হযরত ওয়াসে' (রহঃ)
পরিচয়ঃ হযরত ওয়াসে' (রহঃ) স্বীয় জমানার খ্যাতনামা আলেম এবং কামেল বোযর্গ ছিলেন। অনেকের মতে, সে যুগে তাঁর সমকক্ষ অলী আর কেউ ছিলেন না। তিনি বহু তাবেয়ীর সঙ্গলাভ এবং খেদমত করার ভাগ্য অর্জন করেছিলেন। এছাড়া, বহু কামেল বোযর্গ ও সেরা অলী-আল্লাহগণের সান্নিধ্য লাভও তাঁর ভাগ্যে ঘটেছিল। ত্যাগ-তিতিক্ষা ও সাধনার ক্ষেত্রে তিনি বিস্ময়কর আদর্শ স্থাপন করে গিয়েছিলেন। স্বীয় নফসকে দমন করার উদ্দেশ্যে তিনি সারা জীবন শুধু শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে আহার করতেন। কোন রূপ সুস্বাদু বা উত্তম খাদ্য তিনি নিজের জন্য হারাম করে রেখেছিলেন। তিনি বলতেন, যারা এরূপ আহার করে, তাদের কখনও অন্যের কাছে মুখাপেক্ষী হতে হয় না। তিনি অনেক মুনাজাতে আল্লাহর দরবারে এরূপ আরজ করতেন, হে প্রভু! তুমি তোমার প্রিয় বন্ধুদের ন্যায় আমাকেও অভাবগ্রস্ত করে রেখেছ, কিন্তু আমি বুঝতে পারি না, আমার কোন গুণে মুগ্ধ হয়ে তুমি আমাকে এই মর্যাদা দান করেছ? তাঁর জীবনে অনেক সময় এরূপ অবস্থা হয়েছে যে, একাধারে দু'চার দিন চলে যেত, কিন্তু কিছুই খাবার জুটত না। তখন তিনি হযরত হাসান বছরীর (রহঃ) দরবারে গমন করতেন। হাসান বছরী (রহঃ) বাইরে থেকে গৃহে ফিরে তাঁকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হতেন। সেখান থেকে যা কিছু সম্ভব খেয়ে আসতেন।
হাসান বছরী (রহঃ) বলতেন, তাঁর মত ভাগ্যবান ব্যক্তি আর নেই যিনি প্রত্যুষে ক্ষুধার্ত অবস্থায় বিছানা হতে উঠেন এবং সেই ক্ষুধা নিয়েই আবার রাত্রে শয্যা গমন করেন। তারপর এত কষ্ট সত্ত্বেও আল্লাহর ইবাদতে পরাম্মুখ হন না।
উপদেশ বাণী: একদা এক ব্যক্তি হযরত ওয়াসে'র দরবারে উপস্থিত হয়ে তাঁর কাছে কিছু উপদেশ শুনবার আরজু জানাল। তিনি বললেন, আমি তোমাকে এমন কিছু উপদেশ দান করব, যা আমল করলে তুমি দুনিয়া ও আখেরাতের বাদশাহ হতে পারবে। তুমি যদি বেলায়েতের অধিকারী হতে চাও এবং কারও কাছ থেকে কোন কিছু প্রত্যাশা না কর আর সৃষ্টি জগতকে একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল বলে মনে করতে পার, তাহলে তোমার আর কারও কাছে মুখাপেক্ষী হতে হবে না, কারও প্রতি কোন কাজে নির্ভরও করতে হবে না। আর একেই বলে প্রকৃত বাদশাহী।
একদা ওয়াসে' (রহঃ) মালেক দীনার (রহঃ)-এর কাছে প্রসঙ্গক্রমে বললেন, দেখুন, দুনিয়াতে সম্পদের হেফাজত অপেক্ষা স্বীয় যবান সংযত রাখাই হল কঠিন।
একদা হযরত ওয়াসে' (রহঃ) অত্যন্ত মামুলী ও জীর্ণ পোশাক পরিধান করে কাতীবা নামক এক দরবেশের দরবারে আগমন করলেন। কাতীবা (রহঃ) তাঁকে এই পোশাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আপনি এমন পোশাক পরছেন কেন? কিন্তু হযরত ওয়াসে' কোন জবাব না দিয়ে চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে কাতীবা (রহঃ) পুনরায় তাঁকে জিজ্ঞেস করলেন, কি হে কথা বলছেন না কেন? এইবার ওয়াসে' জবাব দিলেন, দেখুন, যদি বলি, দরবেশী লেবাসই এরূপ আড়ম্বরহীন ও সাধারণ হওয়া চাই, তাতে যে আমার অন্তর থেকে কিছুটা অহমিকার ভাব ফুটে উঠে। আর যদি বলি, আল্লাহ্ আমাকে মূল্যবান পোশাক পরার তৌফিক দেননি, তিনি যে ভাবে রেখেছেন, তেমনি পোশাক পরিধান করেছি। আমার ধারণায় তাতে যেন আল্লাহর কিছুটা শেকায়েত করা হয়। আপনার প্রশ্নের জবাব আমাকে উভয় সঙ্কটে ফেলেছে। তাই আমি কিছুই না বলে চুপ করে থাকাকেই ভাল মনে করেছিলাম।
পুত্রের প্রতি কড়া নসীহত: ওয়াসে' (রহঃ) লক্ষ্য করলেন, তার পুত্রের স্বভাবে কিছুটা দেমাগ এবং বিলাসিতার প্রকাশ পাচ্ছে। অতএব, একদা তাকে নিকটে ডেকে বললেন, ওহে বেটা! তুমি কে, তা কি তুমি জান? তোমার মাতাকে মাত্র দু'শত দিরহাম দিয়ে আমি কিনে এনেছি। আর আমি তোমার পিতা সকল মুসলমানদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। আল্লাহর নগণ্যতম দাস। এখন ভেবে দেখ, যার পিতা-মাতা নগণ্যতম দাস-দাসী তাদের সন্তান হয়ে তোমার পক্ষে অহঙ্কার করা কি শোভনীয় হতে পারে?
একদা এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করলেন, হুযুর! আপনি ভাল এবং সুস্থ মনে আছেন তো? তিনি জবাব দিলেন, প্রতি মুহূর্তে জীবনের আয়ু ক্ষয় হয়ে চলেছে। পক্ষান্তরে নেকী কিছুই নেই বরং গুনাহর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এমনি অবস্থায় কি করে ভাল থাকা যায় এবং মন-প্রাণ সুস্থ রাখা যায় তাতো সহজেই বুঝতে পারেন।
হযরত ওয়াসে' (রহঃ) প্রায়ই এরূপ বলতেন, আমি সব জিনিসের মধ্যেই আল্লাহর নিদর্শন অবলোকন করছি। একদা তাঁকে লোকজন জিজ্ঞেস করল, হুযুর। আপনি কি আল্লাহকে চিনেছেন? কিছুক্ষণ মস্তক অবনত রেখে তারপর জবাব দিলেন, আল্লাহকে যে চিনেছে সে-ই নির্বাক ও নিস্তব্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ, আল্লাহকে চিনবার পর আর সে বেশী কথা বলতে পারে না, আর আল্লাহর মর্জীতে যার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সে কখনও আল্লাহ ব্যতীত আর কারও দিকে ফিরেও দেখে না।
তিনি আরও বলেন যে, কেউ কোনদিন প্রকৃত মু'মিন ও সাধক হতে পারে না, যতদিন পর্যন্ত না তার মনে নৈরাশ্য ও আশা সমানভাবে বিরাজ করে।
তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া
sufibadi.com