হযরত উৎবা বিন গোলাম (রহঃ)
পরিচিতি: হযরত উৎবা বিন গোলাম (রহঃ) এলমে মারেফাতে এক কামেল ব্যক্তি ছিলেন। আল্লাহর প্রেমে বিভোর এবং তন্ময়তার দিক থেকে তাঁর খ্যাতি ছিল অত্যধিক। হযরত হাসান বছরী (রহঃ) তাঁর পীর ছিলেন। শুনা যায়, একদা হযরত হাসান বছরীর (রহঃ) সাথে তিনি নদীর তীরে ভ্রমণে গিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। এ ঘটনা দেখে হযরত হাসান বছরী (রহঃ) অবাক হয়ে তাঁকে বললেন, উৎবা এমন ক্ষমতা তুমি কোথায় পেলে? তিনি বললেন, আপনি যা আমাকে নির্দেশ দেন, আমি তা মনে-প্রাণে পালন করি। আর আপনি তো এ কাজগুলো ত্রিশ বছর আগে করতেন। আল্লাহর অসীম মেহেরবানীতে এখন আমি এগুলো করতে পারি।
কিভাবে পরিবর্তন এল : হযরত উৎবা (রহঃ) প্রথম জীবনে ঘটনাচক্রে এক মহিলার রূপ দেখে তাঁর প্রতি আসক্ত হলেন। তাঁর এই আসক্তির খবর তিনি যে কোন প্রকারে উক্ত মহিলার কাছেও পৌছিয়ে দিলেন। উক্ত মহিলা যেমনি বুদ্ধিমতি তেমনি সতী-সাধ্বী ও ধর্মভীরু ছিলেন। তিনি একদিন তাঁর দাসীকে উৎবার (রহঃ) কাছে এই বলে পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে উৎবার (রহঃ) কাছ থেকে জেনে এস, তিনি আমার দেহের কোন অঙ্গটি দেখে আমার প্রতি এত আকৃষ্ট হলেন? দাসী উৎবার কাছে হাজির হয়ে ঐ কথা তাঁর কাছে জিজ্ঞেস করল। উৎবা (রহঃ) বললেন, আমি তাঁর অঙ্গের অন্য স্থল তো দেখিনি শুধু তাঁর চক্ষু দুটোই আমার নজরে পড়েছে। সেই চক্ষু দুটোর সৌন্দর্যেই আকৃষ্ট হয়েছি। দাসীর নিকট খবর শুনে সাধ্বী মহিলা নিজের চোখ দুটো উৎপাটন করে ঐ দাসীর দ্বারাই উত্তার (রহঃ) কাছে পাঠিয়ে দিলেন। সে উৎবার (রহঃ) সাথে দেখা করে বলল, জনাব! এই যে, আপনার মাশুকা আপনাকে তার চোখ দুটো পাঠিয়ে দিয়েছেন। এই বলে দাসী চোখ দুটো উৎবার সম্মুখে রেখে দিল। এরূপ অপ্রত্যাশিত ঘটনা প্রত্যক্ষ করে উৎবা বিস্মিত হয়ে গেলেন। তাঁর অন্তর কেঁপে উঠল। এক দারুণ ভাবান্তর সৃষ্টি হলো তার হৃদয়ের মধ্যে। তিনি দুনিয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেই মুহূর্তে হাসান বছরীর (রহঃ) খেদমতে ছুটে গেলেন এবং তাঁর কাছে এলমে বাতেনের দীক্ষা নিলেন। শুরু হল তাঁর জীবনে কঠোর সংগ্রাম। পারিবারিক জীবনে তিনি কৃষি কাজ করতেন, হালচাষ করতেন, নিজ হাতে গম ভাংতেন, রুটি তৈরী করতেন এবং নিজেই তা আগুনে সেঁকে একটি রুটি খেয়ে একাধারে সাত দিনের জন্য ইবাদতে মশুণ্ডল হয়ে যেতেন। তিনি বলতেন, আমার দু'কাঁধে দু' ফেরেশতা কিরামুন-কাতেবীনের পাপ-পুণ্য লিখার কথা স্মরণ হওয়া মাত্র আমার হৃদয়ে লজ্জার উদয় হয়।
অপরের হক: শীতকালের কোন একদিন হযরত উৎবা (রহঃ)-কে দেখা গেল, তিনি একটি মাত্র জামা পরিহিত অবস্থায় এক প্রতিবেশীর গৃহ- গৃহ-দেয়ালের কাছে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিমর্ষ বদনে দাঁড়িয়ে আছেন। শীতের মধ্যেও তাঁর জামাটি ঘর্মসিক্ত হয়ে গিয়েছে। কেহ তাঁকে জিজ্ঞেস করল, আপনার এ অবস্থা কেন? তিনি উত্তরে বললেন, কিছুদিন আগে কয়েকটি লোক আমার গৃহে আতিথ্য গ্রহণ করেছিল। খাওয়া-দাওয়ার পরে তারা হাতের তেল ও চর্বি ছাড়াবার উদ্দেশ্যে আমার প্রতিবেশীর অনুমতি ছাড়া তার এ দেয়াল থেকে কিছু মাটি নিয়ে তাতে হাত মর্দন করে পানি দিয়ে তা পরিষ্কার করেছিল। তাদের এই অন্যায় কাজের জন্য আমি অবশ্য প্রতিবেশীর নিকট ক্ষমা ভিক্ষা করেছি। তিনি মার্জনা করেছেন কিন্তু তবু এই দেয়ালের কাছ দিয়ে যাতায়াত কালে দেয়ালের সেই স্থানটির দিকে তাকালে আমার মনে উদয় হয়-সেই অন্যায়জনিত কাজটির জন্য রোজ কিয়ামতে আল্লাহ আমাকে যদি প্রশ্ন করে বসেন যে, তোমার মেহমানেরাই একাজ করেছে, এর দায়িত্ব তোমার, তখন আমি এর কি জবাব দিব, সেই ভয়ে আমার অবস্থা এরূপ হয়ে যায়।
তন্ময়তার দৃষ্টান্ত: একবার কয়েকটি লোক হযরত আবদুল ওয়াহেদ বিন জায়েদ (রহঃ)-এর কাছে জিজ্ঞেস করল, হুযুর! এমন কোন লোক আছেন কি যিনি গভীর ভাবোন্মতায় বাইরের সব কিছু বিস্মৃত হয়ে থাকেন। হযরত আবদুল ওয়াহেদ বললেন, তোমরা একটু অপেক্ষা কর। তেমন লোক একটু পরেই এখানে তাশরীফ আনবেন। বাস্তবিক কিছুক্ষণ পরেই হযরত উৎবা (রহঃ) সেখানে আগমন করলেন। আবদুল ওয়াহেদ (রহঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, বাড়ী থেকে বের হয়ে পথে আপনার কার সাথে সাক্ষাত হয়েছে? তিনি জবাব দিলেন, না তো, আমার কারও সাথে সাক্ষাত হয়নি। অথচ সবাই জানত, তাকে জনকোলাহলপূর্ণ একটি বাজারের উপর দিয়ে আসতে হয়েছে। হযরত উৎবা (রহঃ) কোন দিন উত্তম খানা ও উত্তম পোশাক পছন্দ করতেন না। মামুলি খাদ্য গ্রহণ করতেন এবং সাধারণ পরিচ্ছদ পরিধান করতেন। এভাবে নফসকে তিনি খুবই কষ্টের মধ্যে রাখতেন। একদিন তাঁর জননী বললেন, বাবা! নিজের প্রতি একটু লক্ষ্য রেখে চল। শরীরের ও মনের কিছুটা শান্তিরও প্রয়োজন। জবাবে তিনি বললেন, আম্মা। আমার বাসনা এই যে, রোজ কিয়ামতে যেন আমার দেহ ও মনের দিকে লক্ষ্য রাখা হয়, যাহা অনন্ত কালের জন্য স্থায়ী হবে। দুনিয়া তো শুধু দুনিয়ার জন্য। এখানে সাময়িক একটু কষ্ট-ক্লেশ করে যদি অনন্তকালের সুখ অর্জন করা যায়, তবে তার চেয়ে আর সৌভাগ্যের কি আছে?
আল্লাহর প্রেম: একদা রাত্রি জেগে উৎবা (রহঃ) আল্লাহর দরবারে শুধু এই মুনাজাতই করেছিলেন। ওহে মাবুদ! তুমি আমার কল্যাণ কর তাহলে তোমার সঙ্গে আমি দোস্তী বহাল রাখব। আর যদি আমার জন্য শাস্তি বিধান কর তাহলেও তোমার সঙ্গে দোস্তী বজায় রাখব। কোন অবস্থায়ই দোস্তী ছিন্ন হয়ে যাবে না। কথিত আছে, কোন এক রাত্রে উৎবা (রহঃ) স্বপ্নে দেখলেন, এক রূপসী হুরী এসে তাঁকে বলল, উৎত্তা! আমি তোমার উপর আসক্ত হয়েছি। তাই বলছি, তুমি কখনও এমন কোন কাজ না কর যা তোমার ও আমার মধ্যে বিচ্ছেদের কারণ হতে পারে। উৎবা (রহঃ) জাবাব দিলেন, আমি তো আল্লাহর প্রেমে মজে দুনিয়াকে বর্জন করেছি। এমতাবস্থায় তোমর দিকে কি নজর করতে পারি?
কারামত: একদা একটি লোক হযরত উৎবার (রহঃ) কাছে আগমন করে বলল, হুযুর! বহু লোক আপনার অবস্থার কথা আমার নিকট জিজ্ঞেস করে। যদি সম্ভব হয় আপনার কিছু কারামত আমাকে প্রদর্শন করুন। হযরত উৎবা (রহঃ) বললেন, তুমি কোন শ্রেণীর কারামত দেখার প্রত্যাশী, বল। লোকটি বলল, আমাকে খুরমা যোগাড় করে দিন। সাথে সাথে হযরত উৎবা (রহঃ) কতগুলো তাজা খুরমা থলে থেকে তার হাতে অর্পণ করলেন।
চির বিদায়: কথিত আছে, একদা সাধক সাম্মাক (রহঃ) এবং হযরত জুনুন মিসরী (রহঃ) জগতের সেরা সাধক হযরত রাবেআ বছরীর (রহঃ) দরবারে উপবিষ্ট ছিলেন। এমন সময় উত্তম নতুন পোশাক পরিহিত অবস্থায় হযরত উৎবা (রহঃ) বেশ ধীর গতিতে সেখানে গিয়ে হাজির হলেন। তাঁকে লক্ষ্য করে হযরত সাম্মাক (রহঃ) বললেন, ওহে উৎবা! তোমাকে যেন কিছুটা দর্পিত মনে হচ্ছে! হযরত উৎবা (রহঃ) জবাব দিলেন, তা কেন মনে হবে না, বলুন আমি যদিও অধম দাস, কিন্তু তাহলেও আমি "আবদুজ্জাব্বার' অর্থাৎ মহান প্রভাবশালী আল্লাহর দাস। অতএব, তাঁর কি কোন প্রভাবই আমার মধ্যে প্রতিফলিত হবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বেহুঁশ হয়ে ভূমিতে পতিত হলেন। লোকজন তাঁর কাছে পৌছে দেখল, তাঁর পবিত্র রূহ প্রভু মাবুদের কাছে প্রস্থান করেছে। তাঁর ইনতেকালের পর এক বোযর্গ স্বপ্ন যোগে দেখতে পেলেন, হযরত উৎবার (রহঃ) অর্ধেক চেহারা অনুজ্জ্বল রয়েছে। তা দেখে তিনি হযরত উৎবার (রহঃ) কাছে জিজ্ঞেস করলেন, আপনার চেহারার একাংশ কালো হওয়ার কারণ কি?
তিনি উত্তরে বললেন, আমি ছাত্র জীবনে কোন একদিন একটি সুন্দর লাবণ্যময় বালকের চেহারার দিকে আকৃষ্ট হয়ে তাকিয়েছিলাম। মৃত্যুর পরে যখন আমাকে বেহেশতের দিকে নিয়ে যাওয়া হতে লাগল, তখন দোযখের মধ্য থেকে একটি বিষধর সর্প বেরিয়ে এসে আমার চেহারার উপর দংশন করে বলল, তোমার সেদিনকার সেই একটি নজরের সাজা এই। যদি তুমি পুনরায় তার প্রতি এরূপ দৃষ্টি উঠিয়ে তাকাতে তাহলে তোমার সাজা ইহা অপেক্ষা আরও অনেক কঠোর হত।
তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া
sufibadi.con