের দরজার সন্ধান পেল এবং নীরবে ঘর থেকে বের হয়ে গেল। কাক পাখির পিয়াজ প্রদান: একদা রাবেআর (রহঃ) পরিচারিকা রন্ধন করতে গিয়ে পিঁয়াজ নেই দেখে প্রতিবেশীর কাছ থেকে ধারে পিঁয়াজ আনার জন্য রওয়ানা হল। তখন রাবেআ (রহঃ) তাকে বলল, দেখ আমি চল্লিশ বছর আগে থেকে আল্লাহর কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, তিনি ছাড়া আর কারও কাছে কিছুই প্রত্যাশা করব না। তুমি পিঁয়াজ ছাড়াই পাক কর। ঠিক এই মুহূর্তে কোথা থেকে একটি কাক এসে রন্ধন গৃহের সম্মুখেই কতগুলো পিঁয়াজ ফেলে দিয়ে গেল। পরিচারিকা পরম খুশীতে সেই পিঁয়াজ দ্বারাই তরকারী পাক করল। হযরত রাবেআ (রহঃ) কিন্তু সে তরকারী আহার না করে খালি রুটি ভক্ষণ করলেন। তরকারী না খাওয়ার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি এই পিঁয়াজ সম্বন্ধে সন্দেহমুক্ত নই।

বেলায়েতের ক্ষেত্রে রাবেআর (রহঃ) স্থানঃ একদা রাবেআ (রহঃ) অরণ্য মধ্যে ইবাদতে রত ছিলেন। এমন সময় বনের হরিণ, বানর, বাঘ প্রভৃতি জন্তু তাঁর চারপাশে এসে পায়চারি করতে লাগল। এ সময় হাসান বছরী (রহঃ) সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া মাত্র বন্য জন্তুগুলো শশব্যস্তে ছুটে পালাল। তখন তিনি রাবআকে (রহঃ) বললেন, কি হে রাবেয়া (রহঃ)! যে জস্তুগুলো এতক্ষণ তোমার গা ঘেসে দাঁড়িয়েছিল, আমি আসার সাথে সাথেই সেগুলো চলে গেল কেন? হযরত রাবেআ (রহঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি আজ কি খেয়েছেন? তিনি বললেন, আমি আজ গোশত রুটি খেয়েছি। শুনে হযরত রাবেয়া (রহঃ) বললেন, আপনি যাদের মাংস ভোজন করেছেন, তারা আপনাকে ভয় করে ছুটে পালাবে না তো কি করবে বলুন! একদিন রাবেআ (রহঃ) হাসান বছরীর (রহঃ) গৃহে গমন করে দেখলেন, তিনি এমন অঝোর ধারায় ক্রন্দন করছেন যে, চোখের পানিতে ঘরের মেঝেতে স্রোত বইছে। এই অবস্থা দেখে রাবেআ হাসান (রহঃ)-কে বললেন, দেখুন! এই রোদনে যদি কোন কৃত্রিমতা না থাকে তবে খুবই ভাল, কিন্তু যদি এর সাথে এতটুকু রিয়ার স্পর্শ থাকে তা হলে কিন্তু এরই কারণে আপনার অন্তর থেকে এমন এক বেকারারীর সমুদ্র সৃষ্টি হবে যার গভীর অতলে আপনার কলব হারিয়ে যাবে। খুঁজে আর তার সন্ধান পাবেন না। রাবেআর (রহঃ) এই ধরনের কথা হাসান বছরীর (রহঃ) মনে কিছুটা আঘাত দিল। কিন্তু তিনি এর কোন প্রতিবাদ না করে চুপ করে থাকলেন। একদা রাবেআ বছরী (রহঃ) ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে নিবিষ্ট ছিলেন। এমনি সময় হযরত হাসান বছরী (রহঃ) তথায় গিয়ে হাজির হলেন। রাবেআর (রহঃ) ধ্যান ভঙ্গ হওয়ার পর দু'জনার মধ্যে কিছু কথোপকথন হল। এক পর্যায়ে হাসান বছরী (রহঃ) ফোরাত বক্ষে তাঁর জায়নামায বিছিয়ে বললেন, এসো নামায পড়ি। হযরত রাবেআ (রহঃ) বললেন, হযরত! যদি আপনার একাজ লোক দেখানো নিয়তে হয়ে থাকে খুবই উত্তম। এমন কাজ আপনার সমকক্ষদের দ্বারা সম্ভব নয়। আর যদি লোক দেখানোর উদ্দেশ্য না খাকে তবে আসুন আমরা অন্তরীক্ষে নামায আদায় করি। এই বলে তিনি স্বীয় জায়নামাযখানা শূন্যে বিছিয়ে দিলেন। হযরত হাসান বছরী (রহঃ) বেলায়াতে ও কারামতে হযরত রাবেআর (রহঃ) এই অভাবনীয় ক্ষমতা প্রত্যক্ষ করে নিজেকে যেন অতি ক্ষুদ্র মনে করলেন। হযরত রাবেআ (রহঃ) তাঁর অবস্থা অনুমান করে তাঁকে একটু খুশী করার জন্য অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, দেখুন হযরত! আপনি যা দেখালেন তা তো এমন কিছুই নয়, ইহা সামান্য মৎস্যই করে থাকে। পক্ষান্তরে আমি যা প্রদর্শন করলাম, তা নগণ্য একটি মক্ষিকার কাজ। তবে আসল কাজ এ'দুটির বহু ঊর্ধ্বে। হযরত হাসান বছরী (রহঃ) বলেন, একবার হযরত রাবেআর দরবারে বসে সারা দিবা রাত্র বিভিন্ন বিষয় নিয়ে ধর্মালোচনা ও এলমে বাতেনের জটিল তত্ত্ব সম্পর্কে কথোপকথন করলাম। কিন্তু এ সময়ের মধ্যে একটি মুহূর্তও মনে হয়নি যে, আমি একজন পুরুষ আর তারও এরূপ মনে হয়নি যে, সে একজন মহিলা। কথোপকথনের পর যখন তার থেকে বিদায় হলাম তখন আমি নিজেকে অতি হীন মনে করলাম এবং তাকে মনে হতে লাগল, সে একজন খাঁটি বিশিষ্ট তাপস। আর একদিন রাত্রিবেলা হাসান বছরী (রহঃ) তাঁর কতিপয় সহচরসহ আলাপালোচনা করার উদ্দেশ্যে হযরত রাবেআর (রহঃ) গৃহে তাশরীফ আনলেন। রাবেয়ার (রহঃ) গৃহে বাতির ব্যবস্থা ছিল না। হযরত রাবেয়া (রহঃ) জানতেন, হাসান (রহঃ)-এর আলোর দরকার হয়, তাই তিনি তাঁর একটি আঙ্গুলে দম করলেন। তাতে ঐ আঙ্গুলটি রওশন হয়ে গৃহের প্রদীপের কাজ হয়ে গেল। এই আশ্চর্যজনক ঘটনা দেখে হাসান বছরীর (রহঃ) সহচরগণ বললেন, এ কি করে সম্ভব হল? তখন রাবেআর (রহঃ) কিছু বলার পূবেই হাসান বছরী (রহঃ) বলে উঠলেন, শুন, যিনি হযরত রাসূলে করীম (দঃ)-এর প্রকৃত তাবেদার তাঁর পক্ষে এসব কাজ তেমন কিছুই নয়। নবী-রাসূলদের দ্বারা যদি মুজেযা প্রকাশ পেতে পারে, আল্লাহর আউলিয়াদের দ্বারা কারামত প্রদর্শিত হওয়ায় অবাক হওয়ার কি আছে?

একদা হযরত রাবেআ বছরী (রহঃ) হযরত হাসান বছরীর (রহঃ) কাছে উপহার হিসেবে তিনটি বস্তু প্রেরণ করলেন: (ক) মোম, (খ) সূঁচ এবং (গ) একগাছি কেশ। এর সাথে তিনি বলে পাঠালেন, দেখুন, এই মোমের ন্যায় আমাদের নিজগুণে বিগলিত হয়ে জ্বলে যাওয়া এবং স্বীয় আলোর দ্বারা দুনিয়াকে আলোকিত করা চাই। আর এই সুঁচের ন্যায় আমাদের সর্বদা মানুয়ের প্রয়োজনে রত থাকা দরকার। আর এইরূপ কাজে রত থেকে যদি নিজেকে নিজে এই কেশগাছির ন্যায় ক্ষীণ হতে ক্ষীণতর করে দিতে পারি তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। একদা হযরত হাসান বছরী (রহঃ) হযরত রাবেআ বছরী (রহঃ)-কে জিজ্ঞেস করলেন, তুমি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলে! তিনি জবাব দিলেন, আমার সব কিছু তাঁর (আল্লাহর) মাঝে বিলীন করে দিয়ে। প্রশ্ন হল, তুমি তাঁকে জানলে ও চিনলে কিভাবে? তিনি জবাব দিলেন, আপনি তাঁকে চিনেছেন যুক্তি-তর্কের মাধ্যমে; কিন্তু আমি তাঁর সন্ধান লাভ করেছি বিনা বাক্য ব্যয়ে। একবার হযরত হাসান বছরী (রহঃ) হযরত রাবেআর (রহঃ) দরবারে গিয়ে তাকে বললেন, ওহে! তুমি কোন মানুষের মাধ্যম ব্যতিরেকে সরাসরি আল্লাহর কাছ থেকে মারেফাতের যে শিক্ষা লাভ করেছ তার বিষয় কিছু বর্ণনা কর শুনি। হযরত রাবেআ (রহঃ) বললেন, আমি কয়েকটি টুপী সেলাই করে তা বিক্রয়ের দ্বারা দুটো মুদ্রা লাভ করি। ঐ মুদ্রা দুটোর একটি ডান হাতে অন্যটি বাম হাতে ধারণ করি। কারণ এক হাতে এক সাথে দুটো মুদ্রা জমার মাধ্যমে মুদ্রা সঞ্চয়ের দিকে মন যেতে পারে, যা আমার জন্য পথভ্রষ্টতার কারণ হয়ে দেখা দিতে পারে। আমার অবিলম্বিত ব্যবস্থা আমাকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে রেখেছে, আমার নফসের উপরে বিজয়ী হয়েছি এই গৃহীত ব্যবস্থার মাধ্যমেই। একদা হাসান বছরী (রহঃ) রাবেআ (রহঃ)-কে লক্ষ্য করে বললেন, শুন, যদি রোজ কিয়ামতে আমি দীদারে ইলাহী থেকে মুহূর্তকালও বঞ্চিত থাকি তাহলে আমি এত বেশী ক্রন্দন করব যে তা দেখে বেহেশতীগণ আমার প্রতি মমতায় অভিভূত হয়ে পড়বে। হযরত হাসান (রহঃ)-এর কথা শুনে হযরত রাবেয়া (রহঃ) বললেন, খুবই ভাল কথা; কিন্তু যে ব্যক্তি এই দুনিয়াতে মুহূর্তকাল মাবুদের দর্শনে বঞ্চিত হলে রোদন করতে থাকে ও ব্যস্ত ব্যাকুল হয়ে পড়ে, কিয়ামতেও যে সে তদ্রুপ হবে দুনিয়ার অবস্থাই তার প্রমাণ। দুনিয়াতে যে আল্লাহর দর্শনাকাংখায় কাঁদে না পরকালেও সে তজ্জন্য কাঁদবে না। কেহ কেহ তাঁকে একবার জিজ্ঞেস করল, মাননীয়া! বলুন তো, আপনি স্বামী গ্রহণে এরূপ অনিচ্ছুক এবং উদাসীন কেন? তিনি জবাবে বললেন, আমি তিনটি বিষয়ে বড় অনিশ্চয়তার মধ্যে থেকে চিন্তায় কালযাপন করছি। যদি কেউ আমাকে সুনিশ্চিতভাবে সে চিন্তাগুলোকে দূর করে দিতে পারত তাহলে আমি অবশ্যই স্বামী গ্রহণ করতাম। সে বিষয় তিনটি হলঃ (ক) আপনারা কি বলতে পারেন, আমার মৃত্যু বাঈমান হবে? (খ) রোজ কিয়ামতে আমলনামা কি আমি ডান হাতে পাব? (গ) রোজ কিয়ামতে একটি দলকে বেহেশত্রের দিকে নিয়ে যাওয়া হবে, আর একটি দলকে নিয়ে যাওয়া হবে দোযখের দিকে। আমি ঐ দুটো দলের কোন দলটির মাঝে অবস্থান করব? প্রশ্নকারীগণ জবাব দিল, এই মুহূর্তে আপনার এসব প্রশ্নের উত্তর দেয়া কারও পক্ষেই সম্ভব নয়। তখন হযরত রাবেআ (রহঃ) বললেন, দেখ, এই বিষয়গুলোর চিন্তা যার মাথায় অহরহ ঘুরপাক খাচ্ছে, সে কি করে বিবাহের দ্বারা নিজের মাথায় আর একটি চিন্তা বাড়িয়ে নিতে পারে? ফানাফিল্লাহর নিশানাসমূহ: লোকজন তাঁকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এবং যাবেন কোথায়? তিনি জবাব দিলেন, এই মাটি থেকে এসেছি আর যাবও এই মাটির নীচেই। জিজ্ঞেস করা হল, আপনি এখন কি করছেন? উত্তর দেয়া হল, অনুতাপ করছি। জিজ্ঞেস করা হল, তা কিরূপ? জবাব হল, আমি ঐ জগতের খানা খাই আর কাজ করি এই জগতের। লোকেরা তাঁকে বলল, মাননীয়া! আপনি যেরূপ মিষ্টভাষিণী তাতে এক সরাইখানার ভারপ্রাপ্তা হলে মানাতো ভাল। তিনি বললেন, আমি নিজেইতো এক সরাইখানা সদৃশ। যা আমার মধ্যে আছে তা বের করে দেই কিন্তু যা বাইরে রয়েছে, তা ভিতরে ঢুকতে অনুমতি দেই না। কে আসে কে যায় তাতে আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু নিজের ভিতর (অন্তঃকরণ) নিয়ে ব্যতিব্যস্ত, বাহির (মাটি)-কে নিয়ে নয়। কোন লোক একবার তাঁকে প্রশ্ন করল, আপনি কি ইবলীসকে শত্রু ভাবেন? তিনি জবাব দিলেন, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব বজায় রাখা নিয়ে এত বেশী ব্যতিব্যস্ত যে ইবলীসকে নিয়ে ভাবনা করার আমার অবসর নেই। হযরত রাবেআ (রহঃ) একবার স্বপ্ন যোগে দেখলেন, হযরত রাসূলে করীম (দঃ) তাঁকে জিজ্ঞেস করছেন, রাবেআ! তুমি কি আমার প্রতি মহব্বত রাখ? তিনি জবাবে বললেন, হে আল্লাহর নবী (দঃ)! কোন হতভাগা আপনার সাথে মহব্বত না রেখে পারে? তবে আমার অবস্থা এরূপ যে, আল্লাহর মহব্বতে ডুবে অন্য কারও সাথে আমার মহব্বত আছে কিনা তা ভেবে দেখতেও পারছি না। তাঁকে লোকগণ একবার ভালবাসার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, প্রকৃত প্রেম সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী থাকে। সৃষ্টি জগতের যে এর এক ফোঁটা পান করেছে, সে প্রেমাস্পদ খোদার সহিত মিলিত হয়ে এই নির্দেশ লাভ করেছে, "যে আল্লাহকে ভালবাসে, খোদ আল্লাহ্ তাকে ভালবাসেন।" তাকে জিজ্ঞেস করা হল, আপনি যার উপাসনা করেন, তাঁকে কি দেখতে পান? তিনি জবাব দিলেন, যদি না-ই দেখতাম তাহলে তো উপাসনা করতাম না। হযরত রাবেআ (রহঃ) সদা-সর্বদা কেবল ক্রন্দন করতেন। তাঁকে জিজ্ঞেস করা হল, আপনি সারাদিন এত ক্রন্দন করেন কেন? তিনি জবাব দিলেন, আল্লাহ তায়ালার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়ে। কেননা, যে আল্লাহর প্রতি আমি আসক্ত হয়েছি, যদি মৃত্যুকালে সেই প্রেমাস্পদ আল্লাহর কাছ থেকে এরূপ ঘোষণা শুনে বসি যে, তুমি যোগ্য ব্যক্তি নও, তা হলে আমার কি উপায় হবে? লোকগণ তাঁকে জিজ্ঞেস করল, পাপীলোক আল্লাহর দরবারে তওবা করলে তা কবুল করা হয় কি না? জবাবে তিনি বললেন, স্বয়ং আল্লাহ্ তাকে তওবা করার তাউফিক দেন বলেই তো সে তওবা করে। তাঁর তাউফিক ছাড়া কেউ তওবা করতে পারে না। আর আল্লাহ প্রদত্ত তাউফিক বলে তওবা কবুল না করার তো প্রশ্নই উঠতে পারে না। হযরত রাবেআ বছরী (রহঃ) বলেন যে, আল্লাহ্ কেবল তখনই সন্তু

sufibadi.com