পরিচিতি: তাঁর নাম জাফর ছাদেক (রহঃ), কুনিয়াত আবু মুহাম্মদ। তাঁর মান-মর্যাদা, শিক্ষা-দীক্ষা, যোগ্যতা ও অলৌকিক ক্ষমতাবলীর কথা যত বেশীই বলা হোক না কেন তা হবে অকিঞ্চিৎকর। তিনি হযরত রাসুলে করীমের (দঃ) উম্মার মাথার মুকুট এবং সেরা আদর্শ পুরুষই নন; বরং সত্য ও সততার মূর্ত প্রতীক। তিনি জগতের আউলিয়া-আবদালদের মধ্যমণি, শেরে খোদা হযরত আলীর (রহঃ) বংশের গৌরব। তিনি প্রধান ওয়ারেছে নবুবী। আহলে বাইতের মধ্যে সুবিখ্যাত দ্বাদশ ইমামেরও অন্যতম।
মর্যাদা ও যোগ্যতার পরিমাপ: হযরত রাসূলে করীমের (দঃ) সাহাবায়ে কেরামের পরে
মর্যাদার দিক দিয়ে তাবেয়ীদিগের স্থান। এদের মধ্যে জাফর ছাদেক (রহঃ) ছিলেন অন্যতম। এলমে কোরআন, হাদীস ও ফিকাহ শাস্ত্রে যেমন তাঁর অপূর্ব দক্ষতা ছিল, এলমে মারেফাতেও ছিলেন তেমনি সমকালীন যুগের সেরা। একদিকে তিনি বহু হাদীস বর্ণনা করেছেন, অন্যদিকে এলমে মারেফাতে ও বহু তত্ত্বপূর্ণ বাণী রেখে গেছেন। সংক্ষেপে বলা যায়, এলমে শরীয়ত ও মারেফাত উভয় দিকেই পারদর্শী ছিলেন।
আহলে বাইতের প্রতি মহরত হযরত রাসূলে করীম (দঃ) তাঁর উম্মতকে আহলে বাইত
তথা তাঁর পরিবার-পরিজনদের প্রতি ভালবাসা পোষণ করতে নির্দেশ করেছেন। সে মতে প্রত্যেক মুসলমানের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য। (এই প্রসংগে একটি বিষয় উল্লেখ করতে হয়। তা হল স্কুল বুদ্ধি।ম্পন্ন কিছু সংখ্যক লোক দেখা যায়, যারা বলে থাকে যে, আহলে সুন্নত অল জামাত আহলে বাইতের সাথে কিছুটা বিদ্বেষ ভাব পোষণ করেছিলেন। আসলে এ এক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। যেখানে প্রকৃত পক্ষে আহলে বাইতের লোকদের প্রতি বেশী মহব্বতশীল লোক, তাঁদের সেখানে কেমন করে এ কথা বলা যায় যে, তাঁরা আহলে বাইতের সাথে দুশমনি করে?)
ইমাম শাফেয়ীর (রহঃ) বিরুদ্ধে রাফেজী হওয়ার অভিযোগ: হযরত ইমাম শাফেয় (রহঃ)
আহলে সুন্নত অল জামাতেরই লোক। তিনি আহলে বাইতের প্রতি অধিক আকৃষ্ট এবং মহব্বতশীল ব্যক্তি ছিলেন যে, তৎকালীন সরকারের পক্ষ থেকে তাঁকে রাফেজী আখ্যা দিয়ে বন্দী করা হল। তিনি তখন মনের খেদে এক কবিতা লিখেনঃ
"লাও কানা রাফজা হুব্বু আলি মুহাম্মাদিন
ফালি ইয়াশহাদিছছাক্বালানি আন্নী রাফিজুন"
অর্থাৎ: হুজুরের পরিবারকে ভালবেসে যদি রাফেজী হতে হয়, তবে আমার রাফেজী হওয়ার ব্যাপারে জগতের সমগ্র জ্বীন ও মানব যেন সাক্ষী থাকে।
সুন্নী বা আহলে সুন্নত অল জামাতের পরিচয়: প্রকৃত আহলে সুন্নত অল জামাত বা সুন্নী
লোকের পরিচয় হল রাসূলে কারীম (দঃ)-এর পরিবার-পরিজন বা তাঁর বংশাবলীর কোন লোকের মর্যাদার তাঁরা অসমর্থক নন; বরং তাঁদেরকে তাঁরা সর্বাপেক্ষা বিশিষ্ট মর্যাদার অধিকারী বলে মনে করেন।
আধ্যাত্মিক প্রভাব: হযরত জাফর ছাদেকের আমলে মুসলিম জাহানের খলীফা ছিলেন মনসুর বিল্লাহ। হিজরী চতুর্থ শতকের প্রথম দিকে তিনি খেলাফতের আসনে আরোহণ করেন। তিনি ইমাম জাফর ছাদেকের বিরাট ব্যক্তিত্ব, প্রভাব এবং তাঁর প্রতি জনসাধারণের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও আকর্ষণ দেখে নিজের জন্য অকল্যাণকর মনে করলেন। একদা তিনি উজীরকে নির্দেশ দিলেন জাফর যাদেককে গ্রেফতার করে দরবারে নিয়ে এস আমি তাঁকে হত্যা করব।বাদশাহর নির্দেশ শুনে উজীর সবিনয়ে বললেন, বাদশাহ্ নামদার! বেচারা পার্থিব সবকিছু পরিহার করে একাকী নিজেরভাবে শুধু ইবাদ-বন্দেগী ও যিকির-আযকারের মাঝে কাল কাটাচ্ছেন, তাঁকে হত্যা করার কোন যৌক্তিকতা নেই।
উজীরের কথা শুনে বাদশাহ্ বললেন, উজীর। আমার নির্দেশ পালন করা তোমাদের কাজ।
উজীর আর কোনরূপ দ্বিরুক্তি না করে অনিচ্ছা সত্ত্বেও জাফর ছাদেক (রহঃ)কে ধরে আনার জন্য চললেন। বাদশাহ স্বীয় নওকরকে বলে রাখলেন, জাফর ছাদেককে হাজির করার পর তোমরা লক্ষ্য রাখবে, আমি আমার মস্তক থেকে টুপী উঠিয়ে রাখব, ঠিক সেই মুহূর্তে তুমি তাঁকে এক আঘাতে। দ্বিখণ্ডিত করবে।
কিন্তু আল্লাহ পাকের মহিমা বুঝা ভার। যখন হযরত জাফর ছাদেক বাদশাহর দরবারে তাশরীফ আনলেন, তার চোখে-মুখে তেজোপূর্ণ আধ্যাত্মিক দৃশ্য বিরাজ করছিল। সে দিকে দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাদশাহর অন্তর কেঁপে উঠল। সে ভয়ে কম্পিত হয়ে আসন থেকে দাঁড়িয়ে গেলেন এবং অগ্রসর হয়ে তাঁকে সসম্মানে এনে সিংহাসনে উপবেশন করালেন। অতঃপর নিজে তাঁর সম্মুখে নিম্ন আসনে বসে তাঁর কুশলাদি জিজ্ঞেস করতে লাগলেন। আরও বললেন, বলুন, আপনার কিছুর প্রয়োজন আছে কি না! আমি তা পুরা করার জন্য প্রস্তুত রয়েছি।
জবাবে জাফর ছাদেক (রহঃ) বললেন, আপনার কাছে আমার কোন কিছুরই প্রয়োজন নেই।
তবে শুধু একটি কথা, ভবিষ্যতে আমাকে দরবারে এভাবে ডেকে পাঠাবেন না কারণ তাতে আমার ইবাদত-বন্দেগী বিঘ্নিত হয়।
বাদশাহ প্রতিশ্রুতি দিলেন, আর কখনও আপনাকে ডেকে আপনার ক্ষতি করব না। অতঃপর তাঁকে বাদশাহ্ প্রীতি ও সম্মানের অভিবাদন জানিয়ে বিদায় করলেন।
বাদশাহর মনে কিন্তু হযরত জাফর ছাদেক (রহঃ)-এর ঐশী ক্ষমতার তেজ তখনও সক্রিয় ছিল। তিনি বিদায় গ্রহণের পরক্ষণেই বাদশাহ্ বেহুঁশ হয়ে পড়লেন। তার এ বেহুঁশী এত দীর্ঘ সময় ছিল যে, তাতে পর পর তিন ওয়াক্ত নামায তাঁর কাজা হয়ে গেল।
বাদশাহর এ অবস্থা দেখে তাঁর পুত্র-কন্যা, উজীর-নাজীর, পাত্র-মিত্র সকলেই হতবাক হয়ে যায়। বাদশাহর চৈতন্য ফিরে আসার পর তারা জিজ্ঞেস করল, জাহাঁপনা! আপনার কি হয়েছিল?
বাদশাহ্ বললেন, শুন! যখন জাফর ছাদেক দরবার কক্ষে প্রবেশ করলেন, আমি দেখতে পেলাম ভীষণ তিনটি বিষধর সাপ ফণা উঁচু করে আমাকে বলল, দেখ মনসুর! জাফর-ছাদেকের কোন অনিষ্টের চেষ্টা করলে আমরা তোমাকে দংশন করব। ভয়ে আমি জাফর ছাদেকের সাথে ঐরূপ ভাল ব্যবহার করে তাঁকে বিদায় করলাম; কিন্তু আমার মনের আতঙ্ক এখনও কাটেনি তাই আমি এভাবে বেহুঁশ হয়ে পড়লাম।
মুক্তিলাভ ঘটে আমলের দ্বারা, বংশের দ্বারা নয়: একবার হযরত দাউদ তায়ী (রহঃ)
ইমাম জাফর ছাদেকের (রহঃ) দারবারে এসে তাঁকে বললেন, হুজুর, আমার অন্তঃকরণ মনে হয় বিবর্ণ হয়ে গেছে, আপনি আমাকে একটু উপদেশ দিন। হযরত জাফর ছাদেক (রহঃ) বললেন, দাউদ (রহঃ)। তুমি এ যুগের প্রধান তাপস। তোমার আবার উপদেশের কি প্রয়োজন? দাউদ বললেন, হযরত! আপনি পয়গাম্বরের বংশধর, আপনি এ যুগের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আমাদেরকে উপদেশ দান করা অবশ্য কর্তব্য।
তাঁর কথা শুনে হযরত জাফর ছাদেক (রহঃ) বললেন, শুন, রোজ কিয়ামতে নানাজী রাসূল (দঃ) যদি আমাকে জিজ্ঞেস করেন যে, তুমি কেন আমার তাবেদারী করলে না তখন আমি কি জবাব দিব, সেই ভয়েই আমি সদা কম্পিত। মনে রেখ, বংশ দ্বারা কিছুই হয় না, আমলের প্রয়োজন। আমল দ্বারাই মুক্তি সাধিত হয়।জাফর ছাদেক (রহঃ)-এর কথা শুনে দাউদ তায়ী কেঁদে কেঁদে বললেন, ওহে মাবুদ! তোমার নবীর রক্ত ধারা যার শরীরে প্রবাহিত, যার স্বভাব-চরিত্র নবী (দঃ) চরিত্রের আদর্শে গঠিত, যার নানা তোমার প্রিয় রাসূল, যার জননী ধর্মভীরু আদর্শ মহিলা তিনিই যখন নিজ কর্মের প্রতি এতটা নিরাশ এবং মুক্তি সম্পর্কে এতটা চিন্তিত ও উদ্বিগ্ন, তখন দাউদ তায়ী আর এমন কি মানুষ যে নিজের কর্মে গৌরববোধ করবে?
একদা হযরত জাফর ছাদেক (রহঃ) স্বীয় সঙ্গী-সহচরদেরকে বললেন, এস, আমরা সকলে আজ প্রতিজ্ঞাবদ্ধ হই, যে আমাদের মধ্যে রোজ কিয়ামতে মুক্তি লাভ করবে, সে আর সকলের গুনাহ মাফীর জন্য আল্লাহর দারবারে সুপারিশ করবে। তাঁরা বললেন, হযরত! আমাদের এরূপ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় আপনার এমন কি প্রয়োজন রয়েছে? যেখানে আপনার নানাজী স্বয়ং সুপারিশ করবেন?
জবাবে জাফর ছাদেক বললেন, দেখ। আমি নিজের ব্যাপারে রোজ কিয়ামতে তাঁর দিকে চাইতে শরম অনুভব করি, তাই তোমাদের কাছে এ প্রস্তাব দিয়েছি।
মানুষের জন্য প্রকাশ্য এবং মাবুদের জন্য ভিতরের বস্তুঃ একদা এক ব্যক্তি হযরত জাফর ছাদেক (রহঃ)কে মূল্যবান পোশাকে ভূষিত দেখে প্রতিবাদের সুরে বলল, হুযুর! নবী বংশের কোন ব্যক্তির পক্ষে এরূপ পোশাক পরিধান করা শোভনীয় মনে করি না। তখন জাফর ছাদেক (রহঃ) লোকটির হাত জামার ভেতরে ঢুকিয়ে দেখালেন। ভেতরের জামাটি খসখসে ও মোটা। এরপর তিনি বললেন, 'হাযা লিল খালব্ধি অ হাযা লিল হাক্বি। আমার একটি জামা মানুষের মাঝে চলাফেরার জন্য আর অন্যটি মহান আল্লাহর দরবারে নামায আদায়ের জন্য।
জ্ঞানী কোন ব্যক্তি: একবার জাফর ছাদেক (রহঃ) ইমাম আবু হানিফার (রহঃ) কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি জ্ঞানীর সংজ্ঞা বলুন তো শুনি। তিনি বললেন, জ্ঞানী সেই ব্যক্তি, যে ভাল ও মন্দের বিচার জানে। জাফর ছাদেক বললেন, তা তো একটি জন্তুও করতে পারে। কেননা যে তাকে আদর-যত্ন করে, সে তার ক্ষতি করে না। পক্ষান্তরে যে জন্তুটিকে আদর-যত্ন করে না; বরং কষ্ট দেয়, সে তার ক্ষতি করে।
ইমাম আবু হানিফা (রহঃ) বললেন, তাহলে জ্ঞানীর সংজ্ঞা এবার আপনি বলুন।
জাফর ছাদেক (রহঃ) বললেন, যে ব্যক্তি দুটো ভাল কাজের মধ্যে উত্তমটিকে গ্রহণ করে আর ওজরের স্থলে দুটো খারাপ কাজের মধ্যে কম খারাপটি গ্রহণ করে।
খোদা প্রদত্ত গৌরবে গৌরববোধ করা অহমিকা নয়: এক ব্যক্তি একদা হযরত জাফর ছাদেকের কাছে আরজ করল, আপনার মধ্যে জাহেরী-বাতেনী গুণ থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনি নিজেকে নিজে যেন কিছুটা বড় মনে করেন।
জবাবে জাফর ছাদেক (রহঃ) বললেন, শুন! আমার নিজস্ব গৌরব ও অহঙ্কার ধুয়ে-মুছে ফেলেছি। তবে কতগুলো খোদা প্রদত্ত গৌরব থাকে, যা আপনা থেকে প্রতিভাত হয়, তাতে ব্যক্তির কোন হাত নেই। সুতরাং তাকে অহঙ্কার বা অহমিকা বলা যায় না।
টাকার ঘটনা: একবার ঘটনাক্রমে জাফর ছাদেক (রহঃ) এক অপরিচিত লোকের সঙ্গে দু চারটি দিন অবস্থান করলেন। লোকটির কাছে একটি টাকার থলি ছিল। ঐ টাকার থলিটি কোথায় হারিয়ে গেল। লোকটি সে টাকা জাফর ছাদেক (রহঃ)-ই নিয়েছেন বলে সন্দেহে করল এবং তাঁর কাছেই তা দাবী করল। কিন্তু তিনি কোনরূপ প্রতিবাদ না করে শুধু জিজ্ঞেস করলেন, তোমার কত টাকা ছিল? সে বলল, দু হাজার টাকা। তিনি লোকটিকে নিজ গৃহে নিয়ে গেলেন এবং তাকে দু হাজার টাকা দিয়ে দিলেন। ইতিমধ্যে লোকটি তার হারানো টাকাগুলো পেয়ে গেল। সে জাফর ছাদেক (রহঃ)-এর কাছ থেকে নেয়া দু হাজার টাকা তাঁকে ফেরত দেয়ার জন্য তাঁর গৃহে গেল এবং তাঁকে টাকা ফিরিয়ে দিতে চাইল। কিন্তু তিনি তা গ্রহণ না করে বললেন, আমি যাকে কিছু দিয়ে থাকি, তা তাকে একেবারেই দিয়ে দেই। কখনও ফেরত গ্রহণ করি না। সুতরাং ও টাকা আমি নেব না। সে আর কি করবে? সে টাকা তাকে রেখেই দিতে হল। লোকটি এবার জাফর ছাদেক (রহঃ) কে চিনতে পেরে লজ্জায় মরে যেতে লাগল।
দুঃখীকে জামা দানঃএকদা জাফর ছাদেক (রহঃ) একাকী আল্লাহর নাম যিকির করতে করতে পথ চলছিলেন। পথে একটি দুঃখী মুসাফির তাঁর মুখে আল্লাহর নাম শুনে সেও জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে বলতে তাঁর পিছনে চলছিল। যিকির করার মধ্যেই এক সময় জাফর ছাদেক (রহঃ) আল্লাহর দরবারে আরজ করলেন, ওহে মাবুদ! আমার জামা-কাপড়ের অভাব তা তো তুমি নিজেই দেখছ। আমাকে একটা জামা দান কর। আল্লাহর মেহেরবানীতে সঙ্গে সঙ্গে একটি সুন্দর জামা তার সম্মুখে এসে গেল। তিনি আল্লাহর শোকর জানিয়ে জামাটি পরলেন।
তাঁর অনুসরণকারী মুসাফির লোকটি তখন বলল, হুযুর! যিকিরের সঙ্গী তো আমিও ছিলাম, তবে যিকির করার ফল যখন আপনি সাথে সাথেই পেয়ে গেলেন, আমাকে ও তো তার ভাগী করে নেয়া উচিত। আপনি তো আল্লাহর দরবার থেকে পেয়ে গেলেন। এখন আমাকে আপনার পক্ষ থেকে দিন। আপনার পুরাতন জামাটি আমাকে দান করুন। মুসাফিরের কথা শুনামাত্র হযরত জাফর ছাদেক (রহঃ) নিজের জামাটি খুলে তাকে দিয়ে দিলেন। মুসাফির তাঁকে দোয়া করে চলে গেল।
হেদায়াতের ধরন: এক ব্যক্তি জাফর ছাদেক (রহঃ)-এর কাছে বললেন, আমি আল্লাহকে চাই। আপনি আমার জন্য সে ব্যবস্থা করুন। জাফর ছাদেক (রহঃ) বললেন, তুমি কি জান না, আল্লাহ স্বয়ং হযরত মূসা (আঃ)কে বললেন--'লান তারানী' অর্থাৎ কিছুতেই তুমি আমাকে দেখতে পাবে না।
লোকটি বলল, হুযুর! সে তো মূসা নবীর (আঃ) ব্যাপার। সে মূসার (আঃ) যুগ অতীত হয়েছে, আর এত আখেরী নবীর (দঃ) জামানা। এখন তাঁরই দ্বীন জারী, আর আমরা তাঁরই উম্মত। বিশেষতঃ আমি এমনও কথা শুনেছি, হযরত মুহাম্মদ (দঃ)-এরই উম্মতদিগের মধ্যে কোন এক অলী বলতেন, 'রায়া কালবী রাব্বী অর্থাৎ আমার অন্তর আমার রব্বকে দেখেছে। আর এক অলী এরূপ বলেছেন যে, 'লাম আ বুদ রাব্বাল্লাম আরাহু' অর্থাৎ তাঁকে না দেখে আমি তাঁর উপাসনা করছি না।
লোকটির কথা শুনে জাফর ছাদেক (রহঃ) মুরীদগণকে নির্দেশ করলেন, এর হাত-পা বেঁধে নদীতে নিক্ষেপ কর। আদেশ প্রতিপালিত হল। সে নদীতে পড়ে বলতে লাগল, হে নবীর বংশধর। আমাকে সাহায্য করুন। কিন্তু তাকে কোনরূপ সাহায্য করা হল না, তাকে কেউ তুলেও আনল না। কিন্তু যখন সে অতল পানিতে ডুবে জীবনের আশায় একেবারে নিরাশ হয়ে পড়ল, তখন সে আল্লাহ আমাকে বাঁচাও বলে উঠল, তখন জাফর ছাদেক (রহঃ) মুরীদগণকে বললেন, এবার লোকটিকে নদী থেকে তুলে আন।
তাঁর নির্দেশে লোকটিকে উঠিয়ে আনল। সে একটু সুস্থ হওয়ার পর জাফর ছাদেক (রহঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, কি হে, আল্লাহর সাক্ষাত পেয়েছ? সে বলল, হযরত! যতক্ষণ আমার চোখের সামনে যবনিকা ছিল ততক্ষণ তো মানুষের সাহায্য চেয়েছিলাম। কিন্তু যখন তা দূর হয়ে গেল, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম।
জাফর ছাদেক (রহঃ) বললেন, শুন, যতক্ষণ তুমি আমার নিকট সাহায্য চাইছিলে ততক্ষণ তুমি অর্থাটি ও অসত্য পথে ছিলে। আল্লাহ স্বয়ং কি বলেছেন জান? তিনি ইরশাদ করেছেন যে, (আমি ছাড়া) কে আছে মোহতাজ ব্যক্তির ডাকে সাড়া দিতে পারে?
হয়েছে আশা করি আর কখনও এরূপ কোন কথা বলবে না। অতঃপর হযরত জাফর ছাদেক (রহঃ) লোকটিকে বললেন, যাও, এবার তোমার যে জ্ঞান লাভ হয়েছে আশা করি আর কখনও এরুপ কোন কথা বলবা না।
অমূল্য নসীহত : (১) জাফর ছাদেক (রহঃ) বলেন, যে লোক এমন কথা বলে যে, আল্লাহ্ ঐ বস্তুর মধ্যে রয়েছে বা ঐ বস্তু থেকেই আল্লাহর উদ্ভব হয়েছে সে কুফরী করল।
(২) তিনি আরও বলেন, যে লোক কোন অন্যায় কাজ করার পূর্বে তার গুনাহর কথা ভেবে তাওবা করে সে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়।
(৩) তিনি আরও বলেন, যে ব্যক্তি আরাম ও নিরাপত্তার নিয়তে ইবাদত করে এবং ইবাদত করার পরে আত্মগৌরব করে, সে আল্লাহর নিকট থেকে দূর হয়ে যায়। যে ব্যক্তি ইবাদত করে নিজেকে আবেদ বলতে চায় সে পাপী ব্যক্তি। যে ব্যক্তি গুনাহর কাজ করে লজ্জিত হয়ে পড়ে সে আল্লাহর বাধ্যগতের শামিল হয়ে যায়।
(৪) কোন লোক জাফর ছাদেক (রহঃ)-এর কাছে জিজ্ঞেস করেছিল, ধৈর্যশীল গরীব দরবেশ এবং কৃতজ্ঞ ধনী ব্যক্তির মধ্যে আপনার মতে কোন ব্যক্তি বেশী উত্তম? তিনি জবাব দিলেন, ধৈর্যশীল দরবেশের মরতবা বেশী যেহেতু সে কেবল দিবা-নিশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে। পক্ষান্তরে কৃতজ্ঞ মালদারগণ অনেক সময়ই ধন-দৌলতের ভাবনা ও হিসাব-নিকাশে মূল্যবান সময় নষ্ট করে।
(৫) তিনি বলেন, আল্লাহর যিকিরের অর্থ হল, আল্লাহর স্মরণ করতে গিয়ে অন্য যে কোন বস্তুকে একেবারে ভুলে যাওয়া।
(৬) তিনি বলেন, পাঁচ শ্রেণীর লোকের সঙ্গে সংস্রব রেখ না। যথাঃ (ক) মিথ্যাবাদীর সাথে চলা-ফেরা করলে, তার কথা বিশ্বাস করে তুমি ক্ষতিগ্রস্ত হবে। (খ) কৃপণ শুধু নিজের মাল সঞ্চয় ও স্বীয় লাভের জন্য তোমার ক্ষতি করবে। (গ) নির্দয় বিপদের কালে তোমার প্রতি দয়া না করে তোমার সর্বনাশ করবে। (ঘ) কাপুরুষ প্রয়োজনের সময় সে তোমার কোন কাজে আসবে না। তোমাকে মুসীবতে ফেলে রেখে সে নিজের নিরাপত্তার খোঁজে থাকবে। (৬) ফাসেকের লালসার সীমা নেই, নিজের স্বার্থে তোমাকে হত্যা করতে পারে।
হযরত জাফর ছাদেক (রহঃ) বলেন, আল্লাহ তায়ালা দুনিয়াতেই বেহেশত ও দোজখের আলামত মৌজুদ রেখেছেন। যেমন মানুষের সুখ ও শান্তিই হল বেহেশতের আলামত। বেহেশতে এই সুখ-শান্তিই ভোগ করা যাবে আর মানুষের দুঃখ-অশান্তি, কষ্ট-ক্লেশই হল দোজখের আলামত। কেননা দোজখে কেবল মানুষ ওগুলোই ভোগ করবে।
তবে বেহেশতের অধিকারী শুধু সেই ব্যক্তিই হবে, যে তার যাবতীয় কাজ আল্লাহর হাতে সমর্পণ করবে। আর দোজখের অধিবাসী হবে সেই ব্যক্তি যে তার কাজ-কর্মগুলোকে নফসের (কুপ্রবৃত্তির) হাতে সোপর্দ করবে।
সোর্স : তাযকেরাতুল আউলিয়া
মূল : হযরত শেখ ফরীদউদ্দিন আত্তার (রহমাতুল্লাহি আলাইহ)
অনুবাদ : মাওলানা নূর মোহাম্মদ ফরিদী
Sufibadi.com