বৈরাগ্য ও আধ্যাত্মিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত মালেক বিন দিনার (রহ.)

হযরত মালেক বিন দিনার (রহ.) ছিলেন অষ্টম শতাব্দীর একজন প্রখ্যাত তাবেঈ, হাদিস বিশারদ ও সুফি সাধক। হাসান আল-বসরির এই শিষ্য তাঁর অনুপম বৈরাগ্য, আধ্যাত্মিক সাধনা এবং দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে ইসলাম প্রচারের জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

পরিচিতিঃ হযরত মালেক দীনার (রহঃ) হযরত হাসান বছরী (রহঃ)-এর সমসাময়িক ব্যক্তি ছিলেন। শীর্ষ পর্যায়ের সাধকবৃন্দের মাঝে তাঁর নামটিও উল্লেখযোগ্য। তাঁর জন্মগ্রহণ কালে তাঁর পিতা দাস-জীবন যাপন করছিলেন। হযরত মালেক (রহঃ)-এর নামের সাথে কোন কারণবশতঃ দীনার নামটি যুক্ত হয়েছিল।হযরত মালেক (রহঃ) বাহ্য দৃষ্টিতে যদিও এক দাসের পুত্র ছিলেন। কিন্তু প্রকৃত অর্থে তিনি মহাকল্যাণ ও সৌভাগ্যের ধারক ছিলেন। সাধনা ও কীর্তিতে তিনি শীর্ষদেশে আরোহণ করেছিলেন। দীনার নামকরণের কারণঃ একদা এক নদী পার হওয়ার উদ্দেশ্যে মালেক দীনার (রহঃ) একখানা খেয়ায় উঠলেন। খেয়ানৌকা মাঝ নদী অতিক্রম করার পর মাঝি তাঁর কাছে খেয়ার পয়সা চাইল। মালেকের (রহঃ) কাছে কোন পয়সা না থাকায় তিনি বিনয়ের সুরে নিজের অক্ষমতার কথা প্রকাশ করলেন। কিন্তু মাঝি সে কথায় কান না দিয়ে পয়সার জন্য খুবই পিড়াপিড়ি করতে লাগল। কিন্তু মালেকের (রহঃ) কিছু করার ছিল না। তিনি আবারও মাঝির কাছে খুব নরম হয়ে বললেন, দেখ ভাই, আমার নিকট একটি কপর্দকও নেই, আমাকে তুমি মাফ করে দাও।মাঝি তখন 'ব্যাটা' তোর কাছে পয়সা নেই তবে তোকে খেয়ায় উঠতে কে বলেছে, এ কথা বলে বেদম মারধর শুরু করল। খেয়ার অন্যান্য আরোহীরাও তাঁর সাহায্যে এগিয়ে এল না; বরং তারা মাঝির পক্ষেই কথা বলল। মাঝির অত্যধিক প্রহারে হযরত মালেক (রহঃ) অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর চেতনা ফিরে এলে মাঝি তাঁর কাছে পুনরায় পয়সা চাইতে শুরু করল। তিনি পূর্বের মতই পয়সা নেই বলে ওজর দেখালেন। তখন মাঝি এই সিদ্ধান্ত নিল যে, বিনে পয়সায় কিছুতেই তাকে পার করে দিবে না; বরং তার হাত-পা বেঁধে নদী বক্ষে নিক্ষেপ করবে। বাস্তবিকই সে একটি রশি হাতে নিয়ে এই কু-উদ্যোগ গ্রহণ করল। আল্লাহর কি অপূর্ব কুদরত! হঠাৎ দেখা গেল নদীর সমুদয় মৎস্য মুখে একেকটি দীনার নিয়ে খেয়ার চার পাশে ভেসে উঠল! তখন হযরত মালেক হস্ত বাড়িয়ে একটি মৎস্যের মুখ থেকে একটি দীনার নিয়ে মাঝির হাতে অর্পণ করলেন। মাঝি ও অন্যান্য আরোহীরা এ অভাবিত ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। মাঝির হৃদয়ে তখন কৃত অপরাধের জন্য দারুণ ভয়ের উদ্রেক হল। সে হযরত মালেকের (রহঃ) পদতলে লুটিয়ে পড়ে তাঁর কাছে ক্ষমা ভিক্ষা করল। তিনি ক্ষমা করে দিয়ে সেই মুহূর্তে নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে তীরে উঠে অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে তাঁর নামের সঙ্গে দীনার নামটি যুক্ত হল।

স্বার্থপরতা ও খুলুসিয়াতের পার্থক্যঃ হযরত মালেক দীনার অত্যন্ত সুন্দর চেহারা এবং ধনৈশ্বর্যের অধিকারী ছিলেন। তিনি দামেশক নগরীতে বসবাস করতেন। একবার তিনি হযরত মুয়াবিয়া নির্মিত দামেশকের বৃহৎ মসজিদে প্রায় এক বছর এই উদ্দেশ্যে এতেকাফ করলেন যে, যদি মসজিদে এভাবে ইবাদতে লিপ্ত থাকেন তাহলে সকলে তাঁর প্রতি আস্থা স্থাপন করে উক্ত মসজিদ এবং মসজিদ সংলগ্ন ভূমির মুতাওয়াল্লী পদ দান করবে। এই আশার বশবর্তী হয়ে তিনি সর্বক্ষণ নফল নামায এবং মোরাকাবায় নিমগ্ন থাকতেন। অবশ্য মনে মনে তিনি নিজেকে কপটাচারী বলেই জানতেন। একদা রাত্রে তিনি মসজিদ থেকে বের হয়ে এক অদৃশ্য বাণী শুনলেন। ওহে মালেক! তুমি আল্লাহর দরবারে এখনও তওবা করছ না কেন? এরূপ অদৃশ্য বাণী শ্রবণ করে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন, আমি দীর্ঘ একটি বছর কপটতার আশ্রয় নিয়ে সাধুতার ভাব করে স্বার্থ সিদ্ধির ইবাদত করেছি। আল্লাহর উদ্দেশ্যে সরল মনে তো কিছুই করিনি। এইরূপ ভাবনা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে তওবা করে সেইদিন থেকে খালেছ ইবাদত শুরু করলেন। রাত অতিবাহিত হয়ে গেল। পরদিন সকাল বেলা মুসল্লিগণ মসজিদে এসে পরস্পর বলাবলি শুরু করলেন যে, মসজিদটির বিভিন্ন ব্যাপারে খুবই বিশৃঙ্খলা বিরাজ করছে। কোন সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। এজন্য মসজিদের একজন মুতাওয়াল্লী নিযুক্ত করা একান্ত প্রয়োজন।তাহলে মসজিদের যাবতীয় কাজ সুচারুরূপে সম্পন্ন হবে। তবে সেই পদে কাকে নির্বাচন করা যায়, এ নিয়ে কিছুটা আলাপালোচনার পর তারা হযরত মালেক দীনার (রহঃ)-কে উপযুক্ত লোক বলে সিদ্ধান্ত নিলেন এবং সকলে মিলে তারা তাঁর কাছে উপস্থিত হয়ে মুতাওয়াল্লী পদ গ্রহণ করার জন্য তাঁকে অনুরোধ জানালেন। হযরত মালেক দীনার (রহঃ) মনে মনে আল্লাহর কাছে বলতে লাগলেন, ওহে মাবুদ! তোমার মহিমার সীমা নেই। আমি দীর্ঘ একটি বছর মসজিদে এতেকাফ করে মুতাওয়াল্লী পদের উদ্দেশ্যে এত নামায ও তাসবীহ পাঠ করলাম, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হল না। তারপর সেই উদ্দেশ্য বিসর্জন দিয়ে তওবা করে একটি রাত্র ইবাদত করার ফলেই সেই পদটি এখন আমার নিকট আপনা থেকে এসে লুটোপুটি খাচ্ছে। কিন্তু আমি তো কিছুতেই তা আর গ্রহণ করতে পারি না। আমি তোমার ইবাদত ছেড়ে আর মসজিদ ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। তিনি মুসল্লিদের কাছে মুতাওয়াল্লী পদ গ্রহণে নিজের অক্ষমতার কথা প্রকাশ করে পুনরায় খালেস মনে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন।

তালাক প্রাপ্ত রমণীকে পুনঃ বিবাহ করা যায় না: বসরায় এক ধনবান আমীর বহু ধন-সম্পদ রেখে মারা গেলে তার একমাত্র কন্যা পিতৃপরিত্যক্ত অতুল সম্পত্তির অধিকারী হন। তিনি তখন অবিবাহিত ছিলেন। ধনী আমীরের কন্যা হলেও ধর্মের দিকে তার মন ছিল। তিনি একদিন হযরত সাবেত বানানী (রহঃ)-কে ধরে বসলেন যে, আপনি আমার জন্য একটি কাজ করে দিন। আমি হযরত মালেক দীনার (রহঃ)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাসনা রাখি। তাঁর দ্বারা আমার দ্বীনের কাজে অনেক ফায়েদা হবে। যদি আমার জন্য আপনি এই কাজটির ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।যুবতী মহিলার এই প্রস্তাব যথা সময়ে সাবেত বানানী (রহঃ) হযরত মালেক দীনারের (রহঃ) কাছে পেশ করলেন। উল্লেখ্য যে, উক্ত যুবতীর রূপ ও গুণেরও কোন অভাব ছিল না। কিন্তু হযরত মালেক দীনার (রহঃ) প্রস্তাব শুনে সাবেত বানানী (রহঃ)-কে বললেন, দেখ সাবেত! আমি দুনিয়াকে তিন তালাক দিয়ে রেখেছি। কোন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, হোক তা বিবাহের মাধ্যমেই, দুনিয়াবী। ব্যাপার ছাড়া তো আর কিছু নয়। এখন তুমিই বল, তালাক প্রদত্ত রমণীকে আবার কিভাবে বিবাহ করি?

একটি কারামত: একদিন হযরত মালেক দীনার একটি বৃক্ষ ছায়ায় একটু বিশ্রাম করতে বসে নিদ্রাভিভূত হয়ে পড়লেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সে সময় একটি বিষধর সর্প নারগিস ফুলের একটি পত্রযুক্ত শাখা মুখে নিয়ে তদ্‌দ্বরা তাঁকে বাতাস করছিল।

দোয়া কবুল না হওয়ার ভেদ: শুনা যায়, হযরত মালেক দীনার ধর্ম যুদ্ধে যোগদান করে একটি খাস নেক কাজের আশা বহুদিন ধরে হৃদয়ে পোষণ করছিলেন। এক সময় এরূপ একটি সুযোগ এসে গেল। ইসলাম বিরোধী লোকদের সঙ্গে মুসলমানদের একটি জিহাদের প্রস্তুতি শুরু হয়ে গেল। হযরত মালেক দীনার (রহঃ) এই ভেবে বেশ উৎফুল্ল হলেন যে, হয়ত আল্লাহ তাঁর দোয়া এতদিনে কবুল করেছেন। এবার তিনি জিহাদে শরীক হওয়ার সুযোগ পাবেন।কিন্তু আল্লাহর কুদরত বুঝা মানুষের পক্ষে সম্ভব নয়। যুদ্ধের দিন খুবই নিকটবর্তী হল, ঠিক এমনি সময় মালেক দীনার (রহঃ) রোগে আক্রান্ত হলেন। রোগের প্রাবল্যে তখন আর তাঁর শয্যাশায়ী হওয়া ছাড়া উপায় থাকল না। ওদিকে তাঁর এই প্রবল রোগের কারণে তিনি যুদ্ধে যোগদান করতে পারলেন না। তিনি দুঃখে একেবারে ম্রিয়মান হয়ে পড়লেন। মনে মনে তিনি নিজের দেহকে বলতে লাগলেন, ওহে হতভাগা দেহ! আল্লাহর দরবারে যদি তোর এতটুকু মূল্য ও মর্যাদা থাকত তাহলে ঠিক এই মুহূর্তে কিছুতেই এভাবে রোগাক্রান্ত হতে না। এইরূপ চিন্তা করতে করতে হঠাৎ তাঁর কানে এক অদৃশ্য আওয়াজ ভেসে আসল-ওহে মালেক। এই ঘটনার গুপ্ত রহস্য বুঝতে না পেরে এভাবে অস্থির হয়ো না। তুমি জেনে রাখ। এই যুদ্ধে যোগদান করলে তুমি নিশ্চয় শত্রুর হাতে গ্রেফতার হয়ে যেতে আর বন্দী অবস্থায় কাফির শত্রুরা তোমাকে জবরদস্তী শূকরের মাংস আহার করাতো, যা তোমার জন্য ধর্ম-নষ্টের কারণ ছিল। সুতরাং তোমাকে সেই চরম বিপদ থেকে রক্ষা কল্পে আল্লাহ তোমাকে এ সময়ে রোগাক্রান্ত করেছেন। অতএব, এই রোগ তোমার জন্য সৌভাগ্যের কারণ হয়েছে।হক বা সত্যের বরকত একদা এক নাস্তিকের সাথে হযরত মালেক দীনার (রহঃ)-এর ধর্ম বিধি নিয়ে দারুণ তর্ক-বিতর্ক হল। উভয়েই আপনাপন পথকে উত্তম এবং শ্রেষ্ঠ বলে দাবী করলেন। অবশেষে এই কথার উপর ফায়সালা হল যে, দুজনেই এক সাথে নিজ নিজ হাত আগুনে স্থাপন করবেন, যার হাত অক্ষত থাকবে তার পথ ঠিক আর যার হাত আগুনে পুড়ে যাবে তার পথ ভ্রান্ত বলে মেনে নেয়া হবে। সিদ্ধান্ত মত দুজনেরই হাত এক সঙ্গে আগুনের মধ্যে ধরল। কিন্তু কারও হাত এতটুকু দম্বিভূত হল না, সম্পূর্ণরূপে অক্ষত থেকে গেল। তখন উপস্থিত লোকজন এই সিদ্ধান্তে উপনীত হল যে, দুজনই খাঁটি পথে আছেন, কারও পথই ভ্রান্ত নয়।এই ঘটনার ফলে হযরত মালেক দীনার (রহঃ) একবারে ম্রিয়মান হয়ে পড়লেন। তিনি সিজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লাগলেন, ওহে মাবুদ! দীর্ঘ সত্তর বছর তোমার ইবাদত করে অবশেষে আজ এক নাস্তিক কাফিরের সমপর্যায়ভুক্ত হলাম। এ তোমার কেমন বিচার, প্রভু! গায়েবী আওয়াজ হল, ওহে মালেক! তুমি ব্যাকুল হয়ো না, যেহেতু তার হাতও সে তোমার হাতের সঙ্গে আগুনে রেখেছে, তাই তোমার পুণ্য হাতের বরকতে তার হাতও আগুন থেকে রক্ষা পেয়েছে। যদি সে পৃথক ভাবে তার হাত আগুনে রাখত, তাহলে নিশ্চয় তা জ্বলে-পুড়ে ভস্ম হয়ে যেত।

বাক্যের প্রভাব: একবার হযরত মালেক দীনার (রহঃ) কঠিন রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। সামান্য সুস্থ হওয়ার পর বিশেষ কাজে তাঁকে বাজার যেতে হল। তাঁর শারীরিক দুর্বলতা তখনও পুরো মাত্রায় ছিল। ঐ দিন ঘটনাক্রমে বাজারে কমিটির প্রধান পরিচালক কোন কার্যোপলক্ষে বাজারে আসলেন। যখন তিনি বাজারের রাস্তায় বের হলেন তখন লোকজনের ভীড় কমাবার উদ্দেশ্যে একদল লোক রাস্তা থেকে সরে যাও, দুপার্শ্বে দাঁড়াও প্রভৃতি ধ্বনি দিতে দিতে রাস্তা পরিষ্কার করতে লাগল। হযরত মালেক দীনার (রহঃ)-ও এ সময় এক রাস্তা দিয়ে চলছিলেন। শারীরিক দুর্বলতার কারণে রাস্তার এক পার্শ্বে সরতে তাঁর একটু বিলম্ব হল।এই অপরাধে জনৈক প্রহরী তাঁর রোগ জর্জরিত দুর্বল দেহে চাবুক দ্বারা আঘাত করল। তিনি তখন আল্লাহর দরবারে কাতরোক্তি করলেন, ওহে মাবুদ! এই জালিমের নিষ্ঠুর হাত যেন দ্বিখণ্ডিত হয়ে যায়। সাথে সাথে আল্লাহর দরবারে তাঁর দোয়া কবুল হল। শুনা যায়, তারপর লোকটির ডান হাতখানা দ্বিখণ্ডিত হয়ে ঐ বাজারের রাস্তার উপরেই পড়ে রইল।মালেক দীনার (রহঃ)-এর এক অত্যাচারী প্রতিবেশী ছিল। সে এত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল যে, তার অত্যাচার ও অনাচারে লোক অতীষ্ঠ হয়ে একদিন মালেক দীনার (রহঃ)-এর কাছে এসে বলল, আপনি লোকটিকে উপদেশ দিয়ে একটু সৎপথে আনুন। তার অত্যাচার আর সহ্য করা যায় না। হযরত মালেক দীনার (রহঃ) তাদের অভিযোগ শুনে একদা ঐ প্রতিবেশীকে তার স্বভাব সংশোধনের জন্য উপদেশ দিলেন; কিন্তু সে তাঁর উপদেশের প্রতি ভ্রুক্ষেপ না করে কর্কশ ভাষায় বলল, আমি খোদ সরকারের লোক। কারও এমন সাধ্য নেই যে, আমার উপর কর্তৃত্ব করে। তার কথা শুনে মালেক দীনার (রহঃ) বললেন, তা হলে এ কথা বাদশাহর গোচরে আনতে হবে। লোকটি বলল, তা খুব জানাতে পারেন। মনে রাখবেন, বাদশাহ আমার মন জুগিয়ে চলেন। আমার প্রতি কখনই তিনি বিরূপ হন না। তার কথা শুনে হযরত মালেক (রহঃ) বললেন, দেখি যদি বাদশাহর দ্বারা কোন প্রতিকার পাওয়া না যায় তাহলে আল্লাহর কাছে আমাদের অভিযোগ করতে হবে। লোকটি তখন মুচকি হেসে বলল, তিনি আমার প্রতি বাদশাহ অপেক্ষাও অধিক রহম দিল। আমাকে তিনি যারপর নেই ভালবাসেন ও আমাকে খুবই অনুগ্রহ করেন। লোকটির কথা শুনে হযরত মালেক দীনার (রহঃ) কিছুটা মনঃক্ষুণ্ণ এবং মনে বিশেষ বেদনা নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। এরপর লোকটির দুর্ব্যবহার ও অত্যাচারের মাত্রা পূর্বাপেক্ষাও বৃদ্ধি পেল। আপামর লোকগণ তার অত্যাচার সহ্য করতে না পেরে পুনরায়, হযরত মালেক দীনার (রহঃ)-এর দরবারে উপস্থিত হয়ে বলল, ঐ লোকটির বিষয় নিয়ে একবার আপনার কাছে পূর্বেও এসেছিলাম, কিন্তু ফল হয়নি। এখন তার জুলুমের মাত্রা একেবারে চরমে পৌঁছেছে। আপনার কাছে আমরা অনুরোধ করছি, আপনি আমাদের জন্য আর একবার কষ্ট করুন। যদি আপনার কথায় সে পথে আসে তো ভাল, না হয় আপনার কাছ থেকে জবাব পেয়ে আমরা ঘর-বাড়ী ছেড়ে চলে যাব।হযরত মালেক (রহঃ) তাদের দুর্দশার কথা শুনে পুনরায় লোকটির গৃহ অভিমুখে যাত্রা করলেন।কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পর পথিমধ্যে এরূপ এক অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন-ওহে মালেক! তুমি আমার বন্ধুর প্রতি ক্রুদ্ধ বা বিরক্ত হয়ো না। এরূপ আশ্চর্যজনক ঘটনার ফলে হযরত মালেক দীনার (রহঃ) কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। তিনি এর অন্তর্নিহিত রহস্যোদ্‌ঘাটনে সক্ষম হলেন না। যাই হোক, তিনি লোকটির বাড়ীতে গিয়ে পৌঁছলেন।লোকটি এবার হযরত মালেক দীনার (রহঃ)-কে দেখেই প্রশ্ন করল, কি জনাব! আবার তাশরীফ এনেছেন কি কারণে? হযরত মালেক (রহঃ) বললেন, এবার আমি তোমাকে সুসংবাদ শুনাতে এসেছি। এই কথা বলে তিনি তার প্রতি সেই অদৃশ্য আওয়াজ সম্পর্কিত ঘটনার কথা বিবৃত করলেন।লোকটি এই কথা শুনে স্তম্ভিত হয়ে বলল, বাস্তবিক যদি তাই হয়ে থাকে তবে আজ থেকে আমার মনের গতিও পরিবর্তন করলাম। এরপর তার সমস্ত ধন-সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিয়ে তিনি গৃহ ত্যাগ করে লোকালযের বাইরে চলে গেলেন।হযরত মালেক দীনার (রহঃ) বলেন, এর বহু দিন পর মক্কা মোয়াজ্জমায় তার সাথে আমার সাক্ষাত হল। দেখলাম, তার শরীর অতিশয় কৃশ ও ক্ষীণ; কিন্তু তার চেহারায় এক নূরানী দীপ্তি। লোকটি তখন তার জীবনের শেষ প্রান্তে পৌছে গিয়েছে। আমাকে দেখেই সে বলে উঠল, ওহে শুনুন! সত্যিই আল্লাহ বলেছেন যে, তিনি আমার বন্ধু এবার আমি আমার সে বন্ধুর নিকটই চলেছি। আপনি আমার জন্য দোয়া করবেন এবং গ্রামবাসীর নিকট আমার ক্ষমা প্রার্থনা রইল। বলতে বলতে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল।

ধৈর্যের পরাকাষ্ঠা: এক সময় হযরত মালেক দীনার (রহঃ) একটি ভাড়াটে গৃহে বাস করতেন। তাঁর গৃহের সম্মুখেই এক ইহুদীর ঘর ছিল। ইহুদীরা এমনিই মুসলমানের প্রতি বিদ্বেষী, তদুপরি লোকটি ব্যক্তিগতভাবেও হযরত মালেক (রহঃ)-এর প্রতি অত্যধিক হিংসা এবং শত্রুতা পোষণ করত। সে তার পরিবারের জন্য পায়খানা নির্মাণ করল একেবারে হযরত মালেক (রহঃ)-এর ঘরের দরজার কাছে। ঐ পায়খানার মলমূত্র প্রবাহিত হয়ে হযরত মালেক (রহঃ)-এর গৃহ সংলগ্ন হয়ে যেত। আর তার দুর্গন্ধে ঐ ঘরে বসবাস করা একরূপ অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু হযরত মালেক (রহঃ) এই চরম অসামাজিক কাজের জন্য কোন দিন ইহুদীকে কোন কটু কথা বলেন নি, তিনি তার সাথে কোন দিন কোন বিবাদেও লিপ্ত হননি। শুধু আল্লাহর কাছে বললেন, হে মাবুদ! তুমি তোমার এই অবুঝ বান্দাকে হেদায়েত কর। তার চোখ দুটোর সম্মুখ থেকে আঁধারের পর্দা সরিয়ে ফেল।বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একদা ইহুদী হযরত মালেক (রহঃ) জিজ্ঞেস করল, আচ্ছা, আমার পায়খানাটির দ্বারা আপনার তো কোন অসুবিধা হয় না, জনাব? হযরত মালেক (রহঃ) জবাব দিলেন, তা তো নিশ্চয় হয় বৈ কি? তবে আমার করার কি আছে, একটি গামলা এবং ঝাড়ুর ব্যবস্থা রেখেছি। প্রত্যহ ধুয়ে-মুছে সাফ করে রাখি।ইহুদী বলল, তা হলে এত দিন ধরে আপনি কষ্ট করছেন, কিন্তু কোন দিন তো এতটুকু ক্রোধ বা বিরক্তিও প্রকাশ করেন নি।হযরত মালেক জবাব দিলেন, তা কেন করব, আমাদের প্রতি আল্লাহর কি নির্দেশ রয়েছে জান? 'অল কাজিমীনাল গাইজা' অর্থাৎ তিনি ক্রোধ দমনকারীকে ভালবাসেন।হযরত মালেক দীনার (রহঃ)-এর কথা শ্রবণ করে ইহুদী বলে উঠল, এই নাকি ইসলামের রীতি-নীতি? এইভাবে শত্রুর অন্যায়-অত্যাচার নীরবে সহ্য করে যাওয়া ও শত্রুর প্রতি এতটুকু ক্রোধ প্রকাশ না করার মত মহান নীতি যদি ইসলামের হয়ে থাকে তবে মানুষের মুক্তি সাধনে একমাত্র সেই ইসলামই সক্ষম, অন্য কোন ধর্ম নয়। আপনি আমার অপরাধ মার্জনা করে আমাকে ইসলামের দীক্ষা প্রদান করুন।নফস দমনের কঠোর প্রক্রিয়া: হযরম মালেক দীনার (রহঃ) দীর্ঘদিন ধরে অম্ল ও মিষ্টি ভক্ষণে বিরত ছিলেন। সারা বছর তিনি রোযা রাখতেন। সন্ধ্যায় কোন দোকানে গিয়ে দু'একটি শুষ্ক রুটি দিয়েই ইফতার করতেন। আবার সেহরীও চলত তাঁর এরূপ শুষ্ক রুটি বা এক গ্লাস পানি দ্বারা। আর এই অবস্থা গ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত খুশীর সঙ্গে। এতে তাঁর কোন ক্ষোভ ছিল না।একবার তিনি রোগাক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেন। কিছুটা সুস্থ বিরাম হওয়ার পর তাঁর গোশত খাওয়ার ইচ্ছা জাগল। অবশ্য এর আগে তিনি দীর্ঘ দিন ধরে গোশত খাননি। হযরত মালেক দীনার (রহঃ) তাঁর নফসের সাথে আর পেড়ে উঠলেন না। তাই বাধ্য হয়ে একদিন তিনি গোশত খরিদ করে বাড়ী এলেন। কসাই জানত তিনি গোশত আহার করেন না। তাই সে গোপনে এক চাকরকে তাঁর পিছনে পাঠিয়ে দিল, যেন সে লক্ষ্য রাখে মালেক দীনার (রহঃ) গোশত নিয়ে কি করেন?চাকর নিজের গোপনীয়তা রক্ষা করে মালেক দীনার (রহঃ)-এর কাজের প্রতি লক্ষ্য রাখল। সে দেখল, তিনি গোশত নিয়ে গৃহে প্রবেশ না করে এক নির্জন স্থানে গিয়ে পাত্র হতে গোশত বের করে তিনবার স্বীয় নাকের কাছে নিয়ে উহার ঘ্রাণ শুঁকলেন। অতঃপর নিজেকে নিজে বলতে লাগলেন, হে নফস! আজ তোমার জন্য এতটুকু ব্যবস্থা করা হল। এর বেশী আর পারা গেল না। তারপর তিনি ঐ স্থান থেকে বের হয়ে এসে সবটুকু গোশত এক ভিক্ষুককে দিয়ে দিলেন। অতঃপর তিনি স্বীয় আত্মাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ওহে দুর্বল আত্মা! আমি তোমার সঙ্গে শত্রুরা করে তোমাকে এরূপ কষ্ট দিতেছি না। তুমি একটু ধৈর্য ধারণ কর। তোমার এ কষ্ট খুব বেশী দিন সহ্য করতে হবে না। একদিন এর অবশ্যই শেষ হবে। তখন দেখবে তোমার সম্মুখে এত অসংখ্য নেয়ামত ও সুস্বাদু খাদ্য হাজির রয়েছে যার কোন ইয়ত্তা নেই। তিনি আরও বললেন, শুনা যায়, চল্লিশ দিনের মধ্যে গোশত না খেলে নাকি তার বুদ্ধি লোপ পায়। আমি এ কথা বিশ্বাস করি না। কারণ আমি একাধারে বিশ বছর গোশত ভক্ষণ করি না, কিন্তু কৈ আল্লাহর রহমতে আমার বুদ্ধি লোপ তো দূরের কথা বরং আরও বৃদ্ধি পাচ্ছে।চাকরটি গিয়ে সমস্ত ঘটনা তার মুনিবের কাছে খুলে বলল। সে মালেক দীনার (রহঃ)-এর এই ধরনের ত্যাগের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। হযরত মালেক দীনার (রহঃ) চল্লিশ বছর বছরায় অবস্থান করেছিলেন, কিন্তু এর মধ্যে কখনও খেজুর খাননি। যখন খেজুরের মৌসুম উপস্থিত হত তখন অনেকে তাঁর কাছে খেজুর খাওয়ার জন্য অনুরোধ করলে তিনি বলতেন, দেখ, খেজুর ভক্ষণ করে তোমাদের পেটেরই বা কতটা উন্নতি হয়েছে আর আমি যে খাই না তাতে আমার বা পেটের কতখানি অবনতি হয়েছে?চল্লিশ বছর পার হওয়ার পর সহসা তাঁর মনে খেজুর খাওয়ার আকাংখা দেখা দিল। মন চাইল, খেজুরের স্বাদ কিরূপ তা একটু উপভোগ করে দেখে। কিন্তু তিনি কঠোরভাবে মনের এই বাসনার প্রতিবাদ করে বললেন, না, মন! আমি তোমার এ বাসনাকে পূর্ণ করতে দেব না। হঠাৎ একদা রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাঁকে বলছেন, মালেক! তুমি আত্মাকে আর এভাবে কষ্ট প্রদান করো না। খেজুর ভক্ষণ কর। এইরূপ স্বপ্ন দেখার পর খেজুর খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু তখন স্বীয় আত্মাকে লক্ষ্য করে বললেন, আত্মা! তোমাকে এক সপ্তাহ কিছুই না খেয়ে রোযা রাখতে হবে এবং প্রতি রাতে ভোর পর্যন্ত ইবাদতে মশগুল থাকতে হবে। তারপর আমি তোমার বাসনা পূর্ণ করব, তার আগে নয়। তখন তিনি রোযা রাখতে শুরু করলেন। এক সপ্তাহ রোযা আদায় করার পর তিনি কিছু খেজুর খরিদ করে উহা খাওয়ার জন্য এক মসজিদে প্রবেশ করলেন। অতঃপর উক্ত খেজুরগুলো ভক্ষণ করার জন্য সামনে নিয়ে বসলেন। এই দৃশ্য একটি বালক দেখতে পেয়ে উচ্চৈঃস্বরে তার পিতাকে ডেকে বলল, আব্বা! দেখুন, এ যে মসজিদে এক ইহুদী এসেছে। সে এখানে বসে খেজুর খাওয়ার উদ্যোগ নিচ্ছে।'মসজিদে ইহুদী ঢুকছে কেন' এই কথা বলে বালকের পিতা হন্তদন্ত হয়ে লাঠি নিয়ে ছুটে এল, কিন্তু এসে হযরত মালেক (রহঃ)-কে দেখতে পেয়ে লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলল, হুযুর! গোস্তাখী মাফ করুন। আমাদের এলাকায় দিবাভাগে ইহুদীরা ছাড়া কেউ কিছু খায় না। সব মুসলমানই রোযা রাখে। আমার নাবালেগ ছেলে বুঝতে না পেরে আপনাকে ইহুদী বলে মনে করেছে।লোকটির কথা শুনে মালেক (রহঃ)-এর মনে ভাবান্তর দেখা দিল। তিনি ধারণা করলেন, বালকের এই ইহুদী সম্বোধনের মধ্যে নিশ্চয় অদৃশ্য ইঙ্গিত নিহিত। তখন তিনি বলে উঠলেন, ওহে মাবুদ! খেজুর খাওয়ার পূর্বেই এই নিষ্পাপ বালকের মুখ থেকে ইহুদী আখ্যা পেলাম। আর যদি খেয়েই ফেলতাম, তা হলে অধম কাফির রূপেই গণ্য হতাম। আমি এই খেজুর আহার করব না। তিনি সে মুহূর্তে শপথ করলেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন, খেজুর ভক্ষণ করবেন না।

পাপের পরিণতি: কথিত আছে, হযরত মালেক দীনার (রহঃ) একবার এক মুমূর্ষু রোগীকে দেখতে গিয়ে তাকে কালেমায়ে শাহাদত তালকীন দিতে থাকেন। মুমূর্ষু লোকটি কিন্তু একবারও মুখে উক্ত কলেমা উচ্চারণ করল না। যতবারই তাঁকে কলেমা পড়ে শুনানো হতে লাগল, ততবারই মুখে কেবল দশ এগার এইবাবে সংখ্যা উচ্চারণ করতে লাগল। এইরূপ অবস্থা দেখে হযরত মালেক দীনার (রহঃ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করতে? সে বললেন, আমি টাকা-পয়সার লগ্নি কারবার করতাম। তখন হযরত মালেক (রহঃ) বললেন, তুমি কলেমা পড়ছ না কেন? সে উত্তর করল, আমি কলেমা পড়ার ইচ্ছা করা মাত্র দেখি লেলিহান আগুনের শিখা আমার দিকে ধেয়ে আসে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমার মুখ থেকে এরূপ সংখ্যা বেরিয়ে আসে।লোকটির কথা শুনে মালেক (রহঃ) বললেন, এ লোকটি মানুষকে মাপে মাল কম দিত আর সুদ লইত। তাই তার এমন দুরবস্থা হয়েছে।একবার বছরা নগরীর এক এলাকায় ভীষণ অগ্নি কাণ্ড ঘটল। ছোট বড় সব বাড়ী প্রবল অগ্নি শিখায় ঘিরে ফেলল। হযরত মালেক দীনার (রহঃ) নিজের জুতা লাঠি নিয়ে ছাদের উপর উঠে সেই ভীষণ করুণ দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। যাদের কম ও হাল্কা মাল-সামান ছিল, কোনরূপে সেগুলো সঙ্গে নিয়ে তারা আগুনের আওতা থেকে বেরিয়ে গেল। কিন্তু যাদের মাল বেশী ও ভারী ছিল, তারা সে মাল রক্ষা করার অযথা চেষ্টা করতে গিয়ে মাল তো বাঁচাতেই পারল না, বরং নিজেরাই পুড়ে মরল। এই অবস্থা দেখে হযরত মালেক দীনার (রহঃ) বললেন, এই আগুন লাগার ঘটনার মধ্যে রোজ হাশরের অবস্থার নিদর্শন রয়েছে। সে দিনও ঠিক একইভাবে বেগুনাহগার ও কম গুনাহগার লোকগুলো মুক্তি লাভ করবে, কিন্তু বেশী ও ভারী গুনাহগার লোকগুলো আগুনের আওতায় আবদ্ধ হয়ে পড়বে।

তীতি ও আশংকা: হযরত জাফর ইবনে সোলায়মান (রহঃ) একবার হযরত মালেক দীনার (রহঃ)-এর হজ্বের সঙ্গী ছিলেন। তিনি বলেন, আমরা উভয়ে এহরাম বেঁধে কাবার সম্মুখে গিয়ে 'আল্লাহুম্মা লাব্বাইকা' অর্থাৎ হে মাবুদ! আমি আপনার দরবারে হাজির হয়েছি। কিন্তু হঠাৎ এক ঘটনা ঘটে গেল। মালেক দীনার (রহঃ) তালবিয়া পাঠ করার সাথে সাথেই বেহুঁশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাঁর হুঁশ ফিরে আসলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ এভাবে বেহুঁশ হলেন কেন?মালেক দীনার (রহঃ) জবাব দিলেন, "হে মাবুদ! আমি ইবাদতের উদ্দেশ্যে আপনার দরবারে হাজির হয়েছি' কথাটি বলার সঙ্গে সঙ্গে আমার মনে এই ভয় ও আশংকা হল যে, হায়! যদি আল্লাহ আমার কথা শনে এরূপ জবাব দিয়ে বসেন যে, মালেক! তুমি ইবাদতের নিয়তে আমার দরবারে হাজির হওনি, তাহলে আমার অবস্থা কেমন হবে? একথা মনে জেগে চেতনা লোপ পেল।তিনি যখন নামাযের মাঝে সূরা ফাতিহার "ইয়্যাকা না' বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈনু" অর্থাৎ 'হে খোদা! আমি কেবল তোমারই ইবাদত করছি ও তোমার কাছেই সাহায্য ভিক্ষা চাইছি" আয়াত পাঠ করতেন, তখন কেঁদে জার জার হয়ে যেতেন।এত কাঁদার কারণ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তিনি বলতেন, দেখ, যদি ইহা কোরআনের আয়াত না হত এবং ইহা পাঠ করার নির্দেশ না থাকত তাহলে কিছুতে আমি ইহা পাঠ করতাম না। কেননা এটা পরিষ্কার এক মিথ্যা প্রতিশ্রুতি। আমি মুখে বলি, হে মাবুদ! আমি তোমারই ইবাদত করছি কিন্তু নিজ নফসেরই পায়রবী করছি। আর মুখে উচ্চারণ করি, আমি তোমারই সাহায্য চাইছি, কিন্তু আসলে মানুষের কাছে সাহায্যের প্রত্যাশা করছি। যদি আল্লাহ মুখের উপর বলে দেন যে, তুমি আর মিথ্যা অঙ্গীকার কর না, তা হলে আমার অবস্থা কেমন হবে। এই ভয়ে আমি কাঁদছি। হযরত মালেক দীনার (রহঃ) কঠিন অভ্যাস করেছিলেন, কোন রাতেই তিনি নিদ্রা যেতেন না।সারা রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন। এক রাতে তাঁর কন্যা তাঁকে বললেন, আজ একটু শুইয়ে বিশ্রাম নিন। কন্যার অনুরোধের জবাবে বললেন, মাগো! বিশ্রাম নিব কিভাবে বল, আমার মন সর্বদা আল্লাহর ভয়ে ভীত, তারপর সদা মনে এই চিন্তা, কখন আল্লাহর রহমত অবতীর্ণ হয়ে আমাকে নিদ্রায় দেখে উহা প্রত্যাবর্তন করে আর আমি তার থেকে চির বঞ্চিত হয়ে যাই।এক ব্যক্তি মালেক (রহঃ)-কে জিজ্ঞেস করল, আপনার দিনগুলো কিভাবে কাটছে? তিনি উত্তরে বললেন, কি বলব ভাই! আল্লাহর নেয়ামত ভোগ করছি আর শয়তানের তাবেদারী করে চলেছি। আমার অবস্থা কি শুন, যদি কেউ মসজিদের দরজায় বসে ডেকে বলে, যারা মসজিদে আছে, তাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি বের হয়ে এস। তাহলে অধম মালেকই মসজিদ থেকে বের হয়ে আসবে, আর কেউ নয়।

আত্মার পরিচয়ে হেয়তা প্রকাশ: একদা জনৈক মহিলা কোন কারণ বশতঃ হযরত মালেক(রহঃ)-কে ক্রুদ্ধ স্বরে কপট বলে সম্বোধন করল। তিনি বললেন, মাগো। অন্ততঃ বিশ বছরের মধ্যে কোন ব্যক্তি আমাকে আমার আসল নামটি দ্বারা সম্বোধন করেনি। কিন্তু এতদিন পর তুমিই আজ আমাকে সেই নামটি ধরে ডাকলে। মনে হয়, আমি কি ধরনের লোক তা একমাত্র তুমি চিনতে পেরেছ। তিনি আরও বললেন, আমার এতদিনের অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি যে, লোকজন কুৎসা ও প্রশংসা দুটোই করবে। কুৎসাকারীরা অতিরিক্ত কুৎসা প্রচার করে আর প্রশংসাকারীরা সীমাতিরিক্ত প্রশংসা করে নিজেদের উদ্দেশ্য সিদ্ধি করে নেয়। তিনি বললেন, মানুষের যে বন্ধুর দ্বারা কোন উপকার হয় না, তার বন্ধুত্ব ত্যাগ করা উত্তম।

মূল্যবান উপদেশাবলী: হযরত মালেক দীনার (রহঃ) বলেন, এ যুগের বন্ধুত্বের মাঝে কপটতারআধিক্য ঘটেছে। সকলেরই বাইরের দিকটা বেশ সুন্দর ও সুদৃশ্য, কিন্তু ভিতরে কুদৃশ্য গরল।এমনকি আলেমদিগের অন্তরও কলুষিত হয়ে উঠেছে।তোমরা দুনিয়ার মোহ ত্যাগ কর নিজেকে বাঁচাও অন্যকেও বাঁচবার পথ দেখাও।আল্লাহর ধ্যান, মোরাকাবা, মোশাহাদা ও আল্লাহর দরবারে মুনাজাত করা অপেক্ষা পার্থিব বিষয়াদি নিয়ে আলাপলোচনা যে বেশী পছন্দ করে, তার মত নির্বোধ আর নেই। তার জ্ঞান খুবই অল্প, হৃদয় অন্ধ, তাই তার জীবনই বৃথা।

০ হযরত মালেক (রহঃ) আরও বলেন যে, আল্লাহ্ পাক হযরত মূসাকে জুতো ও লাঠি দিয়ে বললেন, যাও, এখন সারা জগত ভ্রমণ কর ও আমার সৃষ্টি জগত থেকে শিক্ষা গ্রহণ কর। যে পর্যন্ত তোমার জুতা ক্ষয় না হয় এবং লাঠি ভেঙ্গে না যায়, ততদিন শুধু তুমি আমার নেয়ামত ও হেকমত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে থাক। এর তাৎপর্য এই যে, খোদা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে ধৈর্যাবলম্বনের সাথে তার পথে অগ্রসর হতে থাক।

০ হযরত মালেক (রহঃ) আরও বলেন, কোন এক আসমানী গ্রন্থে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, আমি উম্মতে মোহাম্মদী (দঃ)-কে এমন দুটি বস্তু দান করেছি, যা ফেরেশতা জিব্রাঈল ও মিকাইলকেও দেই নাই। তার একটি হল, আমি প্রতিশ্রুতি দিয়েছি--"ফাযকুরূনী আযকুরকুম" অর্থাৎ যদি তোমরা আমাকে স্বরণ কর, আমি তোমাদের স্মরণ করব। আর অপরটি হল, আমি ওয়াদা করেছি--'উদউনী আস্তাজিব লাকুম' অর্থাৎ তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব।

তৌরাত গ্রন্থে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, ওহে সত্যানুসারীগণ! তোমরা পার্থিব জীবনে আমার গুণগান করে সুখী হও। জেনে রেখ, আমার প্রশংসা ও গুণগান করা দুনিয়ার সর্বাপেক্ষা বড় সম্পদ এবং পরকালের জন্য সেরা নেয়ামত। অন্য এক আসমানী কিতাবে রয়েছে, আল্লাহ বলেন, যে দুনিয়াকে ভালবাসে সে দুনিয়াতে আমার ক্ষুদ্র ও নিকৃষ্ট বস্তু লাভ করবে। সে তার মুনাজাত, ইবাদত ও মোরাকাবা-মোশাহাদায় স্বাদ উপভোগ করবে না। আমি তার অন্তর থেকে ইবাদতের স্বাদ উঠিয়ে নিয়ে যাই।

হযরত মালেক দীনার (রহঃ) বলেন, যে লোক সদা-সর্বদা নফসের অনুগত হয়ে চলে, শয়তান আর তার কাছে বেশী যাতায়াত করে না।.. যেহেতু শয়তান মনে করে, এই ব্যক্তির প্রতি শয়তানের কর্তব্য নফসে শয়তানের মাধ্যমেই সম্পদিত হয়ে থাকে।একবার কোন এক ব্যক্তি জীবনের শেষ প্রান্তে হযরত মালেক দীনার (রহঃ)-এর কাছে কিছু উপদেশ ভিক্ষা চাইল। তিনি তাকে বললেন, যে তোমার খেদমত করছে, তার খেদমতে সন্তুষ্ট থাক। তাহলেই আখেরাতে মুক্তি পাবে।

মালেক (রহঃ)-এর পরকাল: মালেক দীনার (রহঃ)-এর মৃত্যুর পর এক ব্যক্তি স্বপ্নে তাঁর সাক্ষাত লাভ করে জিজ্ঞেস করলেন, ওহে মালেক (রহঃ)! মৃতুর পর আল্লাহর দরবারে কেমন ব্যবহার লাভ করেছেন? তিনি বললেন, আমি গুনাহগার হওয়া সত্ত্বেও আমার মধ্যে ঈমান বহাল ছিল বলে আল্লাহ্ আমাকে নাজাত দিয়েছেন।

আগে-পরে বেহেশতে গমন: কোন এক বোযর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, মালেক (রহঃ) এবং ওয়াসে' (রহঃ) এক সাথে বেহেশতের দিকে অগ্রসর হচ্ছেন। বেহেশতের দরজায় উপনীত হয়ে প্রথমে মালেক (রহঃ) এবং পরে ওয়াসে' ভিতরে গেলেন। এই দৃশ অবলোকন করে দরবেশের মনে প্রশ্নের উদয় হল যে, ওয়াসে' এত বড় বোযর্গ ও অলী হওয়া সত্ত্বেও মালেক (রহঃ) তাঁর আগে বেহেশতে ঢুকলেন, কি কারণে মর্যাদা এত বেশী হল? সঙ্গে সঙ্গে তিনি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, ওহে, তুমি ওয়াসে' সম্পর্কে যে ধারণা পোষণ করছ তা নির্ভুল, কিন্তু একটি ব্যাপার আছে যা তুমি জান না। দুনিয়াতে ওয়াসে' সর্বদা দুটো জামা ব্যবহার করত এবং মালেক পরিধান করত একটি জামা। দুজনের মধ্যে মরতবার ব্যবধান এখানেই।

 

তথ্যসূত্র : তাযকেরাতুল আউলিয়া 

sufibadi.com